আওয়ামী লীগ-সেনাবাহিনীর একটি চক্র দেশকে অস্থিতিশীল করে ১/১১-এর মতো সরকার গঠনে কাজ করছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক ওলিউল্লাহ নোমান।
তিনি বলেছেন, ‘এই পরিকল্পনা নিয়ে পর্দার আড়ালে আলাপ আলোচনাও চলমান আছে। শেখ হাসিনা অনুমোদন করে দিয়েছেন। এতে ভারত সার্বিক সহযোগিতা করবে।’
গতকাল শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ওলিউল্লাহ নোমান লেখেন, “গভীর ষড়যন্ত্রের একটু আভাস পেলাম। আজকে এক জায়গায় কথা বলতে বলতে এই পরিকল্পনার কথা জানা গেল। তাদের প্রথম পরিকল্পনা অনুযায়ী জুলাই সনদ ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছে। জুলাইয়ের পক্ষের শক্তির মধ্যে বিবাদ ও রেষারেষি তৈরি করতে ১০০% সফল হওয়ার পর দ্বিতীয় ধাপের পরিকল্পনা বাস্তবায়নে এখন মাঠে সক্রিয়।”
তিনি বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, সেনাবাহিনীর একটি চক্র, প্রশাসনের একটি চক্র মিলেমিশে এই চক্রান্ত বাস্তবায়নে কাজ করেছে। দ্বিতীয় ধাপের টার্গেট হলো দেশকে অস্থিতিশীল করা। সরকারকে ব্যর্থ প্রমাণ করা। (যা ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে বলা শুরু হয়েছে)। কিছু সুশীল দিয়ে টেলিভিশন, পত্রিকায় আওয়ামী লীগের পক্ষে বয়ান উৎপাদন করা। (যা বেশ কিছু দিন থেকে শুরু হয়েছে)।”
তিনি আরও বলেন, “সেনাবাহিনী ক্ষমতা নিয়ে ১/১১ টাইপের একটা সরকার প্রতিষ্ঠা করা। যেখানে কথিত সুশীল (মূলত কট্টর আওয়ামী ভারতপন্থি) উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাবেন। ওই সরকার আওয়ামী লীগকে স্বাভাবিক করে নেওয়ার জন্য সবরকমের ব্যবস্থা নিবে। তারপর কথিত ইনক্লুসিভের নামে আওয়ামী লীগসহ নির্বাচন করা। প্রয়োজনে বিরোধী দলে আওয়ামী লীগকে বসানো।”
ওলিউল্লাহ নোমান বলেন, “এই পরিকল্পনা নিয়ে পর্দার আড়ালে আলাপ আলোচনাও চলমান আছে। শেখ হাসিনা অনুমোদন করে দিয়েছেন। এতে ভারত সার্বিক সহযোগিতা করবে।”