আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছেন ট্রাইব্যুনাল। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন ব্যারিস্টার ফুয়াদ। তাঁর বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল তাঁকে সতর্ক করেন এবং ভবিষ্যতে বিচারপ্রক্রিয়া নিয়ে এ ধরনের মন্তব্য না করার নির্দেশ দেন।
নিজের ব্যাখ্যায় ফুয়াদ বলেন, গত ২৮ অক্টোবর একটি রাজনৈতিক সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও ভুক্তভোগীদের নিয়ে কথা বলেছিলেন তিনি। তবে ট্রাইব্যুনালে ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’—এমন কোনো বক্তব্য দেননি বলে দাবি করেন।
বিভিন্ন গণমাধ্যমে তাঁর বক্তব্য ভুলভাবে এসেছে বলেও জানান তিনি।
ফুয়াদ আরও বলেন, ট্রাইব্যুনালকে লক্ষ্য করে কথা বলার কোনো উদ্দেশ্য তাঁর ছিল না। তিনি পুরো বিচারব্যবস্থা নিয়ে কথা বলেছেন এবং টিআইবির একটি প্রতিবেদন উদ্ধৃত করে দুর্নীতির বিষয়টি তুলে ধরেছেন।
এ পর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’—এ ধরনের বক্তব্য গুরুতর অপরাধ।
আদালত অবমাননার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড হয়েছে উল্লেখ করে ট্রাইব্যুনাল বলেন, আদালত অবমাননা করলে কারাগারে যেতে হয়।
ফুয়াদ একজন আইনজীবী ও ব্যারিস্টার উল্লেখ করে ট্রাইব্যুনাল বলেন, একজন সম্মানিত ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশিত নয়। রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে সম্মান করার পাশাপাশি কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন বিচারকরা। কারণ, কোনো ব্যক্তির বক্তব্যে একটি প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা নষ্ট হতে পারে।
পরে নিজের মন্তব্যকে ‘স্লিপ অব টাং’ বলে উল্লেখ করেন ফুয়াদ। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি বিচারব্যবস্থাকে যেকোনো ধরনের সহায়তা করার কথাও জানান।
এর আগে গত ১ নভেম্বর স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদকে তলব করেন ট্রাইব্যুনাল-১। তাঁকে সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য ৪ নভেম্বর দিন ধার্য করা হয়েছিল।
তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় সেদিন হাজির হয়ে ব্যাখ্যা দিতে আরও সময় চান তাঁর আইনজীবীরা। পরে ২৩ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেওয়ার সময় ফুয়াদ ‘বস্তায় বস্তায়’ বা ‘কোটি কোটি টাকা’ লেনদেনের অভিযোগ তুলেছিলেন। তাঁর বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করা হয় বলে জানিয়েছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
শীর্ষনিউজ