মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থানের মুখে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে গাংনী উপজেলার রংমহল সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে চারজন অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবির গোয়েন্দা তথ্য ও সীমান্তে টহলরত সদস্যদের সতর্ক অবস্থানের কারণে বিএসএফের এ তৎপরতা দ্রুত শনাক্ত হয়।
এ সময় বিজিবির তাৎক্ষণিক তৎপরতা ও দৃঢ় অবস্থানের মুখে পুশইন চেষ্টা প্রতিহত করা হয়। পরে শুক্রবার সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা ওই চারজনকে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার ওপারে ফিরিয়ে নিয়ে যায়।
ঘটনার পর রংমহল সীমান্তসহ সংশ্লিষ্ট এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি কালবেলাকে বলেন, সীমান্তে বিজিবির সতর্ক নজরদারি ও তাৎক্ষণিক তৎপরতার কারণে বিএসএফের পুশইন প্রচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।