চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরে মাদক, বিশেষ করে ইয়াবার ব্যবসা রমরমা হয়ে উঠেছে। মোট বন্দির বড় একটি অংশ মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত হওয়ায় কারাগারের ভেতরে মাদকের চাহিদা কমানো সম্ভব হচ্ছে না। বিভিন্ন পন্থায় কারাগারে ঢোকানো হচ্ছে ইয়াবার চালান। আগে এক শ্রেণির কারারক্ষীদের মাধ্যমে ছোট আকারে ইয়াবার চালান পাঠানো হলেও হালে কৌশল বদলেছে মাদক কারবারিরা।
বাইরের ব্যবসায়ী আর ভেতরে বন্দি থাকা ব্যবসায়ীদের সমন্বয়ে বড় একটি সিন্ডিকেট গড়ে তুলেছে তারা। বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দিতে আসা বন্দিদের পেটের ভেতরে করে পাঠানো হচ্ছে ইয়াবার চালান। এছাড়া এক শ্রেণির মানুষকে ছোট-খাটো চুরি-ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার করিয়ে তাদের পেটে করেও ভেতরে পাঠানো হচ্ছে ইয়াবা।
কারবারিদের নানাবিধ কৌশল নিয়ে কারা কর্তৃপক্ষও বেশ উদ্বিগ্ন। কারণ ৫০ থেকে ১০০টি ইয়াবা একত্রে করে ছোট ছোট ক্যাপসল বানিয়ে সেগুলো খেয়ে অথবা পায়ুপথে ঢুকিয়ে নেওয়া হচ্ছে কারাগারে। এ অবস্থায় পেটের ভেতর কোনো ক্যাপসল ফেটে গেলে সেই কারাবন্দির মৃত্যু পর্যন্ত হতে পারে বলে কর্তৃপক্ষ মনে করে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্র জানিয়েছে, ৩১ অক্টোবর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মোট বন্দির পরিমাণ ছিল ৭,৭০০ জন। চলতি বছরের ১০ মাসে মোট বন্দির পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়—প্রতিমাসে গড়ে বন্দি থাকছেন ৭,০০০ জন। এর মধ্যে প্রায় ৩৫ শতাংশই মাদক মামলার আসামি। ১৫ শতাংশ ব্যবসায়ী বাকিরা মাদকাসক্ত বা মাদক সংশ্লিষ্ট বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। এর বড় একটি অংশ রোহিঙ্গা নাগরিকও।
ব্যবসায়ীদের মধ্যে অর্ধেকের বেশি আবার মাদকাসক্ত। ফলে কারাগারের ভেতরে মাদকের চাহিদা ব্যাপক। দামও বেশি। বাইরের খোলা বাজারে একটি ইয়াবা ট্যবলেট ১২০ থেকে ১৫০ টাকায়
বিক্রি হলেও কারাগারের ভেতরে তার দাম ২০০ টাকার বেশি। আর এ কারণে সেখানে মাদক ব্যবসায়ীদের বড় একটি সিন্ডিকেট গড়ে উঠেছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারকে কেন্দ্র করে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক বছরের বেশি সময় কারাভোগের পর সম্প্রতি মুক্তি পাওয়া এমন অন্তত পাঁচ জন বন্দি ও কারাগারে মাদক সরবরাহে জড়িত দুজন বন্দির সঙ্গে কথা বলে জানা গেছে কারাগারে মাদক ব্যবসার আদ্যপান্ত। তারা জানান, কারাগারে মাদক সরবরাহ বহু আগে থেকেই চলে আসছে। এক সময় কতিপয় অসাধু কারারক্ষী এই ব্যবসার নিয়ন্ত্রণ করতো। কিন্তু জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার আমলে দেশের সবগুলো কারাগারে বড় ধরনের পরিবর্তন হয়েছে।
পুরোনো কারা কর্তৃপক্ষ ও কারারক্ষীদের অদল-বদল করা হয়েছে। এই সুযোগে এই সিন্ডিকেটের নিয়ন্ত্রণ চলে গেছে মাদক কারবারিদের হাতে। বিশেষ করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মাদক ব্যবসা পুরোটাই তারা নিয়ন্ত্রণ করছে। কারণ এই কারাগারের বন্দিদের বড় অংশটিই কোনো না কোনোভাবে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট। মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও বাহকদের একাংশ একই গণ্ডির মধ্যেই বসবাস করছে। এই কারণে তাদের মধ্যে নিবিড় যোগাযোগ রয়েছে। এই সুযোগটাই কাজে লাগাচ্ছে বাইরের মাদক কারবারিরা।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে আসেন মাদক মামলার এক আসামি। তিনি নিজে বাহক বা ক্যারিয়ারের দায়িত্ব পালন করতেন। কারাগারের ভেতরেও মাদক বহন করেন বিভিন্ন পন্থায় নাম প্রকাশ না করার শর্তে আমার দেশকে জানান, তার বাড়ি কর্ণফুলী উপজেলায়। আনোয়ারা, কর্ণফুলী, পটিয়া কেন্দ্রিক একটি মাদক কারবারি চক্রের সঙ্গে তার যোগাযোগ। এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। কারবারিরাই তার জামিনের ব্যবস্থা করতেন। আগে দ্রুত জামিনে বেরিয়ে এলেও এবার জামিনের তদবির করছেন না। বরং তার মাধ্যমে কারাগারে ইয়াবার সাপ্লাই দেয় ওই চক্রটি।
এই আসামি জানান, আদালতে হাজিরা দিতে এলে কৌশলে ছোট ছোট ক্যাপসুল আকারের ৫০ থেকে ৮০টি ইয়াবার কয়েকটি করে ক্যাপসুল তার কাছে পৌঁছে দেয় তারা। ছোট আকারের ক্যাপসলগুলো খেয়ে ও বড় আকারের ক্যাপসলগুলো হাজতখানার বাথরুমে গিয়ে পায়ুপথে ঢুকিয়ে কারাগারে ফিরে যান তিনি। পরে মলত্যাগের মাধ্যমে ক্যাপসুলগুলো বেরিয়ে এলে ইয়াবাগুলো নির্ধারিত লোকের কাছে পৌঁছে দেন তিনি। এমন বেশ কয়েকজন ক্যারিয়ার আছেন যারা একই পন্থায় বিভিন্ন মামলার ধার্য তারিখে আদালতে এসে ইয়াবার চালান নিয়ে যান কারাগারে।
ইয়াবা বহনের সঙ্গে যুক্ত সন্দ্বীপ এলাকার আরেকজন কারাবন্দি জানান, বাইরের বেশ কয়েকটি সিন্ডিকেট কারাগারের ভেতর ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করেন। যেসব ব্যবসায়ীর বাহক সরাসরি কারাগারে নেই, তারা বিভিন্ন মামলায় কৌশলে তাদের নিজস্ব ক্যারিয়ারদের বিভিন্ন থানার অভিযানে গ্রেপ্তার করান। গ্রেপ্তার হলে পরদিন সকালে থানা হাজতে গিয়ে খাবারের সঙ্গে ইয়াবার ক্যাপসুল দিয়ে আসেন।
তারাও পেটের ভেতরে করে ওইসব ক্যাপসুল কারাগারে নিয়ে যান। একবারে ৫টি থেকে ৬টি করে ক্যাপসুলে আনুমানিক ৪০০ ইয়াবার চালান একজন ক্যারিয়ার তার পেটে বহন করতে পারেন বলে জানান তিনি। তিনি আরো জানান, একবার ৫-৬টি ক্যাপসুল শরীরের ভেতরে ঢোকালে একসঙ্গে সবগুলো ক্যাপসুল বের হয় না। অনেক সময় দুই থেকে তিন দিন পর্যন্ত সময় লাগে।
রাজনৈতিক মামলায় এক বছরের কাছাকাছি সময় কারাভোগ করা লালখান বাজারের আব্দুর রহমান ও পাহাড়তলী এলাকার আলম শেখ জানান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মধ্যে ইয়াবার যোগান অনেকটা ওপেন সিক্রেট। প্রতি পিস ২০০ থেকে ২২০ টাকায় ইয়াবা বেচাকেনা হয়। একটু পুরনো ও প্রভাবশালী বন্দিরা নিজেদের কাছে টাকা রাখেন। সেই টাকা দিয়েই সরাসরি কেনাবেচা করেন। অন্যরা সিগারেটের বিনিময়ে ইয়াবা বেচাকেনা করেন। যেমন এক প্যাকেট সিগারেট দিলে একটি ইয়াবা দেয়া হয়। এছাড়া পিসি কার্ডেও ইয়াবার টাকা লেনদেন করা হয়।
তবে ভেতরে থাকা ব্যবসায়ীদের কেউ কেউ তাদের টাকা লেনদেন করতে কমিশনের বিনিময়ে কারারক্ষীদের সহায়তা নেন। ক্যারিয়াররা ইয়াবার চালান বহন করে ভেতরে নিয়ে আসেন। অন্য একটি পক্ষ কেনা-বেচা করে। লেনদেন করে বাইরের আরেকটি পক্ষ। সবমিলিয়ে তিন পক্ষ মিলে একটি সিন্ডিকেট করে কারাগারের ভেতরের ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণ করে বলে জানান তিনি।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ জানান, গত এক বছর ধরে বন্দিদের মধ্যে ইয়াবা বহনের প্রবণতা বাড়ছে। বিষয়টি নিয়ে কারা কর্তৃপক্ষ সতর্ক আছে। প্রতিদিনই ছোট বড় ইয়াবার চালান উদ্ধার হচ্ছে। তবে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৪৪টি বড় ইয়াবার চালান আটক করেছে কারা কর্তৃপক্ষ।
৩১১টি ক্যাপসুল থেকে উদ্ধার করা হয়েছে ১৫ হাজার ৫৫০ পিস ইয়াবা। ৪৪ জন কারবারির বিরুদ্ধে থানায় মামলাও দায়ের করা হয়েছে এদের মধ্যে ৩ জন মহিলা কারবারি রয়েছে। এছাড়া ২০-৩০ পিসের ছোট চালান প্রতিদিনই দু-তিনটি করে উদ্ধার করা হচ্ছে।
তিনি জানান, বিষয়টি নিয়ে কারা কর্তৃপক্ষ উদ্বিগ্ন। কারণ এসব ক্যাপসুল কারোর পেটে ফেটে গেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। কারাগারের ভেতর মাদকের প্রচলন ঠেকাতে তল্লাশি বহুগুণে বাড়নো হয়েছে। এছাড়া আদালতে হাজিরা কিংবা নতুন বন্দি এলে কারোর প্রতি সন্দেহ হলে কিংবা আচরণ অস্বাভাবিক হলে দুই দিন পর্যন্ত আলাদা পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এতে কিছুটা সুফল আসতে শুরু করেছে বলেও দাবি করেন তিনি।
ডিআইজি প্রিজন ছগির মিয়া জানান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ধারণক্ষমতা ২,২৪৯ জন। কিন্তু গড়ে বন্দি থাকছে সাত হাজারের বেশি। একই আওতার মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, বাংলাদেশি এমনকি বিদেশি বন্দিরাও থাকছেন। ফলে মাদকের অনেক চাহিদা সেখানে রয়েছে। যেখানে চাহিদা থাকে সেখানে যোগান রোধ করা কঠিন। কারাগারের সক্ষমতা বাড়ানোর একটি পরিকল্পনা চলছে।
তিনি বলেন, আমরা মাদক মামলার আসামিদের জন্য আলাদা কারাগার ও রোহিঙ্গা নাগরিকদের জন্য আলাদা কারাগারের প্রস্তাব দিয়েছি। কারণ রোহিঙ্গা নাগরিকরা ইয়াবার অন্যতম উৎস। রোহিঙ্গা ও মাদক মামলার আসামিদের জন্য আলাদা কারাগার তৈরি করা গেলে কারাগারে মাদকের প্রবণতা অনেকাংশে কমে আসবে।
এই প্রস্তাব বাস্তবায়নের আগে বর্তমানে অধিকতর তল্লাশি আর সন্দেহজনক বন্দিদের কোয়ারেন্টাইনের মাধ্যমে নির্ধারিত সময় পর্যন্ত পর্যবেক্ষণের পন্থা অবলম্বন করা হচ্ছে। ইতোমধ্যে কুমিল্লা কারাগারে মাদক মামলার বন্দিদের আলাদা করে রাখার কাজ শুরু হয়েছে। সেখানে সুফলও মিলছে বলে জানান ডিআইজি প্রিজন।