Image description

আন্ডারওয়ার্ল্ডের আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম ফের গ্রেপ্তারের পর অপরাধজগতে তার নতুন করে তৎপরতার প্রসঙ্গ সামনে এসেছে।

সোমবার ভোরে থাই এয়ারওয়েজে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ তাকে বিমানবন্দর থেকে আটক করে। তাকে পরে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার নিউমার্কেট এলাকায় চলতি বছরের ২৮ এপ্রিল রাতে খুন হন আরেক শীর্ষ সন্ত্রসী খন্দকার নাঈম আহমেদ টিটন। সেই খুনের মামলায় তদন্তে নাম আসায় আসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

প্রায় ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর সুইডেন আসলাম আত্মগোপনে ছিলেন। তবে, এই সময়ে তার বিরুদ্ধে দখল, চাঁদাবাজি, হত্যার হুমিক, ভয়ভীতি প্রদশর্নের কয়েকশ অভিযোগ পেয়েছে পুলিশ। পুলিশ রেকর্ড ও গোয়েন্দা তথ্যে তিনি ছিলেন মোস্ট ওয়ান্টেড। সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে তাকে বিমানবন্দরে আটক করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন শীর্ষ সন্ত্রাসীকে ধরতে অভিযান ও গোয়েন্দা কার্যক্রম চলছে।

কারামুক্তির পর নতুন অভিযোগ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক কর্মকর্তা বলছেন, সুইডেন আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়ে অন্তত শতাধিক অভিযোগ রয়েছে ডিএমপি কমিশনারের কার্যালয়ে। তার বিরুদ্ধে অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে মোস্ট ওয়ান্টেড মনে করে পুলিশ।

আন্ডারওয়ার্ল্ডে বিরোধ

খুন হওয়া শীর্ষ সন্ত্রাসী টিটন ও তার ভগ্নিপতি আরেক ‘শীর্ষ সন্ত্রাসী’ সানজিদুল ইসলাম ইমন মোহাম্মদপুরের ‘সন্ত্রাসী চক্র’ হারিছ-জোসেফ গ্রুপে যুক্ত ছিলেন। টিটনের তৎপরতা ছিল ধানমণ্ডি ও হাজারীবাগ এলাকায়।

এ ছাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনের নামে বর্তমানে মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ এলাকায় ব্যাপক চাঁদাবাজি ও জমি দখলের ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে আন্ডারওয়ার্ল্ডেও চলছে অস্থিরতা। সন্ত্রাসীদের কাছে রয়েছে একাধিক অস্ত্রের চালান।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে এসব সন্ত্রাসীরা তৎপর এমন তথ্যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তাদেরকে আটকের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরসহ সব সীমান্ত এলাকায় শীর্ষ সন্ত্রাসীদের ব্যাপারে কড়া নজরদারি করা হচ্ছে। পাসপোর্ট ‘স্টপ লিস্ট’ করা হয়েছে।

পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করে জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর যে জন শীর্ষ সন্ত্রাসী কারামুক্ত হয়েছে তাদের বাইকে আটকের চেষ্টা চলছে। এর মধ্যে আসলাম ছাড়া ইমন এবং পিচ্চি হেলালকে ধরতে পুলিশ ও গোয়েন্দাদের একাধিক টিম কাজ করছে।

আসলামের উত্থান

নব্বইয়ের দশকে ঢাকার রাজাবাজার, ফার্মগেট, তেজগাঁও ও কারওয়ান বাজার এলাকায় তার প্রভাব ছিল। ১৯৮৬-৮৭ সালের দিকে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় অপরাধজগতে তার উত্থান ঘটে। তার বিরুদ্ধে নয়টি হত্যা মামলাসহ মোট ২২টি মামলার তথ্য রয়েছে। এর আগে কিছুদিন সুইডেনে অবস্থান করে দেশে ফেরার পর তার নামের সঙ্গে ‘সুইডেন’ যুক্ত হয়। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলায়।

নব্বইয়ের দশকে কারওয়ান বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধজগতের নিয়ন্ত্রণ নিয়ে তার নাম আলোচনায় আসে। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে পুলিশ যে ২৩ ‘শীর্ষ সন্ত্রাসীর’ তালিকা প্রকাশ করে তাতে আসলাম ও টিটন দুজনেরই নাম রয়েছে।