স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে পাঁচ ধাপে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট করার পরিকল্পনা রয়েছে কমিশনের। কিন্তু স্থানীয় সরকারব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও প্রতিনিধিত্বশীল করতে একাধিক সংস্কার কমিশনের করা সুপারিশ বাস্তবায়নে এখনো স্পষ্ট কোনো অগ্রগতি নেই।
দলীয় পরিচয় ও প্রতীক ছাড়া নির্বাচন, চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের হলফনামা বাধ্যতামূলক করা, নারীদের জন্য ঘূর্ণায়মান পদ্ধতিতে আসন সংরক্ষণ, স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণে নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং চেয়ারম্যান-মেয়র নির্বাচনে সংসদীয় পদ্ধতি চালুর মতো প্রস্তাব দিয়েছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশন।
কিন্তু এসব সুপারিশ বাস্তবায়নের আগেই বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইসি। নির্বাচন কমিশনারদের বক্তব্যও স্পষ্ট–তফসিল ঘোষণার দিন যে আইন কার্যকর থাকবে, সে আইন মেনেই ভোট হবে। আইন পরিবর্তনের এখতিয়ার এখন সরকার ও সংসদের।
অন্যদিকে নির্বাচন কমিশন নিজেও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পাঁচটি আইনে সংশোধনের প্রস্তাব তৈরি করেছে। প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারণ, ঋণখেলাপির জামিনদার ও বিলখেলাপি প্রতিষ্ঠানের কর্ণধারদের প্রার্থিতায় অযোগ্য করা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার মতো প্রস্তাব রয়েছে সেখানে।
ফলে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দুটি পৃথক বিষয় আলোচনায় এসেছে। একদিকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি, অন্যদিকে স্থানীয় সরকারব্যবস্থার কাঠামোগত সংস্কার। প্রশ্ন উঠেছে, নির্বাচনের আগে সংস্কার কমিশনগুলোর সুপারিশের কতটুকু বাস্তবায়ন হবে, আর কতটুকুই বা থেকে যাবে প্রতিবেদনের পাতায়?
বিদ্যমান আইনেই নির্বাচনের প্রস্তুতি
আগামী বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে ইসি। প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি আয়োজনের পরিকল্পনা রয়েছে। পরবর্তী ধাপগুলো ৪ ফেব্রুয়ারি, ২৯ এপ্রিল, ১৩ মে ও ২৭ মে করার প্রাথমিক পরিকল্পনার কথাও জানিয়েছে কমিশন। তবে সংস্কার কমিশনগুলোর সুপারিশ বিবেচনায় নিয়ে নতুন কোনো নির্বাচনী কাঠামোয় ভোট আয়োজনের সিদ্ধান্ত হয়নি।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে কি না–জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, “না। এসব বিষয় এখন সংসদের এখতিয়ার। আইন পরিবর্তন হলে আমরা তা বিবেচনা করব। বিদ্যমান আইনের বাইরে আমরা এক ইঞ্চিও যাব না।”
এদিকে আইন সংশোধনের প্রয়োজন হবে–এমন কিছু প্রস্তাব ইসির পক্ষ থেকেও সরকারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সেগুলোর বিষয়ে এখনো সাড়া পাওয়া যায়নি বলে জানান তিনি।
অন্যদিকে নির্বাচনের তফসিল ঘোষণার দিন কার্যকর আইন অনুসারেই ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। চরচাকে তিনি বলেন, “আমার মনে হয় এই ব্যাপারে আমরা বারংবার উত্তর দিয়েছি। অন দ্য ডে–যেদিন তফসিল ঘোষণা হবে, সেদিন বিদ্যমান যে আইন থাকবে, সেটা অনুযায়ী নির্বাচন হবে।”
অর্থাৎ, আইন সংশোধনের উদ্যোগ থাকলেও তফসিল ঘোষণার আগে তা কার্যকর না হলে আসন্ন নির্বাচনে নতুন কোনো বিধান প্রয়োগের সুযোগ থাকবে না।
সংস্কার কমিশনগুলোর সুপারিশে কী ছিল
স্থানীয় সরকার নির্বাচন ও ব্যবস্থার সংস্কার নিয়ে দুটি কমিশন পৃথকভাবে সুপারিশ দিয়েছিল। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন মূলত নির্বাচনী প্রক্রিয়া, প্রার্থীদের যোগ্যতা, রাজনৈতিক দলের প্রভাব এবং প্রতিনিধিত্বের কাঠামো নিয়ে প্রস্তাব দেয়। অন্যদিকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশে প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত পরিবর্তন, নির্বাচন পরিচালনায় ইসির স্বাধীনতা এবং স্থানীয় সরকারের আর্থিক ও প্রশাসনিক সক্ষমতার বিষয়গুলো গুরুত্ব পায়।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের উল্লেখযোগ্য প্রস্তাবগুলোর মধ্যে ছিল–স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করা এবং দলীয় প্রতীক ব্যবহারের বিধান পরিবর্তন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের হলফনামা জমা বাধ্যতামূলক করা, স্থানীয় সরকারের সব পর্যায়ে ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীদের জন্য আসন সংরক্ষণ, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে শপথের আগে পদত্যাগ বাধ্যতামূলক করা, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা।
অন্যদিকে স্থানীয় সরকার সংস্কার কমিশন আরও বিস্তৃত কিছু প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে রয়েছে–স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠন, সংবিধানের ১১৯(১) অনুচ্ছেদ সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণে ইসির স্বাধীনতা নিশ্চিত করা, মেয়র ও চেয়ারম্যান পদে সরাসরি নির্বাচনের পরিবর্তে সংসদীয় পদ্ধতি চালু এবং পাঁচ স্তরের স্থানীয় সরকারব্যবস্থাকে একটি আইনের আওতায় আনা।
কমিশনটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সব পর্যায়ে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের পাশাপাশি কাউন্সিলর ও সদস্যদের সিদ্ধান্ত গ্রহণে অর্থবহ ভূমিকা নিশ্চিত করার সুপারিশ করে। পার্বত্য এলাকার জেলা পরিষদ নির্বাচন আয়োজন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জাতীয় বাজেটের ৩০ শতাংশ বরাদ্দ দেওয়ার প্রস্তাবও ছিল। নারীদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে ঘূর্ণায়মান পদ্ধতিতে আসন সংরক্ষণের প্রস্তাব ছিল দুটি কমিশনেরই গুরুত্বপূর্ণ সুপারিশ।
ইসির আইন সংশোধনের প্রস্তাব
সংস্কার কমিশনগুলোর সুপারিশের বাইরে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিজেদের বিবেচনায় পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইন সংশোধনের প্রস্তাব তৈরি করেছে ইসি। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদের আইন সংশোধনের এসব প্রস্তাব ১২তম কমিশন সভায় চূড়ান্ত করা হয়।
প্রস্তাবগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না–এমন বিধান যুক্ত করতে চায় ইসি। ঋণখেলাপির পাশাপাশি ঋণখেলাপির জামিনদারকেও নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য করার প্রস্তাব রয়েছে।
বিদ্যুৎ, পানি ও অন্যান্য সেবা সংস্থার বিলখেলাপি ব্যক্তি এবং বিলখেলাপি প্রতিষ্ঠানের কর্ণধারদের প্রার্থী হওয়ার অযোগ্য করার প্রস্তাব করেছে কমিশন। দ্বৈত নাগরিকত্বধারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না রাখার প্রস্তাব করেছে। লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণারও প্রস্তাব রয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী আইনে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনা, নৌ ও বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করতে চায় ইসি। এতে আইনি ভিত্তি তৈরি হলে স্থানীয় সরকার নির্বাচনেও সশস্ত্র বাহিনী মোতায়েনের সুযোগ থাকবে।
এখানে সংস্কার কমিশনের সুপারিশ ও ইসির নিজস্ব প্রস্তাবের মধ্যে পার্থক্য রয়েছে। সংস্কার কমিশনগুলো স্থানীয় সরকার ব্যবস্থার কাঠামো ও নির্বাচনী প্রক্রিয়ায় পরিবর্তনের কথা বলেছিল। অন্যদিকে ইসির সাম্প্রতিক প্রস্তাবগুলোর বড় অংশ প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা এবং নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার কাঠামোসংক্রান্ত। অর্থাৎ, ইসির প্রস্তাবগুলো বাস্তবায়িত হলেও স্থানীয় সরকার ব্যবস্থার কাঠামোগত সংস্কার স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হবে না।
চেয়ারম্যান-মেয়র নির্বাচনের পদ্ধতি বদলানোর প্রস্তাব
স্থানীয় সরকার সংস্কার কমিশনের অন্যতম বড় প্রস্তাব ছিল চেয়ারম্যান ও মেয়র নির্বাচনের প্রচলিত পদ্ধতি পরিবর্তন। বর্তমানে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনে ভোটাররা সরাসরি চেয়ারম্যান বা মেয়র নির্বাচন করেন। সংস্কার কমিশন এই পদ্ধতির পরিবর্তে সংসদীয় কাঠামোর আদলে স্থানীয় সরকার পরিচালনার সুপারিশ করেছিল।
এ ব্যবস্থায় ভোটাররা সরাসরি সদস্য ও কাউন্সিলর নির্বাচন করবেন। পরে নির্বাচিত প্রতিনিধিরা নিজেদের মধ্য থেকে চেয়ারম্যান বা মেয়র নির্বাচন করবেন।
কমিশনের যুক্তি ছিল, এতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে নির্বাচিত সদস্যদের অংশগ্রহণ বাড়বে এবং একক ব্যক্তির হাতে নির্বাহী ক্ষমতা কেন্দ্রীভূত থাকার প্রবণতা কমবে।
এ ছাড়া পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য পৃথক আইনের পরিবর্তে একটি সমন্বিত আইন প্রণয়নের প্রস্তাব ছিল। একই ধরনের সাংগঠনিক কাঠামো চালু করে সব প্রতিষ্ঠানের নির্বাচন একটি সমন্বিত সময়সূচির আওতায় আনার কথাও বলা হয়েছিল।
কমিশনের হিসাবে, এসব পরিবর্তন বাস্তবায়িত হলে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য বর্তমানে প্রয়োজনীয় প্রায় ২২৫ দিনের সময় কমে এক থেকে দুই মাসে নেমে আসতে পারে। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সরকারের ব্যয় হয়েছিল প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা। সমন্বিত নির্বাচনী ব্যবস্থা চালু হলে ব্যয় কমানোর সুযোগ তৈরি হবে বলে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছিল।
তবে এই প্রস্তাব বাস্তবায়ন করতে হলে শুধু নির্বাচনী আচরণবিধি বা তফসিল পরিবর্তন যথেষ্ট নয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট আইন ও সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন আনতে হবে। ফলে সংসদের আইন প্রণয়ন ও সংশোধনের সিদ্ধান্তের ওপরই এর বাস্তবায়ন নির্ভর করছে।
নারীদের প্রতিনিধিত্বে কী পরিবর্তন আসবে
স্থানীয় সরকার নির্বাচনে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর জন্যও গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিল সংস্কার কমিশনগুলো। বর্তমান ব্যবস্থায় ইউনিয়ন পরিষদে সাধারণ সদস্যদের পাশাপাশি নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে। সাধারণত তিনটি ওয়ার্ড নিয়ে একটি সংরক্ষিত আসন গঠিত হয়। ফলে একজন নারী সদস্যকে একাধিক ওয়ার্ডের প্রতিনিধিত্ব করতে হয়।
সংস্কার কমিশনের প্রস্তাব ছিল, পর্যায়ক্রমে ওয়ার্ডভিত্তিক আসন সংরক্ষণের ব্যবস্থা চালু করা। এতে নারীরা নিজেদের ওয়ার্ড থেকে সরাসরি নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে সংরক্ষিত আসন ও সাধারণ আসনের মধ্যে প্রতিনিধিত্বের দ্বৈততা কমবে।
স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রস্তাবে সংরক্ষিত নারী সদস্যদের নির্বাহী পরিষদে অন্তর্ভুক্তি এবং স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টিও ছিল।
এ ধরনের পরিবর্তন বাস্তবায়ন হলে নারীদের প্রতিনিধিত্ব শুধু সংরক্ষিত আসনে সীমাবদ্ধ না রেখে স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণের কাঠামোতেও বিস্তৃত করার সুযোগ তৈরি হবে। কিন্তু ইসির বর্তমান নির্বাচনী প্রস্তুতিতে এ ধরনের পরিবর্তন অন্তর্ভুক্ত হওয়ার কোনো ঘোষণা নেই। ফলে বিদ্যমান আইন সংশোধন না হলে আগের ব্যবস্থাতেই নির্বাচন হবে।
স্থানীয় সরকার সংস্কার কমিশনের সাবেক সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম চরচাকে বলেন, “নারীর এখন যে অবস্থা, সেটা হচ্ছে তাদের জন্য নির্ধারিত তিনটা ওয়ার্ডে তারা নির্বাচিত হন। কিন্তু এই পদ্ধতিতেও আসলে ওই নারী সদস্যরা, আসলে ইউনিয়ন পরিষদে বা পৌরসভাতে তাদের পূর্ণ ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। কারণ, তাদের নিজস্ব কনস্টিটুয়েন্সিও থাকে না। সে কারণে আমরা বলেছিলাম যে, আসলে এই রকম তিনটা কোর না করে সবগুলো ওয়ার্ড থেকেই নির্বাচিত হতে পারে, ঘুরে ঘুরে নির্বাচিত হতে পারে। অর্থাৎ, একটা সার্কুলার পদ্ধতিতে ওনারা সরাসরি ভোটে নির্বাচিত হতে পারেন অন্য সদস্যদের মতো।”
দলীয় প্রভাবমুক্ত নির্বাচন কতটা সম্ভব
স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের প্রভাব কমানোর বিষয়টিও সংস্কার কমিশনগুলোর সুপারিশে গুরুত্ব পেয়েছিল। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার জন্য আইন সংশোধনের প্রস্তাব দিয়েছিল। স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক ছাড়া নির্বাচনের সুপারিশ করে।
বর্তমান ব্যবস্থায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে প্রার্থী হওয়ার বিধান থাকলেও ২০২৪ সালে আইন সংশোধনের মাধ্যমে দলীয় মনোনয়ন ও প্রতীকের বিধান বাদ দেওয়া হয়।
এ কারণে আসন্ন ইউপি নির্বাচনকে দলীয় প্রতীকের বাইরে আয়োজনের বিষয়টি নতুন করে সংস্কার বাস্তবায়নের অপেক্ষায় নেই। তবে নির্দলীয় নির্বাচনকে আরও বিস্তৃত ও সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য অভিন্ন আইনি কাঠামোয় আনার প্রস্তাব এখনো আলাদা বিষয়।
এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে, দলীয় প্রতীক না থাকলেই কি স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিক দলের প্রভাবমুক্ত হবে? প্রার্থীদের রাজনৈতিক পরিচয়, দলীয় সমর্থন ও স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাবের বিষয়গুলো কীভাবে বিবেচনা করা হবে–সে বিষয়ে সুস্পষ্ট বিধান প্রয়োজন।
নির্বাচন আয়োজনের স্বাধীনতা ও স্থায়ী স্থানীয় সরকার কমিশন
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের স্বাধীনতা বাড়ানোর সুপারিশও করেছিল স্থানীয় সরকার সংস্কার কমিশন। এ জন্য সংবিধানের ১১৯(১) অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল, স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণ ও নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ইসিকে যেন সরকারের অনুরোধ বা সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে না হয়।
পাশাপাশি একটি স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠনের সুপারিশ ছিল। এই কমিশনের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, জবাবদিহি, সক্ষমতা ও প্রশাসনিক কাঠামোর ওপর নজরদারির ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছিল।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বাড়ানোর জন্য জাতীয় বাজেটের ৩০ শতাংশ বরাদ্দ দেওয়ার প্রস্তাবও ছিল। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নিজস্ব রাজস্ব আয়, অর্থ বরাদ্দের নিশ্চয়তা ও প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর বিষয়টিও সংস্কার প্রস্তাবে গুরুত্ব পেয়েছিল।
এগুলো বাস্তবায়ন করতে হলে নির্বাচনী আইন সংশোধনের পাশাপাশি সংবিধান, বাজেট ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন আনতে হবে। ফলে শুধু আসন্ন নির্বাচনের আগে আইন সংশোধন করলেই সব সুপারিশ বাস্তবায়ন সম্ভব নয়।
সংস্কার বাস্তবায়নের দায়িত্ব কার
সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা সরকারের। কারণ, নির্বাচন কমিশন নিজে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইন সংশোধন করতে পারে না। কমিশন প্রয়োজনীয় প্রস্তাব দিতে পারে। কিন্তু আইন সংশোধনের দায়িত্ব সরকার ও সংসদের।
ইসির পক্ষ থেকে পাঁচটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইন সংশোধনের প্রস্তাব তৈরি করা হলেও সেগুলোর বাস্তবায়ন নির্ভর করছে স্থানীয় সরকার বিভাগ ও সংসদের সিদ্ধান্তের ওপর। অন্যদিকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়নে সাধারণ আইন সংশোধন যথেষ্ট হলেও কিছু প্রস্তাবের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। যেমন, স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণে ইসির স্বাধীনতা নিশ্চিত করতে সংবিধানের ১১৯(১) অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছিল।
তাই সংস্কার কমিশনের সব সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন সম্ভব না হলেও কোনগুলো স্বল্পমেয়াদে এবং কোনগুলো দীর্ঘমেয়াদে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে সরকারের একটি রূপরেখা প্রয়োজন।
নির্বাচন হবে, সংস্কারের অপেক্ষা কত দিন?
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি এগোচ্ছে। কমিশনের নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ মনে করছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বা অন্যান্য রাজনৈতিক কর্মসূচি স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব ফেলবে না।
আবুলল ফজল মো. সানাউল্লাহ চরচাকে বলেন, “আমরা মনে করি না যে, স্থানীয় সরকার নির্বাচনে এগুলো কোনো প্রভাব ফেলবে। স্থানীয় সরকার নির্বাচন বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো কোনো ক্ষেত্রে ভালো রাখতে সহায়তা করবে।”
তবে নির্বাচন আয়োজনের প্রস্তুতির পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার নিয়ে সরকারের অবস্থান এখনো স্পষ্ট নয়। সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে সংসদে আলোচনা, আইন সংশোধনের সময়সীমা কিংবা কোন প্রস্তাব অগ্রাধিকার পাবে–এসব বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানা যায়নি। ফলে আসন্ন নির্বাচনে ভোট হলেও স্থানীয় সরকার ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন আপাতত অনিশ্চিত।
স্থানীয় সরকার নির্বাচন তাই শুধু নতুন প্রতিনিধি নির্বাচনের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে তৃণমূলের প্রতিনিধিত্ব, জবাবদিহি, নারীর অংশগ্রহণ, নির্বাচিত সদস্যদের ক্ষমতা এবং স্থানীয় প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতার প্রশ্ন। নির্বাচন আয়োজনের পাশাপাশি এসব সংস্কারের বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নেয়, তার ওপরই নির্ভর করবে স্থানীয় সরকারব্যবস্থার প্রস্তাবিত পরিবর্তনগুলোর ভবিষ্যৎ।
স্থানীয় সরকার সংস্কার কমিশনের সাবেক সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম চরচাকে বলেন, “স্থানীয় সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐতিহাসিকভাবে যে অবস্থান ও ভাবনা, সেটা খুবই ঔপনিবেশিক চিন্তাধারার চিন্তার মধ্যে পতিত। একটা স্বাধীন ও গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক সমাজের জন্য যেরকম একটা স্থানীয় সরকার দরকার, সেই ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে আমাদের রাজনৈতিক দলগুলোর কোনো আগ্রহ নেই।”
“প্রথমত, ঔপনিবেশিক আদলে গড়ে তোলা যে স্থানীয় সরকারব্যবস্থা, সেখানে যথেষ্ট বিকেন্দ্রীকরণ নেই। অর্থাৎ, আর্থিক বিকেন্দ্রীকরণ এবং কার্যগত বিকেন্দ্রীকরণের যে ব্যবস্থা, সেটা করা হয় নাই। এই পুরো স্থানীয় সরকারব্যবস্থা কেন্দ্র দ্বারা প্রচণ্ডভাবে নিয়ন্ত্রিত। আপনার ডিসি অফিস থেকে শুরু করে উপজেলা নির্বাহী কর্মকর্তা–এরা মনে করে যে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো তাদের অধস্তন। অথচ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো চলে আরেকটি পৃথক আইন দ্বারা। ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বতন্ত্রভাবে গড়ে উঠতে পারছে না এবং কাজও করতে পারছে না।”
এ জায়গা থেকেই স্থানীয় সরকার কমিশন কিছু সুপারিশ করেছিল উল্লেখ করে কমিশনের সাবেক এ সদস্য বলেন, “আমরা বলেছিলাম যে, যেহেতু আমাদের সংসদ একটা প্রধানমন্ত্রী-শাসিত সরকারব্যবস্থা, তারই আদলে আমরা স্থানীয় পর্যায়ে এরকম একটা স্থানীয় সরকার ইউনিটকে অনেকগুলো স্টাফ ইউনিটে ভাগ করে; অর্থাৎ, একটা ইউনিয়নকে ওয়ার্ডে ভাগ করে কিংবা পৌরসভাকে ওয়ার্ডে ভাগ করে, সেখান থেকে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা একটা কাঠামো তৈরি করতে পারি।”
কাজী মারুফুল ইসলামের মতে, প্রস্তাবগুলোর সুবিধা-অসুবিধা দুইই আছে। তার মতে, “এটার পক্ষে মত থাকতে পারে, বিপক্ষেও মত থাকতে পারে। কিন্তু রাজনৈতিক দলগুলো, তৎকালীন অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকার—কেউই এই বিষয়টা নিয়ে কোনো রকম গুরুত্ব দেয়নি।”
স্থানীয় সরকার সংস্কার কমিশনের সাবেক এ সদস্যের মতে, “এই পদ্ধতিগুলো খুব ভাল বিকল্প, তাও না। আবার এটা যে পৃথিবীতে কোথাও নেই, তাও না। কিন্তু এগুলোর ব্যাপারে নানা মতামত থাকতে পারে, সংশোধন হতে পারে। সেটা নিয়ে কথা বলার মতো বা সেটার ন্যূনতম আগ্রহ দেখানোর অবস্থাটা আমাদের সংসদীয় রাজনৈতিক দলগুলো এবং সরকারের মধ্যে নেই, যেটা দুঃখজনক।”