হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে ‘নীলাচল’ পরিবহনের এক হেল্পারের বিরুদ্ধে। ওই ছাত্রীকে গালিগালাজ ও বাস থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে পরিবহনটির ৯টি বাস আটকে দিয়েছেন কলেজের শিক্ষার্থীরা। শনিবার (২১ নভেম্বর) সকালে বাসগুলো আটক করে কলেজ ক্যাম্পাসে নিয়ে আসেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা নীলাচল পরিবহনের বাস চলাচল বন্ধ করে দেন।
ভুক্তভোগী শিক্ষার্থী ফাল্গুনী আক্তার বৃষ্টি (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) গণমাধ্যমকে জানান, শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। সাধারণত তিনি ঠিকানা পরিবহনে যাতায়াত করেন। তবে সেদিন ঠিকানা পরিবহনের বাস বন্ধ থাকায় অথবা বাসে জায়গা না থাকায় নীলাচল পরিবহনের একটি বাসে ওঠেন।
ফাল্গুনী জানান, বাসের হেল্পার তাঁকে হাতের ইশারায় কোথায় যাবেন জানতে চাইলে তিনি সাভারে যাওয়ার কথা জানান। পরে হেল্পার তাঁকে বাসে উঠিয়ে নেন। কিছুক্ষণ পর বাসে একজন যাত্রী উঠে শিক্ষার্থীদের হাত তুলতে বলেন। তখন তিনি নিজেকে শিক্ষার্থী পরিচয় দিয়ে হাত তোলেন এবং হেল্পারের কাছে পরিচয়পত্র দেখান। আইডি কার্ড শো করার পরে উনি বলে আমাকে স্টুডেন্ট ভাড়া দিতে। আমি স্টুডেন্ট ভাড়া হাফ ভাড়া যেটা দেই ওটা দিয়েছি, যে ৩০ টাকা নিয়মিত আমি ঠিকানা বাসে দেই ওইটা দিয়েছি। কিন্তু উনি আমাকে বলে যে ৪৫ টাকা।’
ভাড়া নিয়ে আপত্তি জানালে হেল্পার তার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন ফাল্গুনী। তিনি বলেন, ‘আমি জাস্ট বলেছি যে ঠিকানা বাসে আমি তো ৩০ টাকা দিয়ে যাতায়াত করি, তাহলে আপনি কেন ৪৫ টাকা চেয়েছেন? জাস্ট এই কথাটা বলার জন্য উনি আমাকে কী বলেছে? ১০ টাকা মুখে ছুড়ে দিয়ে বলেছে, বাস থেকে নেমে যাবি গাবতলী। মানে উনি আমার সঙ্গে তুই-তোকারি। আমি বলেছি আপনি তো নিজে বলে উঠিয়েছেন, তাহলে আপনি কেন আমাকে নেমে যেতে বলছেন? যখন আমি এই কথাটা বলছি উনি বলছে যে তুই নামবি তোর বাপসহ নেমে যাবে।’
ফাল্গুনী আরও অভিযোগ করেন, হেল্পার তাকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়েও কটূক্তি করেন। তিনি বলেন, ‘কত ঢাকা ভার্সিটি স্টুডেন্ট আসলো গেল কিছু করতে পারল না, তুই কোন ভার্সিটি স্টুডেন্ট কী করবি দেখা যাবে।’
ওই সময় বাসের অন্য যাত্রীরা প্রতিবাদ করলে হেল্পার তাদের সঙ্গেও চড়াও হন বলে জানান তিনি। একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়। তিনি বলেন, ঘটনার সময় বাসের এক যাত্রী তাকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করার পরামর্শ দেন। তবে পুরো ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং কান্নাকাটি করেন। পরে বিষয়টি কলেজের হল সুপার, নিজ বিভাগ ও কলেজের অধ্যক্ষকে জানান।
ভুক্তভোগী শিক্ষার্থী আরও বলেন, এ ধরনের ঘটনা শুধু তার সঙ্গে নয়, অন্য নারী শিক্ষার্থীদের সঙ্গেও নিয়মিত ঘটে। তাই তিনি একা কোনো দাবি জানাতে চান না। শিক্ষার্থীরা সবাই মিলে পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান। একই সঙ্গে বাসের কর্মীদের যথাযথ প্রশিক্ষণ ছাড়া নিয়োগ দেওয়া হচ্ছে কি না? যারা স্টুডেন্টের সঙ্গে ভালো ব্যবহার করতে পারছে না, মিসবিহেভ করতেছে, স্টুডেন্টের সম্মান করতে জানছে না, মানে তাদের কেন নিয়োগ দিচ্ছে?