Image description

বিদেশে যাওয়ার পথে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়া আলোচিত সুইডেন আসলামকে এবার নিউ মার্কেটের টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির মিডিয়া বিভাগ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়।

এর আগে রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম।


ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, থাইল্যান্ড যাওয়ার জন্য থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটের টিকিট কেটেছিলেন তিনি। পরে বিমানবন্দরে ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। সোমবার (২৩ নভেম্বর) সকালে ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।পুলিশ জানায়, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নিউ মার্কেটের টিটন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

উল্লেখ্য, সুইডেন আসলাম একসময় রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে আলোচনায় ছিলেন।

দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

শীর্ষনিউজ