Image description

একই পয়েন্টে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য। কারও পরনে হালকা জলপাইরঙা শার্ট, সঙ্গে খাকি প্যান্ট। কারও গায়ে গাঢ় নীল শার্ট, সঙ্গে খাকি প্যান্ট। আবার কারওবা পরনে আয়রন গ্রে শার্ট ও কফি-বাদামি প্যান্ট। একইভাবে কখনো কখনো একই গাড়িতে থাকা পুলিশ সদস্যদের দেখা যাচ্ছে ভিন্ন রঙের ইউনিফর্মে। বারবার পোশাকের রঙ ও নকশা পরিবর্তন, বিতরণে ধীরগতি এবং গ্রাম পুলিশ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বেসরকারি নিরাপত্তাকর্মীদের পোশাকের সঙ্গে হুবহু মিল থাকায় চরম বিভ্রান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। তাদের মনে প্রশ্ন— কারা পুলিশ আর কারা অন্য বাহিনীর সদস্য? এমন প্রেক্ষাপটে আগামী ডিসেম্বরের মধ্যে মহানগর এবং জেলা পুলিশের সব সদস্যের মধ্যে নতুন পোশাক পৌঁছে দেওয়ার কথা বলেছে পুলিশ সদর দপ্তর।

মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশের পোশাকের রঙের এ বিভ্রান্তি বাড়ছে অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থার ইউনিফর্মের সঙ্গে মিল থাকায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের পরনে দেখা যায় আয়রন গ্রে শার্ট ও কফি-বাদামি প্যান্ট। গ্রাম পুলিশ সদস্যদের পোশাকেও রয়েছে নীল শার্ট ও খাকি রঙের প্যান্টের মিল। এর বাইরে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীদের পোশাকের সঙ্গেও পুলিশের ইউনিফর্মের রঙের সাদৃশ্য রয়েছে। ফলে দূর থেকে দেখে অনেক সময় সাধারণ মানুষের পক্ষে বিভিন্ন বাহিনীর সদস্যদের আলাদা করা কঠিন হয়ে পড়ে। সড়কে দায়িত্বরত এবং বিভিন্ন অভিযানে থাকা পুলিশ কর্মকর্তা ও তার অধীনস্থ সার্জেন্ট, উপপরিদর্শক কিংবা কনস্টেবলকে পাশাপাশি দুই ধরনের পোশাকে দেখা যাচ্ছে। তাদের মধ্যে প্রকৃতপক্ষে কে পুলিশ সদস্য, তা নিয়ে দ্বিধায় পড়ছেন অনেক সাধারণ মানুষ। বিশেষ করে পুরান ঢাকার নিম্ন আদালতপাড়ায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের নিয়ে রীতিমতো ধন্দে পড়ছেন সাধারণ মানুষ।

নাম প্রকাশে অনাগ্রহী মাঠপর্যায়ের কয়েক পুলিশ সদস্য আগামীর সময়কে বললেন, অনেক সময় একই এলাকায় বিভিন্ন সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। তাদের পোশাকের রঙ কাছাকাছি হওয়ায় সাধারণ মানুষ সহজে বুঝতে পারেন না কে কোন বাহিনীর সদস্য। বিশেষ করে গ্রাম পুলিশ ও জেলা পুলিশের পোশাকে রঙের মিল থাকায় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। কোনো কোনো ক্ষেত্রে গ্রাম পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের দায়ও পোশাকের বিভ্রান্তিতে পুলিশের ওপর এসে পড়তে পারে বলে শঙ্কা তাদের।

শুধু সরকারি সংস্থা নয়, বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের পোশাক নিয়েও প্রশ্ন রয়েছে। আয়রন এবং কফি কালারের ইউনিফর্ম বসুন্ধরা গ্রুপের নিজস্ব সিকিউরিটির। এই পোশাকের সঙ্গে পুলিশের আগের পোশাক অনেকাংশে মিলে গেলেও এ নিয়ে কোনো তৎপরতা দেখায়নি তৎকালীন প্রশাসন। বেসরকারি নিরাপত্তা সেবা আইন, ২০০৬ কিংবা ১৮৬০ সালের দণ্ডবিধির ১৭১ ধারার সুস্পষ্ট লঙ্ঘনের পরও অনাজা কারণে এ বিষয়ে ছিল নীরবতা। 

পুলিশের একাধিক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেছেন, বিদ্যমান পুলিশ আইন ও বিশেষ নির্দেশনার (ডিএমপি অর্ডিন্যান্স) মাধ্যমে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তলব করে তাদের পোশাকের রঙ পরিবর্তনের নির্দেশনা দিতে পারত ডিএমপি কর্তৃপক্ষ।

রঙ ও নকশা পরিবর্তনের পর পুলিশের ইউনিফর্ম নিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বারবার। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় পুলিশের পোশাকে অন্তত পাঁচটি বড় পরিবর্তন বা সংশোধন এসেছে। সর্বশেষ ২০২৫ সালের নভেম্বরে চালু হওয়া আয়রন গ্রে শার্ট ও কফি-বাদামি প্যান্টের পোশাকও বেশি দিন টেকেনি। ২০২৬ সালের ১৮ জুন পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপনে আবারও পরিবর্তন আনা হয়। মহানগর পুলিশের জন্য হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্ট এবং জেলা পুলিশসহ নির্ধারিত অন্যান্য ইউনিটের জন্য গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্ট নির্ধারণ করা হয়।

কিন্তু নতুন পোশাক সবার কাছে পৌঁছায়নি। ফলে পুরনো ও নতুন ইউনিফর্ম পাশাপাশি দেখা যাচ্ছে। অন্য সংস্থার পোশাকের সঙ্গে রঙের মিল, কাপড়ের মান নিয়ে অভিযোগ এবং বিতরণে ধীরগতি— সব মিলিয়ে পুলিশের ইউনিফর্ম এবারও নতুন বিতর্কের মুখে।

খাকি প্যান্ট নিয়ে নতুন অভিযোগ

নতুন পোশাকের কাপড়ের মান নিয়েও অসন্তোষ রয়েছে সদস্যদের মধ্যে। কয়েকজন পুলিশ সদস্য জানালেন, খাকি রঙের প্যান্ট দ্রুত ময়লা হয়ে যায়। বিশেষ করে অভিযান ও যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সদস্যদের ঘন ঘন পোশাক ধুতে হয়। এতে কাপড়ের রঙ দ্রুত নষ্ট হচ্ছে। কাপড়ের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

এর আগে আয়রন গ্রে শার্ট ও কফি-বাদামি প্যান্টের কাপড় নিয়েও অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, কাপড় বেশি ঘন হওয়ায় গরমে অস্বস্তি হয় এবং ঘাম শোষণক্ষমতাও কম। ওই পোশাকের কাপড়ের আর্দ্রতা শোষণক্ষমতা চুক্তি অনুযায়ী ৬ থেকে ১০ সেন্টিমিটার হওয়ার কথা থাকলেও পরীক্ষায় ৪ দশমিক ৫ সেন্টিমিটার পাওয়া যায় বলে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। সুতার ঘনত্ব নির্ধারিত মানের চেয়ে কম থাকার অভিযোগও ওঠে। যদিও পরে আগের সরবরাহকারীরাই পুলিশের কাপড় সরবরাহ করেছেন। বর্তমানে শার্টের কাপড় সরবরাহ করছে নোমান গ্রুপ এবং প্যান্টের কাপড় সরবরাহ করছে প্যারামাউন্ট গ্রুপ। আর এসপিবিএন এবং এপিবিএনের পোশাকের কাপড় সরবরাহ করছে স্পেকটার্ম লিমিটেড।

এর আগে পুলিশ সদস্যদের একাধিক সংগঠন নতুন পোশাক পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। গত মার্চে ৬৪ জেলা ও বিভিন্ন ইউনিটে আয়োজিত কল্যাণ সভায় প্রায় দুই লাখ সদস্যের অংশগ্রহণে ভোট হয়। এতে ৯৬ শতাংশের বেশি সদস্য নতুন পোশাক বাতিল করে আগের পোশাকে ফেরার পক্ষে মত দিয়েছেন বলে জানা গেছে।

ডিসেম্বরের মধ্যে সবার নতুন পোশাক: বলছে সদর দপ্তর

পোশাকের রঙ বদলালেও মাঠপর্যায়ে বিতরণে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। রাজধানীর শাহবাগ, দোয়েল চত্বর, পল্টন, প্রেস ক্লাব, মৎস্য ভবন, বাংলামোটর ও ফার্মগেট এলাকায় দায়িত্ব পালন করা বেশিরভাগ পুলিশ সদস্যকে পুরনো পোশাকে দেখা গেছে। অন্যদিকে বিমানবন্দর ও মতিঝিল এলাকায় কিছু সদস্য নতুন পোশাক পরেছেন। ফলে একই শহরে একই বাহিনীর সদস্যদের একেক রকম ইউনিফর্মে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে।

পুলিশ সদর দপ্তরের দাবি, ৫ নভেম্বরের মধ্যে সব ইউনিটে নতুন পোশাকের কাপড় পৌঁছে দেওয়া হয়েছে। এখন চলছে সেলাইয়ের কাজ। যদিও পুলিশের মহানগর ইউনিটগুলোতে এখন পর্যন্ত প্রায় ৩৫ শতাংশ সদস্য নতুন পোশাক পেয়েছেন। বিশেষ করে সহকারী পুলিশ সুপার থেকে তদূর্ধ্ব কর্মকর্তাদের শুরুতেই নতুন পোশাক দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া শাখার সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) কামারুম মুনিরা আগামীর সময়কে বললেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে পুলিশের সব ইউনিটের সদস্যরা নতুন ইউনিফর্ম পেয়ে যাবেন। এর মধ্যে সব ইউনিটে সদস্যদের পোশাকের কাপড় পৌঁছে গেছে। এখন সেলাইয়ের কাজ চলছে।’

আয়রন গ্রে শার্ট ও কফি-বাদামি প্যান্টের কাপড়ের মান নিয়ে অভিযোগের বিষয়ে তার ভাষ্য— অভিযোগটি সত্য ছিল না।

স্বাধীনতার পর থেকে বারবার পরিবর্তন

বাংলাদেশ পুলিশের পোশাকের মূল রঙ দীর্ঘদিন ছিল খাকি। ১৯৭৬ সালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গঠনের পর মহানগর পুলিশের জন্য নীল শার্ট ও খাকি প্যান্ট চালু হয়। জেলা পুলিশ ও অন্য ইউনিটের সদস্যদের পোশাক ছিল খাকি শার্ট ও খাকি প্যান্ট।

২০০৪ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় আবার পোশাকে পরিবর্তন আসে। মহানগর পুলিশের শার্টের রঙ করা হয় গাঢ় নীল। প্যান্ট থাকে খাকি। জেলা পুলিশ ও অন্য ইউনিটের পোশাকে খাকি শার্ট-প্যান্ট বহাল রাখা হয়।

এরপর মহানগর পুলিশের জন্য হালকা জলপাই শার্ট ও গাঢ় নীল প্যান্ট এবং অন্য ইউনিটের জন্য গাঢ় ধূসর শার্ট ও গাঢ় নীল প্যান্ট চালু করা হয়। প্রায় ২১ বছর এই ব্যবস্থা চলার পর
২০২৫ সালের নভেম্বরে নতুন ইউনিফর্ম চালু হয়। তখন শার্টের রঙ নির্ধারণ করা হয় আয়রন গ্রে বা লোহা-ধূসর। প্যান্টের রঙ কফি শেল বা কফি-বাদামি।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়। পুলিশ সদর দপ্তর ১০ সদস্যের একটি কমিটি গঠন করে। কয়েকটি দেশের পুলিশের পোশাক পর্যালোচনা করে ১৮ ধরনের ইউনিফর্মের পরীক্ষামূলক ব্যবহার করা হয়। পরে পাঁচটি রঙের মধ্য থেকে নতুন পোশাকের রঙ চূড়ান্ত করা হয়। পোশাকের পাশাপাশি লোগোতেও পরিবর্তন আনা হয়।

গত ২৫ নভেম্বর নতুন পোশাকে মাঠে নামে পুলিশ। কিন্তু রঙ ও কাপড় নিয়ে মাঠপর্যায়ে অসন্তোষ দেখা দেয়। বিভিন্ন বৈঠকেও সদস্যরা আপত্তি জানিয়েছেন। পরে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আবারও পোশাক পরিবর্তনের দাবি জোরালো হয়। গত ১৮ জুন পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপনে নতুন পোশাকের রঙ সংশোধন করা হয়।

নতুন বিধান অনুযায়ী, মহানগর পুলিশের শার্ট হবে হালকা জলপাই রঙের, প্যান্ট খাকি। জেলা পুলিশসহ প্রজ্ঞাপনে নির্ধারিত অন্যান্য ইউনিটের শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি। তবে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি, র‍্যাবসহ কয়েকটি ইউনিটকে ওই নির্ধারিত বিধান থেকে আলাদা রাখা হয়েছে।

পোশাক বদল নয়, দরকার সুস্পষ্ট নীতি

জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের বিরুদ্ধে দমনপীড়নের অভিযোগ ওঠে। এরপর বাহিনীর কাঠামোগত সংস্কার, জবাবদিহি এবং জনগণের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের দাবি জোরালো হয়। সেই প্রেক্ষাপটে পোশাক পরিবর্তনকে সংস্কারের একটি দৃশ্যমান পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল। তবে বিশেষজ্ঞদের মতে, শুধু পোশাক বা লোগো পরিবর্তন করলেই পুলিশের গুণগত পরিবর্তন আসবে না। বাহিনীর সদস্যদের আচরণ, দায়িত্ব পালনের ধরন, জবাবদিহি ও জনসেবার মানেও পরিবর্তন আনতে হবে।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আশরাফুল হুদা বললেন, ‘শুধু রঙ বদলালে হবে না, প্রয়োজন মানসিকতার পরিবর্তন। তবে সাম্প্রতিক আন্দোলনের পর মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব কমাতে ইউনিফর্ম বদল প্রয়োজন ছিল।’

যদিও পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একাধিক কর্মকর্তার ভাষ্য, শুধু পোশাক পাল্টালে গুণগত পরিবর্তন আসে না। জনস্বার্থে পুলিশের অভ্যন্তরীণ সংস্কার জরুরি।