ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে বাবার লাশ দাফনে বাধা দিয়েছেন এক ছেলে ও তিন মেয়ে। তাদের অভিযোগ, দুই ভাই তাদের বাবাকে দিয়ে জোর করে জমি লিখে নিয়েছেন। প্রাপ্য জমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাবার লাশ দাফন করতে দেবেন না বলে জানিয়েছেন তারা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার সকালে মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়ীয়া তরফদার পাড়ায় এ ঘটনা ঘটে। দুপুর ১২টা পর্যন্ত মাহাবুর তরফদারের (৮০) লাশ দাফন করা সম্ভব হয়নি।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহাবুর তরফদার। তার তিন ছেলে ও তিন মেয়ে রয়েছেন। অভিযোগ রয়েছে, বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার বাবাকে দিয়ে জোর করে জমি নিজেদের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন।
বাবার মৃত্যুর খবর পেয়ে শুক্রবার সকালে বাড়িতে আসেন মেজ ছেলে বাক্প্রতিবন্ধী রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন। এ সময় তারা বাবার লাশ দাফনে বাধা দেন। তাদের দাবি, প্রাপ্য জমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাবার লাশ দাফন করতে দেওয়া হবে না। তাদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হয়নি। এমনকি গত দুই বছর বাবার সঙ্গে দেখা করতে না পারায় তারা আদালতে মামলাও করেছিলেন।
তবে জোর করে জমি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মনিরুল ও শফি তরফদার। তাদের দাবি, কোনো ধরনের জোরজবরদস্তি করা হয়নি। বাবা স্বেচ্ছায় ও নিজের ইচ্ছায় তাদের দুই ভাইয়ের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।
এদিকে, উদ্ভূত পরিস্থিতি নিরসনে স্থানীয়ভাবে দফায় দফায় মীমাংসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মহেশপুর থানার ওসি মো. ইমরান আলম বললেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন স্থানীয়দের বলেছেন, ‘কবর খুঁড়ে রাখেন, আমি গিয়ে দাফনের ব্যবস্থা করব।’