Image description

২০২৪ সালের ৫ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ২৩ নভেম্বর। সময়টা দুই বছরেরও বেশি। আন্ডারওয়ার্ল্ড কাঁপানো অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম এতদিন কোথায় আত্মগোপনে ছিলেন। পুলিশের দাবি, ঢাকাতেই আত্মগোপনে ছিলেন তিনি। রবিবার ( ২২ নভেম্বর) দিবাগত রাতে থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর যে কয়েকজন শীর্ষ সন্ত্রাসী কারাগার থেকে ছাড়া পান তার মধ্যে সুইডেন আসলাম ছিলেন অন্যতম। 

এছাড়া জামিন পেয়ে ২০২৪ সালের ১২ অগাস্ট কারাগার থেকে বেরিয়ে আসেন কিলার আব্বাস। ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি গ্রেফতার হয়েছিলেন তিনি।

১৩ অগাস্ট মুক্তি পান ফ্রিডম রাসু। ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর গ্রেফতার হয়েছিলেন তিনিও।

১৪ অগাস্ট মুক্তি পান ইমন। ২০০৭ সালের ৮ ডিসেম্বর কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি ফ্ল্যাট থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ২০০৮ সালের ৭ মার্চ ইমনকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেই থেকে কারাগারে ছিলেন তিনি। 

১৫ অগাস্ট মুক্তি পান পিচ্চি হেলাল। ২০০০ সালের ১২ জানুয়ারি গ্রেফতার হয়েছিলেন তিনি।

৩রা সেপ্টেম্বর মুক্তি পান সুইডেন আসলাম। ১৯৯৭ সালের ২৬ মে গ্রেফতার হয়েছিলেন তিনি। 

১৯ ডিসেম্বর মুক্তি পান ফ্রিডম সোহেল। ২০০৪ সালে টাঙ্গাইলের মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিলেন। 

কারামুক্তির দিনই আলোচনায় আসেন সোহেল। বাড্ডার আলাতুন্নেসা স্কুল এলাকায় তার অনুসারীদের চালানো গুলিতে গুরুতর আহত হন স্থানীয় বাসিন্দা ফারহান ফয়সাল। মায়ের সাথে দেখা করতে গিয়েছিলেন সোহেল। স্থানীয় বাসিন্দাদের সঙ্গ বাকবিতণ্ডায় তার অনুসারীরা ওই ঘটনা ঘটায়।

এই শীর্ষ সন্ত্রাসীরা বন্দি ছিলেন কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে।

শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে জিসান ২০০৩ সাল থেকেই দেশের বাইরে আছেন। 

কারামুক্তি পর শীর্ষ সন্ত্রাসীদের আধিপত্যে খুনের পর খুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজধানীতে অন্তত তিন ডজন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যার নেপথ্যে ছিল পেশাদার অপরাধীরা। এর মধ্যে অন্তত ১১টিই ছিল হত্যার ঘটনা। অন্য ঘটনাগুলোর মধ্যে রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে গুলি, বোমা বিস্ফোরণ, কোপানো ও সশস্ত্র মহড়া। ১১টি হত্যা মামলার মধ্যে আটটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং তিনটি থানা পুলিশ তদন্ত করছে।

চাঞ্চল্যকর এই ১১টি হত্যাকাণ্ডের একটিতেও এখন পর্যন্ত আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি পুলিশ। এসব খুনের নেপথ্যে উঠে এসেছে ঝুট ব্যবসা, ময়লা, ডিশ ও ইন্টারনেট নেটওয়ার্কের আধিপত্য, গণপরিবহন চাঁদাবাজি, কোরবানির পশুর হাটের ইজারা, ঠিকাদারি এবং নির্মাণ খাত থেকে অবৈধ অর্থ আদায়ের তীব্র দ্বন্দ্ব। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে শীর্ষ সন্ত্রাসীদের সংশ্লিষ্টতা ও চাঁদাবাজির ভাগ-বাটোয়ারার কথা স্বীকার করলেও, নেপথ্যের মূল পরিকল্পনাকারী কোনও শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। 

তবে গোয়েন্দা পুলিশের দাবি, তারা ইতোমধ্যে সাতটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছেন এবং মাঠপর্যায়ের শুটার ও সহযোগীদের গ্রেফতার করা হয়েছে। যদিও আইনি প্রক্রিয়ায় কোনও মামলার তদন্তই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি। 

রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সুযোগে অপরাধ জগতে নিয়ন্ত্রণ পুনপ্রতিষ্ঠাকে কেন্দ্র করে রাজধানীর রায়েরবাজার, নিউমার্কেট, বাড্ডা, পল্লবী ও তেজগাঁওয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটেছে। ঝুট ব্যবসা, ডিশ-ইন্টারনেট নেটওয়ার্কের আধিপত্য, ফুটপাত ও গণপরিবহন থেকে চাঁদা আদায়, হাটের ইজারা এবং নির্মাণ খাতের অবৈধ অর্থ ভাগ-বাটোয়ারা নিয়ে শীর্ষ সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যকার রক্তক্ষয়ী দ্বন্দ্বই মূলত এসব চাঞ্চল্যকর খুনের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে।

এদিকে কারওয়ান বাজার, ফার্মগেট, রাজাবাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর, গ্রিন রোড ও পান্থপথ এলাকায় একক আধিপত্য বিস্তার করেন সুইডেন আসলামের।

কোথায় ছিলেন সুইডেন আসলাম 

পুলিশের একটি সূত্র বলছে, কারাগার থেকে বের হওয়ার পর ঢাকাতেই আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম। বেশ কয়েকবার গ্রেফতারের চেষ্টাও করা হয়েছিল। 

সূত্র জানায়, পূরাণ ঢাকার লালবাগ ও চকবাজার এলাকায় তার অবস্থান রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানও চালানো হয়েছিল। কিন্তু তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
 
পুলিশের এক কর্মকর্তা বলছেন, এখন যেহেতু তাকে গ্রেফতার করা গেছে সেহেতু অনেক হত্যাসহ গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে। তিনি কোথায় ছিলেন, কে তাকে শেল্টার দিয়েছে সবকিছুই খোলাসা হবে।