Image description

প্রেমের সম্পর্ক, পারিবারিক বাধা কিংবা দ্রুত আইনি সুরক্ষার আশায় প্রতিদিনই অসংখ্য তরুণ-তরুণী ছুটছেন নোটারি পাবলিকের কার্যালয়ে। ১৫০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি এফিডেভিটে স্বাক্ষর করেই তাদের বোঝানো হচ্ছে, ‘কোর্ট ম্যারেজ’ সম্পন্ন হয়েছে, এখন আর কোনো ভয় নেই।

কিন্তু কয়েক মাস কিংবা কয়েক বছর পর দাম্পত্যে বিরোধ, প্রতারণা অথবা বিচ্ছেদের ঘটনা ঘটলে আদালতে গিয়ে তারা জানতে পারেন, যেটিকে এতদিন বৈধ বিবাহ বলে বিশ্বাস করেছেন, আইনের চোখে সেটি আদৌ কোনো বিবাহই নয়।

মেহেরপুর জেলায় বিগত কয়েক মাস ধরে পরিচালিত অনুসন্ধানে উঠে এসেছে এমন শতাধিক নথি, তথ্য ও ঘটনার বিবরণ। অনুসন্ধানে শুধু ‘কোর্ট ম্যারেজ’ নামে প্রচলিত বিভ্রান্তিই নয়, বরং নোটারি এফিডেভিটের অপব্যবহার, বাল্যবিবাহে এফিডেভিটের ব্যবহার, পরিচয় জালিয়াতি, বিদেশে অবস্থানরত ব্যক্তির নামে এফিডেভিটে স্বাক্ষরের অভিযোগ এবং বিদেশি নাগরিককে ঘিরে বিতর্কিত নথি তৈরির মতো গুরুতর বিষয়ও সামনে এসেছে।

অনুসন্ধানে আরও উঠে এসেছে, মেহেরপুরে একটি সংঘবদ্ধ চক্র নোটারি এফিডেভিটকে ‘কোর্ট ম্যারেজ’ হিসেবে বিক্রি করে বাল্যবিবাহ, ভুয়া পরিচয়, জাল স্বাক্ষর, এমনকি সংশ্লিষ্ট দূতাবাসের অনাপত্তিপত্র (এনওসি) ছাড়াই বিদেশি নাগরিকের বিয়েও বৈধ দেখানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য এফিডেভিটের মাধ্যমে তালাকও দেওয়া হচ্ছে। অথচ এম্বাসির মাধ্যমে কাগজ পাঠানোর আইনি বাধ্যবাধকতা এড়িয়ে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মেহেরপুরজুড়ে দীর্ঘদিন ধরে সক্রিয় এই চক্র সাধারণ মানুষের আইনি অজ্ঞতা ও আবেগকে পুঁজি করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া কিংবা পরিবারের অমতে বিয়ে করতে চাওয়া তরুণ-তরুণীদের লক্ষ্য করে তারা ১০০ থেকে ৩০০ টাকার স্ট্যাম্পে হলফনামা তৈরি করে সেটিকেই ‘কোর্ট ম্যারেজ’ হিসেবে উপস্থাপন করছে। শুধু তাই নয়, বাল্যবিবাহ বৈধ দেখাতে জন্মনিবন্ধন ও শিক্ষাসনদে বয়স পরিবর্তন, পরিচয় গোপন, এমনকি বিদেশে অবস্থানরত ব্যক্তির নামে ভুয়া স্বাক্ষর দেখিয়ে এফিডেভিট তৈরির মতো গুরুতর অভিযোগও পাওয়া গেছে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের প্রচলিত আইনে ‘কোর্ট ম্যারেজ’ নামে কোনো স্বতন্ত্র বিয়ের বিধান নেই। মুসলিম বিবাহ ও বিচ্ছেদ (নিবন্ধন) আইন, ১৯৭৪ এবং ২০০৯ সালের বিবাহ নীতিমালা অনুযায়ী মুসলিম বিয়ে অবশ্যই লাইসেন্সপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে নিবন্ধিত হতে হবে। নোটারি এফিডেভিট কেবল একটি হলফনামা বা ঘোষণাপত্র; এটি কোনোভাবেই কাবিননামা বা নিবন্ধিত বিয়ের বিকল্প নয়।

ফলে শুধু এফিডেভিটের ওপর নির্ভর করে সংসার শুরু করলে পরে আইনি জটিলতায় পড়তে হয়। বিশেষ করে নারীরা দেনমোহর, ভরণ-পোষণ, উত্তরাধিকার এবং দাম্পত্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েন।

কালবেলা প্রতিবেদকের অনুসন্ধানে দেখা গেছে, মেহেরপুর পৌরসভার হালদারপাড়ার সাদিয়া আক্তার রুমী (পূর্বনাম পূজা) ও হীরক হকের বিবাহসংক্রান্ত এফিডেভিটে একাধিক গুরুতর অসঙ্গতি রয়েছে।

নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৮ এপ্রিল রুমী ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং একই দিন হীরক হকের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করা হয়। এফিডেভিটে আরও দাবি করা হয়, ওই সময় হীরক হক বিদেশে অবস্থান করছিলেন এবং ভিডিও কলে তাদের বিবাহ সম্পন্ন হয়।

কিন্তু এখানেই দেখা যায় একাধিক প্রশ্ন। কারণ, বিদেশে অবস্থান করলেও এফিডেভিটে হীরক হকের নামে করা স্বাক্ষর রয়েছে। অথচ আইন অনুযায়ী নোটারি পাবলিকের সামনে স্বশরীরে উপস্থিত না হয়ে এভাবে এফিডেভিটে স্বাক্ষর করার সুযোগ নেই।

এতেই শেষ নয়। জাতীয় পরিচয়পত্রে থাকা নামের সঙ্গে এফিডেভিটে ব্যবহৃত নামের অমিল, সরকার নির্ধারিত ৩০০ টাকার পরিবর্তে ১৫০ টাকার স্ট্যাম্প ব্যবহারসহ আরও কয়েকটি অসঙ্গতির তথ্যও অনুসন্ধানে উঠে এসেছে।

সংশ্লিষ্ট এফিডেভিটে আইনজীবী হিসেবে অ্যাডভোকেট নুরজামাল (জামান) এবং নোটারি পাবলিক হিসেবে অ্যাডভোকেট মেহেরুন নেসা (মনি) স্বাক্ষর ও সিলমোহর দিয়েছেন।

তবে এই এফিডেভিটের পরিণতিও ছিল নাটকীয়। একপর্যায়ে বিদেশ থেকে দেশে ফিরে মোহাম্মদ হীরক প্রথমে তার দ্বিতীয় স্ত্রী রুমীর সঙ্গে কিছুদিন সংসার করেন। পরে তিনি প্রথম স্ত্রীর কাছে ফিরে যান এবং দ্বিতীয় স্ত্রীকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন। এরপর দ্বিতীয় স্ত্রী আদালতের দ্বারস্থ হন। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। আমলী আদালতে দায়ের করা সি আর মামলা নম্বর ৬৯৪/২৬-এর নথি থেকেও এ তথ্য জানা গেছে।

সম্প্রতি মেহেরপুরে এক চীনা নাগরিক ও স্থানীয় এক তরুণীর বিয়েকেও ঘিরে একই ধরনের প্রশ্ন উঠেছে। দম্পতির উপস্থাপিত হলফনামায় ব্যবহৃত এক আইনজীবীর সিল ও স্বাক্ষর নিয়ে আপত্তি জানান সংশ্লিষ্ট আইনজীবী। তিনি দাবি করেন, ওই সিল-স্বাক্ষর তার নয়।

এছাড়া বিদেশি নাগরিককে বিয়ে করার ক্ষেত্রে দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক হলেও সেই বিধান অনুসরণ করা হয়নি বলেও অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে আরও জানা গেছে, এই প্রতারণার সবচেয়ে বড় শিকার হচ্ছেন নারীরা। কাবিননামা না থাকায় সম্পর্ক ভেঙে গেলে আদালতে গিয়ে অনেকেই বৈবাহিক সম্পর্ক প্রমাণ করতে ব্যর্থ হন।

রামিজ ও সুমনা (ছদ্মনাম) নামে দুই ভুক্তভোগীর অভিজ্ঞতাও একই বাস্তবতার প্রতিফলন। তারা এফিডেভিটকে বৈধ বিয়ের দলিল মনে করে সংসার শুরু করলেও পরে আইনি লড়াইয়ে চরম বিপাকে পড়েছেন।

এদিকে, সম্প্রতি মেহেরপুরের গাংনী উপজেলায় একই ধরনের আরও একটি উদ্বেগজনক ঘটনা সামনে এসেছে। উপজেলার বামুন্দি এলাকার একাদশ শ্রেণির এক ছাত্রী ও নবম শ্রেণির এক ছাত্র কিছুদিন আগে বাড়ি থেকে একসঙ্গে পালিয়ে যায়। পরে তারা একটি জালিয়াতি চক্রের সহযোগিতায় প্রকৃত বয়স গোপন করে বয়স বাড়িয়ে নোটারি এফিডেভিট সম্পন্ন করে। শুধু তাই নয়, কুষ্টিয়ায় গিয়ে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালত থেকেও একটি এফিডেভিট সম্পন্ন করে, যদিও বাস্তবে দুজনই অপ্রাপ্তবয়স্ক। সংশ্লিষ্ট এফিডেভিটটির অনুলিপি প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।

অন্যদিকে, মেয়েটির বাবা বিষয়টি জানতে পেরে পুলিশের সহায়তা চান। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে এবং উভয়কে নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করে।

নাম প্রকাশে অনিচ্ছুক গাংনী উপজেলার এক ভুক্তভোগী অভিভাবক কালবেলাকে বলেন, ‘আইন না জানার কারণে অন্যের কথায় বিশ্বাস করে নাবালিকা মেয়ের এফিডেভিটের মাধ্যমে বিয়ে দিয়েছিলাম। আমাদের বলা হয়েছিল, এটাই কোর্ট ম্যারেজ। কিন্তু দেড় বছর পর তাদের বিচ্ছেদ হলে জানতে পারি, বিয়ের কোনো নিবন্ধনই হয়নি। ফলে তালাকও রেজিস্ট্রি করা যায়নি। আমার মেয়ে দেনমোহর ও ভরণ-পোষণ থেকে বঞ্চিত হয়েছে। এখন ন্যায়বিচারের আশায় আদালতে মামলা করেছি। মামলাটি বিচারাধীন। আমার মতো ভুল যেন আর কোনো অভিভাবক না করেন।’

জানা গেছে, মেহেরপুর জেলায় বর্তমানে ৬ জন অ্যাডভোকেটের নোটারি পাবলিক হিসেবে এফিডেভিট সম্পাদনের লাইসেন্স রয়েছে। তারা হলেন, অ্যাডভোকেট মেহেরুন নেসা মনি, অ্যাডভোকেট মিনা পাল, অ্যাডভোকেট আইরিন পারভীন, অ্যাডভোকেট নাজমুন নাহার খানম, অ্যাডভোকেট রূতশোভা মণ্ডল এবং অ্যাডভোকেট গোলাম মোস্তফা।

মেহেরপুরের এক নিবন্ধিত নিকাহ রেজিস্ট্রার আব্দুল মাবুদ কালবেলাকে বলেন, ‘বিয়ে সম্পাদন ও নিবন্ধন একটি আইন দ্বারা নিয়ন্ত্রিত প্রক্রিয়া। কিন্তু বর্তমানে নোটারি এফিডেভিটের মাধ্যমে বিয়ের বৈধতা প্রতিষ্ঠার অপচেষ্টা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিয়ে সম্পাদন বা তার বৈধতা ঘোষণা কোনো আইনজীবী বা নোটারি পাবলিকের এখতিয়ারভুক্ত নয়। এটি কেবল আইন অনুযায়ী নিবন্ধিত নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমেই সম্পন্ন হতে পারে।’

তিনি আরও বলেন, ‘শুধু মেহেরপুর জেলা নয়, দেশের বিভিন্ন স্থানেই এ ধরনের এখতিয়ারবহির্ভূত কার্যক্রম চলছে বলে আমরা অবগত হয়েছি। এ প্রবণতা রোধে প্রশাসনের কার্যকর নজরদারি, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রচলিত আইনের কঠোর প্রয়োগ জরুরি। অন্যথায় বিবাহের মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় বিষয়টি প্রশ্নবিদ্ধ হবে এবং অচিরেই এটি একটি সামাজিক মহামারির রূপ নিতে পারে।’

মেহেরপুরের জেলা রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, ‘মুসলিম আইনে বিবাহ একটি সামাজিক ও দেওয়ানি চুক্তি। আইন অনুযায়ী ২১ বছর বা তদূর্ধ্ব বয়সী পাত্র এবং ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী পাত্রীর বিবাহ দুজন প্রাপ্তবয়স্ক সাক্ষীর উপস্থিতিতে এবং নির্ধারিত নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে নিবন্ধিত হলেই তা বৈধ বিবাহ হিসেবে স্বীকৃত হয়। কোনো মাওলানা বিবাহ সম্পন্ন করালে বিধি অনুযায়ী ১৫ দিনের মধ্যে তা সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের কাছে নিবন্ধন করতে হবে। অন্যথায় সেই বিবাহ আইনি স্বীকৃতি পাবে না।’

তিনি জানান, নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে বিবাহ ঘোষণা করার কোনো আইনি ভিত্তি নেই। একইভাবে ‘কোর্ট ম্যারেজ’ নামে যে ধারণা প্রচলিত রয়েছে, সেটিও ভ্রান্ত। বাংলাদেশের প্রচলিত আইনে ‘কোর্ট ম্যারেজ’ নামে কোনো বৈধ বিবাহের বিধান নেই।

মেহেরপুরের এই জেলা রেজিস্ট্রার বলেন, ‘এছাড়া বিদেশে অবস্থান করে ভিডিও কলে বা এফিডেভিটের মাধ্যমে বিবাহ কিংবা তালাক সম্পন্ন করার ঘটনাও দেখা যাচ্ছে। কিন্তু মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন, ১৯৭৪ এবং ২০০৯ সালের বিধিমালায় বিদেশে অবস্থান করে এভাবে বিবাহ বা তালাক সম্পন্ন করার কোনো বিধান নেই। ফলে দেশের বিদ্যমান আইনের আলোকে এ ধরনের বিবাহ ও তালাক আইনিভাবে স্বীকৃত নয়।’

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আসাদুল আজম খোকন কালবেলাকে বলেন, ‘নোটারি পাবলিকের মাধ্যমে সম্পাদিত এফিডেভিটকে অনেকেই ভুলবশত বৈধ বিবাহের প্রমাণ বা বিকল্প হিসেবে উপস্থাপন করেন। কিন্তু এফিডেভিটের মাধ্যমে কোনো বিবাহ সম্পন্ন হয় না এবং এর মাধ্যমে বৈধ বৈবাহিক সম্পর্কও সৃষ্টি হয় না।’

তিনি বলেন, ‘এ বিষয়ে মানুষের মধ্যে ব্যাপক বিভ্রান্তি রয়েছে। এফিডেভিটের মাধ্যমে বিবাহের কোনো আইনি ভিত্তিই নেই। এছাড়া সম্প্রতি নোটারি কার্যক্রমে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ আমাদের নজরে এসেছে। কোনো কোনো ক্ষেত্রে এফিডেভিটকারী ব্যক্তির সরাসরি উপস্থিতি ছাড়াই এফিডেভিট সম্পাদন করা হচ্ছে। আবার কোথাও কোথাও প্রতারক চক্র একজন আইনজীবীর পরিচয়ের অপব্যবহার করে বা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে এফিডেভিট সম্পন্ন করছে।’

অ্যাডভোকেট আসাদুল আজম আরও বলেন, ‘এছাড়া নোটারি পাবলিকের সামনে এফিডেভিটকারীর উপস্থিতি নিশ্চিত না করা কিংবা তার পরিচয় যথাযথভাবে যাচাই না করার অভিযোগও রয়েছে। এসব কার্যক্রম নোটারি প্রক্রিয়ার স্বচ্ছতা ও আইনগত গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে। বিষয়টি নিয়ে মেহেরপুর জেলা আইনজীবী সমিতিতে ইতোমধ্যে আলোচনা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ কালবেলাকে বলেন, ‘বাল্যবিবাহ প্রতিরোধ এবং নোটারি এফিডেভিটের অপব্যবহার রোধে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। এ ধরনের প্রতারণার বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সুপারিশ করা হবে।’

তিনি বলেন, ‘সাধারণ মানুষকে বিভ্রান্ত না হয়ে প্রচলিত আইন অনুযায়ী কেবল লাইসেন্সপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে বিবাহ সম্পাদন ও নিবন্ধনের জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। বর-কনের পরিচয়, বয়স ও প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই এবং নির্ধারিত সময়ের মধ্যে বিবাহ নিবন্ধন নিশ্চিত করতে হবে। প্রয়োজনে নিবন্ধনের পর সম্পূরক ঘোষণাপত্র হিসেবে এফিডেভিট ব্যবহার করা যেতে পারে। তবে কোনো অবস্থাতেই নোটারি এফিডেভিট বিয়ের মূল দলিল বা আইনগতভাবে বিয়ে সম্পাদনের বিকল্প নয়।’

বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী মুসলিম বিবাহ ও বিচ্ছেদ (নিবন্ধন) আইন, ১৯৭৪-এর ধারা ৫ অনুসারে প্রতিটি মুসলিম বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন না করলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। একই সঙ্গে মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর ২২(২) ও ২২(৩) বিধিতে বলা হয়েছে, নিকাহ রেজিস্ট্রার নিজে বিবাহ সম্পন্ন করলে তিনিই তা নিবন্ধন করবেন। আর অন্য কেউ বিবাহ সম্পন্ন করলে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট লাইসেন্সপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রারকে অবহিত করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

কালবেলা