‘এই জীবনে আমি তোমাকে কখনও ভুলতে পারব না! স্বর্ণা। আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন। আমিন। ’—এমন আবেগঘন প্রার্থনা লেখা একটি চিঠি পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে।
শনিবার (২১ নভেম্বর) সকালে চার মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। পরে সেখান থেকে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী বাছাইয়ের সময় বেনামে লেখা চিঠিটি পাওয়া যায়।
সাদা কাগজে হাতে লেখা ছোট্ট চিঠিতে এক ব্যক্তি তার প্রেমিকাকে ভুলতে না পারার কথা জানিয়েছেন। একই সঙ্গে আল্লাহর কাছে স্বর্ণার মনে নিজের জন্য জায়গা করে দেওয়ার প্রার্থনা করেছেন তিনি।
চিঠির কয়েকটি লাইনে ফুটে উঠেছে কারও প্রতি গভীর ভালোবাসা, আবেগ ও মনের একান্ত আকাঙ্ক্ষা। পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ অর্থের পাশাপাশি প্রায়ই মানুষের ব্যক্তিগত অনুভূতি ও মনের কথা লেখা এমন চিঠিও পাওয়া যায়।
নানা নিয়ত, মানত ও প্রার্থনা নিয়ে মানুষ পাগলা মসজিদে দান করেন। এসব দানের সঙ্গে কখনো কখনো পাওয়া যায় মানুষের ব্যক্তিগত আশা-আকাঙ্ক্ষা ও না-বলা কথার প্রকাশ।
স্বর্ণাকে নিজের মনে জায়গা দেওয়ার আকুতি জানিয়ে লেখা চিঠিটিও তেমনই একটি নিদর্শন।
মনোবাসনা পূরণের আশায় প্রতিদিন হাজার হাজার মানুষ পাগলা মসজিদে নামাজ আদায় ও দান করতে আসেন। বিশেষ করে শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এখানে নামাজ পড়তে ও দান করতে আসেন।
শীর্ষনিউজ