Image description

আজারবাইজান যাওয়া নিশ্চিত, ১০ দিন পর ফ্লাইট-রিক্রুটিং এজেন্সির এমন আশ্বাসে চাকরি ছেড়ে দেন সুমন রেজা। পরিবার নিয়ে বেড়াতে যান সুন্দরবনে। দুদিন পরে জানতে পারেন, তাঁকে দেওয়া নিয়োগপত্র ও ভিসা ভুয়া। রিক্রুটিং এজেন্সি টাকা নিয়ে উধাও।

সুমন প্রতারণার শিকার হয়েছেন ঢাকার উত্তরার এস আলম ওভারসিজ নামক একটি প্রতিষ্ঠানের হাতে। তারা এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী দেশ আজারবাইজানে চাকরি দেওয়ার কথা বলে প্রায় ২০০ জনের মতো মানুষের সঙ্গে প্রতারণা করেছে অভিযোগ ভুক্তভোগীদের।

প্রতারণার ঘটনায় গত ২৪ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগীরা। ওই মামলায় ২০০ জন ভুক্তভোগীর পাসপোর্ট নম্বর ও টাকার হিসাব রয়েছে। হিসাব অনুযায়ী, আত্মসাৎ করা টাকার পরিমাণ ৩ কোটি ৬ লাখ ১০ হাজার।

সুমন রেজার বাড়ি খুলনা। একটি বড় ঠিকাদারি প্রতিষ্ঠানে জরিপকারী প্রকৌশলী হিসেবে চাকরি করতেন। আজারবাইজান যাওয়ার জন্য কয়েক ধাপে এজেন্সিকে ১ লাখ ৩০ হাজার টাকা দিয়েছিলেন তিনি।

আরেক ভুক্তভোগী গাজীপুর সদর উপজেলার বাসিন্দা মো. শিমুল দেশে বিভিন্ন প্রকল্পে চুক্তিভিত্তিক কাজ করতেন। আড়াই লাখ টাকায় তাঁকে আজারবাইজানে পাঠানোর আশ্বাস দেয় এস আলম ওভারসিজ। সেখানে জরিপকারী প্রকৌশলী পদে চাকরি দেওয়ার আশ্বাসও দিয়েছিল এজেন্সিটি।

সুমন প্রথম আলোকে বলেন, এজেন্সির কথামতো তিনি চাকরিটি ছেড়ে দিয়েছেন। এখন বেকার।

আরেক ভুক্তভোগী গাজীপুর সদর উপজেলার বাসিন্দা মো. শিমুল দেশে বিভিন্ন প্রকল্পে চুক্তিভিত্তিক কাজ করতেন। আড়াই লাখ টাকায় তাঁকে আজারবাইজানে পাঠানোর আশ্বাস দেয় এস আলম ওভারসিজ। সেখানে জরিপকারী প্রকৌশলী পদে চাকরি দেওয়ার আশ্বাসও দিয়েছিল এজেন্সিটি।

এস আলম ওভারসিজকে ১ লাখ ২৫ হাজার টাকা দিয়েছেন উল্লেখ করে শিমুল প্রথম আলোকে বলেন, ‘তারা ভিসা দেখিয়েছিল। এক পর্যায়ে তাদের বিশ্বাস করেছি। যার খেসারত এখন দিতে হচ্ছে।’

অফিসে ভাঙচুর

এস আলম ওভারসিজের অফিস ছিল উত্তরার ১২ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ১৭ নম্বর বাড়ির (মা নিবাস) দ্বিতীয় তলায়। প্রতিষ্ঠানটির পরিচালক শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি।

‘মিথ্যা কথা বলে তারা বাসা ভাড়া নিয়েছিল। পরে প্রতারণা করে চলে গেছে।’
আয়েশা টুসমি, ফ্ল্যাটমালিক

মামলার এজহার অনুয়ায়ী শফিকুল ইসলাম ছাড়াও এজেন্সির ব্যবস্থাপক মেহেদী হাসান, সহকারী ব্যবস্থাপক মোশারফ হোসেন, মার্কেটিং ম্যানেজার মাসুদ রানা এবং রিসিপশনিস্ট মিলি আক্তার প্রতারণায় জড়িত।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানটির পরিচালক যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করত সেটি ভুয়া। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

১৮ নভেম্বর উত্তরার মা নিবাসে গেলে নিরাপত্তাকর্মী আব্দুর রহমান প্রথম আলোকে বলেন, ৪ থেকে ৫ মাস আগে এস আলম ওভারসিজ ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল। পরে তাঁরা জানতে পারেন এজেন্সিটি মানুষের টাকা নিয়ে পালিয়েছে। তিনি বলেন, পরে ভুক্তভোগীরা এসে অফিস ভাঙচুর করে চলে গেছে।

ফ্ল্যাটটির মালিক আয়েশা টুসমি নামের এক নারী। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘মিথ্যা কথা বলে তারা বাসা ভাড়া নিয়েছিল। পরে প্রতারণা করে চলে গেছে।’

রিসিপশনিস্টকে পুলিশে সোপর্দ

এস আলম ওভারসিজের প্রতারণার শিকার হওয়া ২৩ জনের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁদের দাবি, তাঁর সর্বনিম্ন ৮০ হাজার থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত এজেন্সিকে দিয়েছেন। ভুক্তভোগীদের কাছ থেকে চার ধাপে টাকা নেয় তারা এবং আজারবাইজানের কোলিন কনস্ট্রাকশন নামক একটি কোম্পানির ভুয়া নিয়োগপত্র দেওয়া হয়।

ভুক্তভোগীরা জানান, সবাইকে নিয়োগপত্র ও ভিসা দেওয়ার পর অক্টোবরের শেষ দিকে ফ্লাইট হবে, এমন আশ্বাস দিয়েছিল প্রতিষ্ঠানটি। এরপর হঠাৎ গত ২৩ অক্টোবর প্রতিষ্ঠানের রিসিপশনিস্ট মিলি আক্তার সবাইকে ফোন দিয়ে জানান, প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে সবার পাসপোর্ট ফেরত দেওয়া হবে।

পরে ভুক্তভোগীরা এস আলম ওভারসিজ নামক ওই প্রতিষ্ঠানে গিয়ে দেখেন অন্য কর্মকর্তারা কেউ নেই। শুধু রিসিপশনিস্ট (অভ্যর্থনাকারী) মিলি আক্তার রয়েছেন। পরে তাঁরা মিলি আক্তারকে আটক করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করেন এবং মামলা করেন।

ভুক্তভোগীদের একজন পাবনা জেলার বাসিন্দা খন্দকার শহিদুল্লাহ প্রথম আলোকে বলেন, এজেন্সিটি বিদেশিদের দিয়ে তাঁদের অনলাইন সাক্ষাৎকারও নিয়েছিল। এত কিছুর ফলে বিশ্বাস না করে উপায় ছিল না।

এস আলম ওভারসিজ নামক এই প্রতিষ্ঠানে যাঁরা পাসপোর্ট জমা দিয়েছিলেন, তাঁদের সবাইকে বনানী সানমুন মেডিকেল সেন্টার লিমিটেডের মাধ্যমে শারীরিক পরীক্ষা বা মেডিকেল টেস্ট করানো হয়। এ জন্য ফি বাবদ ৫ হাজার করে টাকা দিতে হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, সানমুন মেডিকেল সেন্টারের সঙ্গে এস আলম ওভারসিজের যোগসাজশ রয়েছে। যার কারণে এস আলম ওভারসিজ তাদের সবার মেডিকেল টেস্ট ওই হাসপাতালে করাতে বাধ্য করে।

অবশ্য এস আলম ওভারসিজ নামক এজেন্সির সঙ্গে সানমুন মেডিকেল সেন্টারের কোনো যোগসাজশ নেই বলে দাবি করেছেন মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক মো. জসিমউদদীন।

তিনি প্রথম আলোকে বলেন, ‘তারা আমাদের কাছ থেকে ৭০ থেকে ৮০ জনের মতো মেডিকেল টেস্ট করিয়েছে। জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে আমরা ফি নিয়েছি। পরে শুনেছি তারা প্রতারণা করে পালিয়ে গেছে।’ তিনি বলেন, ‘আমরাও তাদের কাছে দেড় লাখ টাকার মতো পাব।’

ঋণের বোঝা টানছে তাঁরা

ভুক্তভোগীরা বলছেন, ভিসা ও নিয়োগপত্র পেয়ে কেউ ঋণ করে এবং কেউ গরু-ছাগল বিক্রি করে এজেন্সিকে টাকা দিয়েছিলেন। এজেন্সি উধাও হয়ে যাওয়ায় ঋণের ঘানি টানছেন তাঁরা।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী মাহবুব আলম এজেন্সির আশ্বাসে বেসরকারি সংস্থা (এনজিও) থেকে দুই লাখ টাকা ঋণ নিয়েছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রতি মাসে ২০ হাজার টাকা কিস্তি দিতে হচ্ছে। আমি পড়াশোনা করি। কীভাবে এই টাকা পরিশোধ করব, বুঝে আসছে না।’