Image description

দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তির লক্ষণ দেখা যাচ্ছিল। টানা কয়েক বছর ঊর্ধ্বমুখী থাকার পর খাদ্য মূল্যস্ফীতি নেমে আসে ৫৪ মাসের সর্বনিম্ন ৬ দশমিক ৪০ শতাংশে। গতিহীন ব্যবসায়িক কর্মকাণ্ড চাঙ্গা হওয়ার আভাস মিলেছে। প্রবাসী আয়ও বাড়ছে ধীরে ধীরে। সব মিলিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে নানামুখী চাপে পড়া অর্থনীতি। অবশ্য স্বস্তির এই চিত্রের আড়ালে রয়েছে উদ্বেগও। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি এখনো ৯ দশমিক ৮৯ শতাংশে। বিপরীতে মজুরি বৃদ্ধির হার ৭ দশমিক ৬৩ শতাংশ। এতে সাধারণ মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতায় চাপ রয়েই গেছে। এর সঙ্গে রয়েছে ভূরাজনৈতিক উত্তেজনা, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং জ্বালানি বাজারের অস্থিরতা।

এমন পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও পোশাকশ্রমিকদের আন্দোলন অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়াকে নতুন করে অনিশ্চয়তায় ফেলছে। শিল্পাঞ্চলে কর্মবিরতি, কোনো কোনো কারখানায় ছুটি এবং ‘নো ওয়ার্ক নো পে’ পদ্ধতিতে চলে যাওয়ায় উৎপাদন ও সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটছে। বিদেশি ক্রেতাদের আস্থার জায়গায় কিছুটা হলেও চিড় ধরেছে। নতুন ক্রয়াদেশ কমে যাওয়ার আশঙ্কার পাশাপাশি ঝুঁকিতে পড়তে পারে আগামী কয়েক মাসের রপ্তানি আয়। অন্যদিকে রাজনৈতিক অনিশ্চয়তায় থমকে রয়েছে বিনিয়োগের গতি। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের অভিমত— স্থিতিশীলতার এ সংকট দীর্ঘায়িত হলে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর প্রাথমিক লক্ষণগুলোও ম্লান হয়ে যেতে পারে।

দেশের রপ্তানি আয়ের প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পে নতুন মজুরি কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন ঘিরে চলমান শ্রমিক আন্দোলন অর্থনীতিতে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর হিসাব অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত সাভার, আশুলিয়া, গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে ১৯৮টি কারখানায় ‘নো ওয়ার্ক নো পে’ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। এ ছাড়া ছুটি ঘোষণা এবং আবার চালু করা কারখানার সংখ্যা ২২৪টি। মালিকপক্ষের দাবি, শ্রমিক আন্দোলনের মুখে বাধ্য হয়েই কারখানা বন্ধ ও চালুর সিদ্ধান্ত নিতে হয়েছে।

এই অচলাবস্থায় উৎপাদন ব্যাহত হওয়া এবং নির্ধারিত সময়ে শিপমেন্ট করতে না পারার জটিলতায় রপ্তানি কার্যক্রমে স্থবিরতা নামার আশঙ্কা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) প্রাথমিক হিসাব বলছে, চলমান আন্দোলনে পোশাকশিল্পে প্রতিদিন প্রায় ২ হাজার থেকে ২ হাজার ২০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে এবং এর বাইরে আরও প্রায় ৩ হাজার থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

বিজিবিএ সভাপতি আবদুল হামিদ আগামীর সময়কে বলেছেন, ‘অস্থিরতার কারণে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের সক্ষমতা নিয়ে বিদেশি ক্রেতাদের মধ্যে নেতিবাচক ধারণা সৃষ্টি হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে নতুন ক্রয়াদেশ (অর্ডার) পাওয়ার ক্ষেত্রে। ক্রেতারা বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহের বিষয়ে অনিশ্চয়তায় পড়ছেন। এ সংকটের বিরূপ প্রভাব আগামী তিন মাসে দেশের সামগ্রিক রপ্তানি আয়ে প্রতিফলিত হতে পারে।’

২০২৬-২৭ অর্থবছরের মোট রপ্তানি লক্ষ্যমাত্রা ৫৮ বিলিয়ন ডলার, যার মধ্যে তৈরি পোশাক খাতের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬ দশমিক ৬ বিলিয়ন ডলার বা ৮০ দশমিক ৩৪ শতাংশ। এই রপ্তানি আয় বৈদেশিক মুদ্রার সরবরাহ ও রিজার্ভ ধরে রাখার প্রধান স্তম্ভ। আন্দোলনে উৎপাদন ও রপ্তানি ক্ষতিগ্রস্ত হলে বৈদেশিক মুদ্রা আয়ে ঘাটতি দেখা দেবে, যা বিনিময় হার ও আমদানি সক্ষমতার ওপর চাপ বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমন পরিস্থিতিতে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে দ্রুত আলোচনার মাধ্যমে শিল্পে স্থিতিশীলতা ফেরানো জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদ এম কে মুজেরী। তার মতে, রপ্তানি আয়ের বড় অংশেই আসে এ খাত থেকে। দেশের ভেতর চলমান পরিস্থিতি ক্রেতার কাছে ভিন্ন বার্তা যাচ্ছে। এ ছাড়া অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করবে।

এম কে মুজেরী মনে করেন, নতুন বিনিয়োগ হচ্ছে না, যে কারণে প্রবৃদ্ধি গতি ও কর্মসংস্থান বাড়ছে না। এর মধ্যে চলমান আন্দোলন ও রাজনৈতিক স্থিতিশীলতা সামগ্রিকভাবে উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছে। এতে অর্থনীতির গতিকে আরও দুর্বল এবং ব্যাহত করবে।

এদিকে বিনিয়োগের অন্যতম শর্ত হচ্ছে, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ। কিন্তু বর্তমান দেশের ভেতর অস্থিতিশীল হয়ে পড়ছে রাজনৈতিক পরিবেশ। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহিংস কর্মকাণ্ডে দেশ অস্থিতিশীল হয়ে উঠছে।

বর্তমান সরকার একটি ভঙ্গুর বিনিয়োগ পরিস্থিতি নিয়ে যাত্রা শুরু করেছিল। ২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই)  আগের বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ কমে ৭৯ কোটি ৪২ লাখ ৫০ হাজার ডলারে নেমেছে। এপ্রিল-জুন প্রান্তিকে নিট এফডিআই ৩৪ কোটি ৬৯ লাখ ডলার হলেও এর প্রায় ৭৫ শতাংশই এসেছে আগে থেকে দেশে কর্মরত কোম্পানির মুনাফা পুনর্বিনিয়োগ থেকে। 

চলমান রাজনৈতিক অস্থিরতা ও গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন দীর্ঘায়িত হলে নতুন বিদেশি বিনিয়োগ ও দেশীয় বেসরকারি বিনিয়োগ আরও পিছিয়ে যাওয়ার ঝুঁকি সৃষ্টি হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন আগামীর সময়কে বলছেন, ‘আমাদের অর্থনীতির ৮০ ভাগই হচ্ছে ব্যক্তি খাত। সরকারি খাতে কাজের সুযোগ মাত্র ৫-৬ শতাংশ। বিনিয়োগকারীরা দেশে তখনই আসবে, যখন রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে, ব্যবসা পরিচালনার খরচ কমবে ও জ্বালানি সুবিধা নিশ্চিত হবে। আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি কমিয়ে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা ছাড়া বিকল্প উপায় নেই।’

এদিকে বহিঃখাতের আরেকটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি প্রবাসী আয় বা রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, (জুলাই-অক্টোবর) চার মাসে মোট রেমিট্যান্স এসেছে ১১ দশমিক ৪৬ বিলিয়ন (১,১৪৬ কোটি ৫০ লাখ) মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের (১০ দশমিক ১৫ বিলিয়ন ডলার) তুলনায় ১৩ শতাংশ বেশি। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত ও আঞ্চলিক অস্থিরতা, প্রবাসীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক টানাপড়েনের কারণে রেমিট্যান্স প্রবৃদ্ধি ইতিবাচক থাকলেও প্রত্যাশিত গতি কিছুটা শ্লথ হয়েছে। বিশেষ করে যখন নতুন বিদেশি বিনিয়োগ মন্থর এবং জ্বালানি আমদানির ব্যয় বাড়ছে, তখন রেমিট্যান্সের প্রবাহ আরও বাড়ানো অপরিহার্য। কারণ রপ্তানি আয়ের পাশাপাশি রেমিট্যান্সই বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও চলতি হিসাবের ভারসাম্য রক্ষার প্রধান ভরসা।

এদিকে স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রমে অবশ্য কিছুটা ইতিবাচক ইঙ্গিতও মিলেছে। দুই মাসের সংকোচনের পর অক্টোবরে বাংলাদেশের কম্পোজিট পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) ৩ দশমিক ২ পয়েন্ট বেড়ে ৫১ দশমিক ৮-এ ফিরছে। পিএমআই হচ্ছে, দেশের সামগ্রিক ব্যবসায়িক গতিবিধি পরিমাপক সূচক। এইচএসবিসি জরিপেও দেখা গেছে, জ্বালানি ও পরিচালন ব্যয়ের চাপ থাকা সত্ত্বেও ৯১ শতাংশ প্রতিষ্ঠান আগামী দুই বছরে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে আশাবাদী। কিন্তু টেকসই ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা, নীতিগত ধারাবাহিকতা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং আইনশৃঙ্খলা ও শ্রম পরিবেশের নিশ্চয়তা অপরিহার্য বলে মনে করছে সংস্থাটি।

সামষ্টিক অর্থনীতির সবচেয়ে দুর্বল জায়গাগুলোর একটি হলো, রাজস্ব আদায় ও বাজেট বাস্তবায়ন। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আহরণ ১ দশমিক ২৮ লাখ কোটি টাকার নিচে। যেখানে প্রায় ১ দশমিক ৭৮ লাখ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। খাতভিত্তিক চিত্রে দেখা যায়, আয়কর ও আমদানি শুল্কে প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি এলেও ভ্যাট আদায় প্রায় ৬ শতাংশ কম। সামগ্রিক রাজস্ব প্রবৃদ্ধি ৬ শতাংশের নিচে রয়ে গেছে। ভ্যাট আদায়ে এই সংকোচন অভ্যন্তরীণ বাজারের লেনদেন ও ভোগ চাহিদায় মন্দার ইঙ্গিত দেয়।

একই সময়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ৯ দশমিক ৩৮ লাখ কোটি টাকার বাজেট এবং ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে বড় ধরনের ধীরগতি দেখা দিয়েছে। জুলাই-অক্টোবরে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ৬ দশমিক ৫৩ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ের (৮ দশমিক ৩৩ শতাংশ) চেয়ে কম এবং সাম্প্রতিক অন্তত ১৭ বছরের মধ্যে একই সময়ের তুলনায় সবচেয়ে ধীরগতি।