Image description
দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও খুলেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটিতে যেতে আগ্রহীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রমও শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে মালয়েশিয়া যেতে খরচের সীমা ১ লাখ ৫৪ হাজার টাকা বেঁধে দেওয়া হয়েছে এরই মধ্যে।
 
কিন্তু বাস্তবতা কী বলছে? মালয়েশিয়া যেতে আগ্রহী কর্মীদের কাছে কত টাকা চাচ্ছে স্থানীয় দালাল চক্র কিংবা রিক্রুটিং এজেন্সি বা তাদের প্রতিনিধিরা?
 
তবে মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীরা অভিযোগ করে বলেন, ‘মেডিকেলে ফিট হওয়ার পর মালয়েশিয়া যেতে পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ হতে পারে। অথচ সরকারি নির্ধারিত খরচ এর চেয়ে কম। এ বিষয়ে কিছু বলতে গেলে তারা বলেন, সরকারি নির্ধারিত খরচে যেতে পারলে যান। সেই খরচ চার থেকে পাঁচ লাখ টাকা। তবে মেডিকেলে আনফিট হলে আর যাওয়া সম্ভব হবে না। সব মিলিয়ে ছয় থেকে সাত লাখ টাকার মতো খরচ হতে পারে। যদিও এখনো কেউ নিশ্চিত করে কিছু বলেননি। এর আগে একবার আট লাখ টাকা খরচের কথাও শুনেছিলাম। তবে পরে সেই খরচ কমে এসেছে।’
 
তবে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য তালিকাভুক্ত এজেন্সিগুলো বলছে ভিন্ন কথা। সরকার নির্ধারিত ফিকে স্বাগত জানিয়ে তারা বলছেন, মূলত মধ্যস্বত্বভোগী বা দালালদের কারণেই বেড়ে যায় অভিবাসন খরচ।
 
 
এ বিষয়ে আল সুপ্ত ওভারসিজের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ মজুমদার বলেন, ‘অবশ্যই আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব। আমরাও চাই, বাংলাদেশ থেকে শ্রমিকেরা যেন স্বল্প অভিবাসন ব্যয়ে বিদেশে যেতে পারেন।’
খেলা খবর
 
অন্যদিকে, নেইবার অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তাজুল ইসলাম বলেন, ‘আমরা সরাসরি সাধারণ কর্মীদের পাই না। বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে তারা আমাদের কাছে আসেন। ধরুন, একজন আমার কাছ থেকে একটি রেট জানলেন। এরপর তিনি আবার অন্য একজনের মাধ্যমে কর্মী পাঠানোর ব্যবস্থা করলেন। এভাবে কয়েকটি হাত ঘুরে কর্মী আমাদের কাছে আসেন। ফলে অভিবাসন ব্যয় বেড়ে যায়।’
 
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো রিক্রুটিং এজেন্সির অনিয়ম পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
 
তিনি বলেন, ‘আপনারা প্রমাণসহ আমার কাছে আসুন। এরপর আমি কী ব্যবস্থা নিই, তা দেখবেন। আমাকে এমন একটি নথি দিন, যেখানে প্রমাণ থাকবে যে কোনো নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এ ধরনের অনিয়ম করা হচ্ছে। আপনারা স্থিরচিত্র ধারণ করে প্রমাণও দিতে পারেন।’
 
এ ছাড়া নভেম্বরের শেষ সপ্তাহে মালয়েশিয়াগামীদের ফ্লাইট শুরু হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ নভেম্বর মাসের শেষ সপ্তাহে, ২৫ তারিখ অথবা ২৭-২৮ তারিখে প্রথম ফ্লাইট পরিচালিত হতে পারে। বিমান ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থাপনার ওপর বিষয়টি নির্ভর করছে। প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা প্রথম ফ্লাইটে কর্মীদের শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠাব।’
সরকারি আদেশ দেখুন
 
মালয়েশিয়ার অভিবাসন ব্যয় সীমিত রাখতে সরকারি নজরদারি জোরদারের তাগিদ খাতসংশ্লিষ্টদের।