Image description

ঢাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে শতাধিক অভিযোগ পেয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা বিভাগ।

রোববার (২২ নভেম্বর) গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁকে ডিএমপির গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানান, রাত আড়াইটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিদেশে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। পরে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, সুইডেন আসলামকে দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, থাইল্যান্ডের ব্যাংকক হয়ে তাঁর মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল। বিষয়টি যাচাই করা হচ্ছে।

গোয়েন্দা বিভাগের এই কর্মকর্তা আরও জানান, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ডিএমপি কমিশনারের কার্যালয়ে সুইডেন আসলামের বিরুদ্ধে শতাধিক অভিযোগ জমা পড়েছে। এ ছাড়া অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও পেয়েছে পুলিশ।পুলিশের তৎপরতার মধ্যে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন সুইডেন আসলাম। তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হন আসলাম। এরপর প্রায় ১৯ বছর কারাভোগ করেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান তিনি।

শীর্ষনিউজ