গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ভয়ংকর নাশকতা এবং দুটি থানা ভাঙচুর, অস্ত্র লুট ও অগ্নিকাণ্ডের ঘটনায় সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জ গেছেন চার বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
গতকাল শুক্রবার সকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর অবস্থানে যাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে গোয়েন্দা তৎপরতা শুরু হয়েছে। আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে পরিস্থিতির আরো অবনতি বা নতুন করে সহিংসতা দেখা দিলে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়েও গতকাল চার বাহিনীর শীর্ষ কর্মকর্তা দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন।
পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার পরিদর্শনকালে আইজিপি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন এবং সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া বা আক্রান্ত থানাগুলো পরিদর্শন করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সহিংস ঘটনার প্রেক্ষাপটে গতকাল গোপালগঞ্জে উচ্চপর্যায়ের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আইজিপি, এসআরবি মহাপরিচালক ও বিজিবি মহাপরিচালকসহ গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময়ে শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেন আইজিপি আলী হোসেন। বৈঠককে কেন্দ্র করে সার্কিট হাউস এলাকায় কড়া নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়।
গোপালগঞ্জ সার্কিট হাউসে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে বিকালে ঢাকার উদ্দেশে রওনার সময় নিজ গাড়িতে বসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আছে। আগামী দিনেও পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে তিনি আশাবাদী। শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে যারা অশান্তি সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। অশান্তি সৃষ্টিকারীর সংখ্যা খুব বেশি নয় বলেও তিনি মন্তব্য করেন।
থানায় অগ্নিসংযোগের বিষয়ে আইজিপি বলেন, থানা জনগণের সেবার জন্য। সে থানা নিজেরাই পুড়িয়ে দিলে পুলিশ কীভাবে সেবা দেবে? একটি এলাকায় লাখ লাখ মানুষ থাকলেও থানায় পুলিশ সদস্যের সংখ্যা সীমিত থাকে। উদাহরণ দিয়ে তিনি বলেন, কোনো এলাকায় ১০ লাখ মানুষ থাকলেও থানায় হয়তো ২০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। জনগণের মানসিক ও সার্বিক সহযোগিতা ছাড়া এত অল্পসংখ্যক পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা কঠিন।
আইজিপি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা জরুরি। সরকার জনগণের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, এর আগেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে, সেসব কর্মসূচির পরিণতি সবার জানা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে যেতে হয়, এমন পরিস্থিতি তৈরি না করার জন্যও উপস্থিত সবার প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে বেলা ১১টার দিকে এ শীর্ষ কর্মকর্তারা গোপালগঞ্জ পুলিশলাইনসে অনুষ্ঠিত পুলিশের কল্যাণ সভায় যোগ দেন। বেলা ৩টার দিকে তারা স্থানীয় সার্কিট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তারা।
সূত্রমতে, গত কয়েক দিনের সহিংসতার পর বৃহস্পতিবার রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। কোথাও নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। শহরে ওষধু ও খাবারের দোকান ছাড়া বাকি দোকানপাট বন্ধ ছিল। শহরের প্রধান সড়কগুলো দিয়ে রিকশা ও ইজিবাইক চললেও অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা যায়নি। গত কয়েক দিনের সহিংসতায় শহরে সাধারণ মানুষের উপস্থিতিও কম ছিল। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হননি। ফলে শহরের রাস্তা-ঘাট পুরোপুরি ফাঁকাই দেখা গেছে।
এর আগে বুধবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীরা দুটি থানাসহ সংসদ সদস্য, বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। বিভিন্ন স্থানে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে মহাসড়কে অবরোধ সৃষ্টি করা হয়। নিরাপত্তার কারণে পরিবহন মালিকেরা দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখেন।
এতে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, পিরোজপুর, নড়াইলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীরা ভোগান্তিতে পড়েন। মহাসড়কের বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান আটকা পড়ে। প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল সকাল ৬টা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকা ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল শুরু হয়।
ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে এবং গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মওদুদ হোসেন রিন্টু জানান, শহরের ভেতর দিয়ে দক্ষিণের চার জেলার বাস চলাচল শুরু হয়েছে। জেলার অভ্যন্তরীণ ছয়টি পথেও বাস চলছে।
ভাঙচুর ও অবরোধের কারণে মহাসড়কে ফেলে রাখা গাছ সরিয়ে বৃহস্পতিবার রাতের মধ্যেই সড়ক পরিষ্কার করা হয়। এরপর আটকেপড়া যানবাহন চলাচল শুরু করে। তবে নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী কিছু বাস গোপালগঞ্জ ও পদ্মা সেতু এড়িয়ে যশোর, মাগুরা ও আরিচা হয়ে চলাচল করে। একই সময়ে খুলনা থেকে ঢাকার উদ্দেশে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনও ছেড়ে যায়নি।