Image description

বেসরকারি খাতে ২০ লাখ টনের পেট্রোকেমিক্যাল রিফাইনারি করতে তিন বছর ধরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পেছনে ঘুরছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজেআই)। ২০২৩ সালের বেসরকারি জ্বালানি নীতিমালা হওয়ার আগেই রিফাইনারি করার আগ্রহ প্রকাশ করে আবেদন করলেও এখনো সরকারের সায় পায়নি দেশের শীর্ষ শিল্প গ্রুপটি।

বেসরকারি রিফাইনারি নীতিমালা অনুযায়ী নতুন করে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে এমজেআই। মেঘনা গ্রুপের আবেদনের বিষয়ে জাগো নিউজের অনুসন্ধানে দেখা যায়, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিবেদন জমা দিতে বিলম্ব হওয়ায় বিপিসির এক কর্মকর্তাকে শাস্তির মুখে পড়তে হয়েছে। 

নীতিমালা হওয়ার আগে আবেদন

বিপিসি, জ্বালানি মন্ত্রণালয় ও মেঘনা রিফাইনারিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পর্যালোচনা করে জানা যায়, বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩’ প্রজ্ঞাপন হয় ২০২৩ সালের ১৫ নভেম্বর। তার তিন মাস আগে ওই বছরের ১৬ আগস্ট বেসরকারি খাতে আমদানিনির্ভর ক্রুড অয়েল পরিশোধের মাধ্যমে জ্বালানি তেল মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন কার্যক্রম পরিচালনা ও পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদনের জন্য বার্ষিক ২০ লাখ মেট্রিক টন ক্ষমতার ‘মেঘনা রিফাইনারি ও পেট্রোকেমিক্যাল’ প্ল্যান্ট স্থাপনের প্রাথমিক অনুমতি/সম্মতি চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল।

 

ওই বছরের ১ নভেম্বর মেঘনা গ্রুপের আবেদনের বিষয়ে প্রতিবেদন চেয়ে বিপিসিকে চিঠি দেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এর পরের ১৯ নভেম্বর ফিজিবিলিটি স্টাডি, সাইট প্ল্যান, প্রজেক্ট প্রোফাইল, লে-আউট প্ল্যান, প্রস্তাবিত রিফাইনারির ভূমির মালিকানা ও লিজ সংক্রান্ত তথ্য চেয়ে মেঘনা গ্রুপকে চিঠি দেন বিপিসির তৎকালীন মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।

পরবর্তীসময়ে মেঘনা গ্রুপ থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়ার পর ২০২৪ সালের ১৮ মার্চ প্ল্যান্ট স্থাপনের প্রস্তাবিত স্থান সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার জন্য তিন সদস্যের কমিটি গঠন করে বিপিসি। কমিটিতে ওই সময়ে বিপিসির মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মো. আমীর মাসুদকে আহ্বায়ক, একটি বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. আপেল মামুনকে সদস্য সচিব এবং ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপক (প্রসেস কন্ট্রোল-০১) প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেনকে সদস্য করা হয়।

২৭ মাস পর প্রতিবেদন বিপিসির

প্রস্তাবিত মেঘনা পেট্রোকেমিক্যাল রিফাইনারির বিষয়ে ২০২৪ সালের মার্চ মাসে কমিটি গঠন হলেও এর মধ্যে দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। সবশেষ ওই বছরের ৫ আগস্ট সরকারের পতন হয়। পরবর্তীসময়ে পরিদর্শন প্রতিবেদন জমা দিতে বিলম্ব হওয়ায় প্রতিবেদনের বিষয়ে অগ্রগতি জানতে চেয়ে ২০২৫ সালের ১৭ এপ্রিল বিপিসি চেয়ারম্যানকে পুনরায় চিঠি দেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

 

এরপর ২০২৫ সালের ২১ মে বিপিসির কমিটি ফিজিবিলিটি স্টাডি, সাইট প্ল্যান, প্রজেক্ট প্রোফাইল, লে-আউট প্ল্যান, প্রস্তাবিত রিফাইনারির ভূমির মালিকানা ও লিজ সংক্রান্ত তথ্য চেয়ে মেঘনা গ্রুপকে পুনরায় চিঠি দেয় বিপিসির গঠিত কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. আমীর মাসুদ। পরবর্তীসময়ে ১১ সেপ্টেম্বর বিপিসির কমিটি মেঘনা রিফাইনারির প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। সবশেষ চলতি বছরের (২০২৬ সাল) ১৫ জুন প্রতিবেদন দেয় বিপিসির কমিটি।

মেঘনা পেট্রোকেমিক্যাল রিফাইনারির আবেদনের বিষয়ে বিপিসির একটি প্রতিবেদন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানো হয়। সেটি বর্তমানে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। বিষয়টি নিয়ে বিপিসির কাছে নতুন কোনো নির্দেশনা নেই।-বিপিসির চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম

গত ২৬ জুন বিপিসির ওই সময়ের চেয়ারম্যান মো. রেজানুর রহমান স্বাক্ষরিত এক পত্রে প্রতিবেদনটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের কাছে জমা দেওয়া হয়। পরবর্তীসময়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশে প্রতিবেদন জমা দেওয়ার বিলম্বের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন করে বিপিসি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, দেশে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি মেঘনা গ্রুপের কাছে চাওয়া ডকুমেন্ট যথাযথভাবে না পাওয়ার কারণে প্রতিবেদন বিলম্বিত হয়েছে।

এ বিষয়ে জাগো নিউজের কথা হয় বিপিসির বর্তমান চেয়ারম্যান ড. রফিকুল ইসলামের। গত ৭ সেপ্টেম্বর তিনি বিপিসিতে যোগ দেন। তিনি বলেন, ‘মেঘনা পেট্রোকেমিক্যাল রিফাইনারির আবেদনের বিষয়ে বিপিসির একটি প্রতিবেদন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানো হয়। সেটি বর্তমানে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। বিষয়টি নিয়ে বিপিসির কাছে নতুন কোনো নির্দেশনা নেই।’

 

তবে সুপার পেট্রোকেমিক্যালের প্রাথমিক অনুমতির বিষয়ে তিনি বলেন, ‘উৎপাদিত পণ্য শতভাগ বিপিসিকে দেবে- ওই শর্তে সুপার পেট্রোকেমিক্যালকে প্রাথমিক অনুমতি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।’

নতুন করে আবেদন করার জোর প্রস্তুতি

মন্ত্রণালয় থেকে যাবতীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য আমাদের চিঠি দেওয়া হয়েছে। আমরা সবগুলো কাগজপত্র সংগ্রহ করার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। বেশ কিছু ডকুমেন্ট সংগ্রহ করেছি। দ্রুততম সময়ে আমরা নীতিমালা অনুযায়ী সবগুলো ডকুমেন্ট মন্ত্রণালয়ে আমরা জমা দেবো।-মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উপ-মহাব্যবস্থাপক মো. মজিবুর রহমান

২০২৩ সালের আবেদনের পর তিন বছর পেরিয়ে গেলেও রিফাইনারি নির্মাণের বিষয়ে মন্ত্রণালয় থেকে প্রাথমিক অনুমতি কিংবা সম্মতি পায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। নতুন করে আনুষঙ্গিক চিঠি চেয়ে মেঘনা গ্রুপকে চিঠি দেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এরপর নীতিমালা অনুযায়ী নতুন করে আবেদনের প্রস্তুতি নিচ্ছেন তারা। ইতোমধ্যে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ শেষপর্যায়ে বলে জানায় মেঘনা গ্রুপ।

 

এ নিয়ে কথা হলে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উপ-মহাব্যবস্থাপক মো. মজিবুর রহমান জাগো নিউজকে বলেন, ‘মন্ত্রণালয় থেকে যাবতীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য আমাদের চিঠি দেওয়া হয়েছে। আমরা সবগুলো কাগজপত্র সংগ্রহ করার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। বেশ কিছু ডকুমেন্ট সংগ্রহ করেছি। দ্রুততম সময়ে আমরা নীতিমালা অনুযায়ী সবগুলো ডকুমেন্ট মন্ত্রণালয়ে আমরা জমা দেবো।’

তিনি বলেন, ‘আমরা আইন-বিধি মেনে কাজ করছি। পাঁচটি কোম্পানি রিফাইনারি করার জন্য আবেদন করেছে। যারা কাগজপত্র যথাযথভাবে দেবেন তাদের রিফাইনারি করতে দেবে। কিন্তু সুপার পেট্রোকেমিক্যাল আইন ভঙ্গ করেছে। তারা কাগজপত্র ছাড়াই কোনো নিয়ম-নীতি তোয়াক্কা না করেই রিফাইনারি বানিয়ে ফেলছে। তবে আমরা আইন মেনেই সবকিছু করবো।’