Image description

ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে লক্ষ্মীপুরের তরুণী সুমাইয়া আক্তারকে বিয়ে করেছেন চীনা নাগরিক ফাং ওয়েনজুন। বিয়ের আগে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নতুন নাম রেখেছেন আব্দুর রহমান। ভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির বাধা পেরিয়ে তাঁদের প্রেম ও বিয়ের ঘটনা লক্ষ্মীপুরে আলোচনার জন্ম দিয়েছে।

সংগৃহীত নথিপত্র অনুযায়ী, চীনের জিয়াংসু প্রদেশের নাগরিক ফাং ওয়েনজুন গত ১৮ নভেম্বর লক্ষ্মীপুরে নোটারি পাবলিকের সামনে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে হলফনামা দাখিল করেন।

এতে তিনি উল্লেখ করেন, কোনো ধরনের চাপ বা জোরজবরদস্তি ছাড়াই সম্পূর্ণ নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে আব্দুর রহমান। তবে পাসপোর্ট ও অন্যান্য নথিপত্রে আগের নাম ফাং ওয়েনজুন বহাল রয়েছে।

হলফনামায় তিনি মহান আল্লাহর একত্ববাদে বিশ্বাস এবং হজরত মুহাম্মদ (সা.)-কে আল্লাহর সর্বশেষ রাসুল হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা উল্লেখ করেছেন।

একই সঙ্গে ইসলামের মৌলিক বিশ্বাস ও নীতিমালা নিষ্ঠার সঙ্গে অনুসরণের অঙ্গীকার করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমাইয়া আক্তারের বাবার নাম মুক্তার হোসেন এবং মায়ের নাম তাসলিমা আক্তার। লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকার চরভূতা গ্রামে তাঁদের বাড়ি। তিন ভাইয়ের একমাত্র বোন সুমাইয়া।

স্থানীয়দের ভাষ্য, বিয়ের পর বর্তমানে তিনি নানার বাড়িতে বেড়াতে এসেছেন।

আব্দুর রহমান ওরফে ফাং ওয়েনজুনের সঙ্গে সুমাইয়ার বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর আশপাশের মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির দুই মানুষ ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে নতুন জীবন শুরু করেছেন।

সুমাইয়া আক্তার জানান, অনলাইনে চীনা নাগরিক ফাং ওয়েনজুনের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে ফাং তাঁর কাছে বাংলাদেশ সম্পর্কে জানতে চান। সুমাইয়া তাঁকে বিস্তারিত তথ্য জানানোর পর তিনি বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন এবং বিয়ের প্রস্তাব দেন।

সুমাইয়া বলেন, ‘পরে আমি তাকে বলি, তুমি দেশে এলে ইসলাম ধর্ম গ্রহণ করলে আমি রাজি। একপর্যায়ে সে আমার সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে চলে আসে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ধর্মীয় নিয়ম মেনেই আমরা বিয়ে করেছি। ’

শীর্ষনিউজ