দেশের সাম্প্রতিক সহিংসতার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, একটি ‘ক্ষুদ্র সন্ত্রাসীগোষ্ঠী’ এসব অপকর্ম করছে। এসময় তিনি দাবি করেন, বাংলাদেশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
আজ শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সিলেটে প্রতিমন্ত্রীর বাসভবনে আগুন দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘‘বিএনপি সরকার সহনশীল। আমরা স্বৈরাচারের মতো মানুষের ওপর গণহারে স্টিম রোলার চালাচ্ছি না। একটি ক্ষুদ্র সন্ত্রাসীগোষ্ঠী এসব অপকর্ম করছে। দেশ সম্পূর্ণ নিয়ন্ত্রণেই রয়েছে, ভালো আছে এবং ভালোভাবেই পরিচালিত হচ্ছে।’’
সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, ‘‘সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেব। বাংলাদেশে কোনো সন্ত্রাসীর স্থান নেই। এমনকি পৃথিবীর কোথাও নেই। ভাবমূর্তি এখন তাদেরই নষ্ট হচ্ছে। দেশের বাইরেও তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখা হচ্ছে।’’
সন্ত্রাসীগোষ্ঠী ভয়ের মধ্যে রয়েছে দাবি করে তিনি বলেন, ‘‘এই সন্ত্রাসীরা কোনোভাবেই দেশের জনজীবনে আতঙ্ক ছড়াতে পারবে না; বরং তারা নিজেরাই এখন চরম আতঙ্কে রয়েছে। একটা পেট্রলবোমা মেরে ‘জয় বাংলা’ বলতে বলতে পালাচ্ছে—নেত্রীর কাছে পৌঁছানো ছাড়া তাদের আর কোনো গতি নেই। নইলে তারা বিপদে পড়বে।’’
জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘‘এই ক্ষুদ্র ও কাপুরুষ সন্ত্রাসীদের দ্বারা দেশের মানুষ কখনোই আতঙ্কিত হবে না। সরকার এ বিষয়ে সম্পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে।’’
বাংলাদেশ একটি ‘নতুন বাংলাদেশ’ হিসেবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে সবার জন্য সমান সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেন হুমায়ুন কবির।