কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে রেকর্ড ৫১ বস্তা টাকা। শনিবার সকাল ৭টায় দানবাক্সগুলো খোলার পর গণনা শুরু হয়। প্রথম তিন ঘণ্টায় গণনা করা হয়েছে ১০ কোটি টাকা। এখনো চলছে গণনার কাজ।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে রূপালী ব্যাংকের ডিজিএম ও জোনাল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। পরে সেখান থেকে পাওয়া টাকা বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে আনা হয়। সকাল ৯টায় গণনার কাজ শুরু হয়।
সেই হিসাবে তিন ঘণ্টায় ১০ কোটি টাকা গণনা করা হয়েছে।
মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী আল জামিয়াতুল এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ছয় শতাধিক মানুষ গণনার কাজে অংশ নিয়েছেন।
অন্যান্যবারের মতো এবারও নির্ধারিত সময়ের আগেই দানবাক্সগুলো পূর্ণ হয়ে যাওয়ায় লোহার ১০টি দানবাক্সের পাশাপাশি অতিরিক্ত পাঁচটি টিনের বাক্স বসানো হয়েছিল।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় পাগলা মসজিদের ১০টি লোহার দানবাক্স ও অতিরিক্ত পাঁচটি টিনের বাক্সসহ মোট ১৫টি বাক্স খোলা হয়।
সেগুলো থেকে পাওয়া যায় ৫১ বস্তা টাকা। পরে মসজিদ কমপ্লেক্সের দোতলায় এনে গণনার কাজ শুরু হয়।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ। এ সময় বিপুলসংখ্যক র্যাব, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাগলা মসজিদের দানবাক্সে দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি স্বর্ণ ও রুপার অলংকারও দান করেন ভক্ত ও দর্শনার্থীরা। নির্দিষ্ট সময় পরপর দানবাক্স খোলা হয় এবং সংগৃহীত অর্থ মসজিদের তহবিলে জমা রাখা হয়।
শীর্ষনিউজ