রাজধানী ঢাকায় রাজনৈতিক সহিংসতা ও নাশকতার নতুন আতঙ্ক হয়ে উঠেছে ককটেল বিস্ফোরণ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য বলছে, গত তিন মাসে রাজধানীতে ১২১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মামলা হয়েছে ১০৭টি, গ্রেপ্তার করা হয়েছে ১৯৬ জনকে। সবচেয়ে উদ্বেগজনক চিত্র নভেম্বরের প্রথম ১৬ দিনে। এ সময়েই ঘটেছে ৮৫টি বিস্ফোরণ, যা গত দুই মাসের মোট ঘটনার চেয়েও অনেক বেশি।
পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকায় বিস্ফোরিত এসব ককটেলের একটি অংশ রাজধানীর বাইরে তৈরি হয়ে ঢাকায় আসছে। বিশেষ করে সাভার, কেরানীগঞ্জসহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে ককটেল তৈরির কাজ চলছে। আর
এটি তৈরির কাঁচামাল আসছে পদ্মার ওপার থেকে। পুলিশের তালিকায় রয়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলা ও আশপাশের কয়েকটি জেলার নাম। এসব হাতবোমা তৈরির সঙ্গে জড়িত কারিগর, সরবরাহকারী এবং নিক্ষেপকারীদের নিয়ে গড়ে উঠেছে একটি বিস্তৃত নেটওয়ার্ক।
নভেম্বরের ১৬ দিনেই ৮৫ বিস্ফোরণ
ডিএমপির পরিসংখ্যানে দেখা যায়, সেপ্টেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত রাজধানীতে ১২১টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এসব ঘটনায় ১০৭টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন ১৯৬ জন। একই সময়ে উদ্ধার করা হয় ৭৫টি অবিস্ফোরিত ককটেল।
তবে নভেম্বরের প্রথম ১৬ দিনেই পরিস্থিতির নাটকীয় অবনতি ঘটে। এ সময় ৮৫টি ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে ৭৯টি। গ্রেপ্তার হয়েছেন ১৩০ জন। উদ্ধার করা হয়েছে ৫২টি অবিস্ফোরিত ককটেল।
সাভার-কেরানীগঞ্জে ককটেল তৈরি
সংশ্লিষ্ট সূত্র বলছে, রাজধানীতে ককটেল বিস্ফোরণের পেছনে শুধু নিক্ষেপকারীরাই নয়, রয়েছে উৎপাদন, সরবরাহ ও অর্থায়নের আলাদা নেটওয়ার্ক। ডিএমপির তালিকায় ককটেল তৈরির সঙ্গে জড়িত অর্ধশতাধিক কারিগরের নাম রয়েছে। ঢাকার আশপাশে কেরানীগঞ্জ, সাভার, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে ককটেল তৈরির কারখানায় এসব তৈরি হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধারণা, রাজধানীর বাইরের কারিগরদের সংখ্যা শতাধিক হতে পারে। ককটেল তৈরির কাঁচামাল সরবরাহের ক্ষেত্রেও নাম এসেছে একাধিক এলাকার। বিশেষ করে শরীয়তপুরের জাজিরা উপজেলা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলা থেকে কাঁচামাল আসার তথ্য নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।
চাহিদা বাড়ায় সক্রিয় কারিগর
চলমান রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার মধ্যে ককটেল তৈরির কারিগরদের চাহিদা বেড়েছে। সঙ্গে এসব হাতবোমার দামও বেড়েছে। সূত্র বলছে, ককটেল এখন আর শুধু আতঙ্ক সৃষ্টির উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে না। বিভিন্ন স্থানে বিস্ফোরিত ও উদ্ধার করা ককটেলে আঘাত হানতে সক্ষম স্প্লিন্টার থাকার বিষয়টি উদ্বেগ তৈরি করেছে নতুন করে। ছোট ধাতব টুকরা, তারকাঁটা ও কাচের মতো উপাদান ব্যবহারের কারণে বিস্ফোরণে ঝুঁকি বাড়ছে আশপাশের মানুষের গুরুতর আহত হওয়ার।
বিস্ফোরক বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অনুযায়ী, আগে ককটেল বিস্ফোরণের প্রধান উদ্দেশ্য ছিল শব্দ ও ধোঁয়ার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা। কিন্তু সাম্প্রতিক সময়ে উদ্ধার হওয়া কিছু ককটেলে পাওয়া গেছে আঘাত করার উপযোগী উপাদান। সম্প্রতি নিষ্ক্রিয় করা কিছু ককটেলে স্প্লিন্টারের উপস্থিতি দেখা গেছে।
টাকার বিনিময়ে নিক্ষেপকারী নিয়োগের অভিযোগ
ককটেল বিস্ফোরণের ঘটনায় শুধু রাজনৈতিক কর্মী নয়, অর্থের বিনিময়ে ভাড়াটে নিক্ষেপকারীদের ব্যবহার করার অভিযোগও এসেছে। কিছু ক্ষেত্রে ছিন্নমূল শিশু-কিশোর এবং ভাড়ায়চালিত মোটরসাইকেল রাইডারদেরও ব্যবহার করা হচ্ছে। প্রতি ককটেল নিক্ষেপের জন্য ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দেওয়ার অভিযোগ রয়েছে। ফলে অর্থের প্রলোভনে অনেকে ঝুঁকিপূর্ণ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর মতে, এই প্রবণতা বিশেষভাবে উদ্বেগজনক। কারণ এতে প্রকৃত পরিকল্পনাকারী ও অর্থদাতারা আড়ালে থেকে যাচ্ছেন, আর অর্থের বিনিময়ে কাজ করা ব্যক্তিরা সরাসরি ঝুঁকির মুখে পড়ছেন। শিশু-কিশোরদের ব্যবহারে তাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে তৈরি হচ্ছে বড় প্রশ্ন।
তদন্তে রাজনৈতিক সংশ্লিষ্টতা
রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিএমপি। তারা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইব্রাহিম হোসেন মুন, যুবলীগ নেতা মেঘলা মিলি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মামুন অর রশীদ।
ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুই কেজির বেশি গানপাউডার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেন্দ্রীয় পর্যায়ের নেতাদেরও সম্পৃক্ততা রয়েছে বলে তদন্তসংশ্লিষ্টদের দাবি।
চার জেলায় বিশেষ নজরদারি
শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায় নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে তথ্য আদান-প্রদানের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
রাজধানীতে চেকপোস্ট, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে ডিএমপি। ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেছেন, নাশকতা ঠেকাতে বাড়ানো হয়েছে চেকপোস্টের সংখ্যা। মোবাইল পার্টিগুলো সক্রিয় রয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে, যাতে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের আগেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা যায়।
পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাও নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেছেন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সন্দেহভাজনদের শনাক্তকরণ, ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।
নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন
নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর। সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) কামারুম মুনিরা বলেছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে জনগণের জানমাল এবং সরকারি-বেসরকারি সম্পদ রক্ষায় পুলিশ সতর্ক থাকবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সচেতন থাকবে।
ভাঙতে হবে পুরো নেটওয়ার্ক
বিশেষজ্ঞ ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এখন বড় চ্যালেঞ্জ শুধু বিস্ফোরণের পর অপরাধীদের গ্রেপ্তার করা নয়; বরং নাশকতার আগেই পুরো নেটওয়ার্ক শনাক্ত করা। একই সঙ্গে বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত কাঁচামালের সরবরাহ বন্ধ, সন্দেহজনক লেনদেনের তদন্ত, শিশু-কিশোরদের অপরাধে ব্যবহার প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।