Image description

রাজধানীর ধানমন্ডি থানার সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার অভিনেতা মো. আরিফ মাহমুদ তমাল এবং সাবেক সচিব মো. মিজানুর রহমানকে পাঠানো হয়েছে চার দিনের রিমান্ডে।

আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। তিন আসামির উপস্থিতিতেই রিমান্ড আবেদনের শুনানি ও আদেশ হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের পরিদর্শক মো. সেলিম রেজা তিন আসামিকে ১০ দিনের জন্য রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।

এই মামলা হয়েছে গত ২২ মে রাজধানীর ধানমন্ডি এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের একটি মিছিল নিয়ে। মামলাটি হয়েছিল পরদিন ধানমন্ডি থানায়।

এজাহারে বলা হয়, আসামিরা দেশের সার্বিক পরিস্থিতি অস্বাভাবিক করা, জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও জনজীবন বিপন্ন সাধনের চেষ্টা করেছিল। খবর পেয়ে পুলিশ গেলে তারা পালিয়ে যান।

এই মামলায় বৃহস্পতিবার রাজধানী থেকে দোলন, তমাল ও মিজানুরকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর রিমান্ডের আবেদন জানিয়ে তাদের নেওয়া হয় আদালতে।

ওই আবেদনে বলা হয়, তিন আসামি মামলার ঘটনায় সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। অন্য আসামিদের সঙ্গে তাদের যোগাযোগ আছে বলে জানা যায়। আসামিরা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য অর্থ ও অস্ত্রশস্ত্র সরবরাহ করে মাঠপর্যায়ে থাকা দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের দিয়েছেন বলে তথ্য রয়েছে।

এই কারণে তাদের জিজ্ঞাসাবাদ করে পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, গ্রেপ্তার করে তাদের অর্থের উৎস, অস্ত্রশস্ত্র উদ্ধারের লক্ষ্যে তাদের হেফাজতে রেখে নিবিড় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, বলেন তদন্ত কর্মকর্তা।

 

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।