Image description

আগামী এক থেকে দেড় বছরের মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে নিজ দেশে ফেরানোর লক্ষ্যে আলোচনা শুরু করতে সরকার বাস্তবসম্মত পন্থা নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জন্য মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) যুগান্তকারী রায়ের পর শুক্রবার সরকারের অবস্থান ব্যাখ্যা করেন হুমায়ুন কবির। তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন এখনই হবে না। তবে তাদের নিরাপদে ফেরার পথ তৈরি করতে ঢাকা জোরালো কূটনৈতিক তৎপরতা শুরু করবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘কালই প্রত্যাবাসন হবে না। তবে আমরা জোরালোভাবে আলোচনা শুরু করব, যাতে এক থেকে দেড় বছরের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে ফেরার ব্যবস্থা করতে পারি। এটাই বাস্তবসম্মত পন্থা।’

রোহিঙ্গাদের জন্য ক্ষতিপূরণ আদায়সহ রায় বাস্তবায়নে সরকার জাতিসংঘের কাঠামোর মধ্যে কাজ করতে চায় বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘ক্ষতিপূরণ পাওয়া নিশ্চিত করতে আমরা জাতিসংঘের কাঠামোর মধ্যে কাজ করব। এ বিষয়ে আমরা বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে কাজ করব। এ কাজে একাধিক সংস্থাকে যুক্ত করা দরকার।’

 
 

আইসিজের রায় আলোচনায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করেছে। রোহিঙ্গারা যাতে নিরাপদে নিজ দেশে ফিরতে পারে, সে জন্য ঢাকা অংশীদারদের সঙ্গে কাজ করবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমারকে রাজি করাতে বহুপক্ষীয় সংস্থা ও দ্বিপক্ষীয় অংশীদারদের মাধ্যমে ঢাকা সর্বোচ্চ চেষ্টা করবে।

আইসিজের যুগান্তকারী রায়কে স্বাগত সরকার স্বাগত জানিয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই রায়ের মধ্য দিয়ে আদালত প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেছে।

হুমায়ুন কবির রায়ের বিভিন্ন দিক ব্যাখ্যা করেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা এবং গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রে এ রায় দীর্ঘ প্রতীক্ষিত এক মাইলফলক।

হুমায়ুন কবির আরও বলেন, মিয়ানমার এখন আদালতের চূড়ান্ত রায় পুরোপুরি মেনে চলতে এবং আদালতের আদেশ বাস্তবায়ন করতে আইনত বাধ্য।