প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরে নিতে নানাভাবে চাপ দিচ্ছে দিল্লি। তবে এই চাপের কাছে নতিস্বীকার করছেন না তিনি। ভারতের চাপের মুখে সে দেশে সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ এক নীতিনির্ধারক আমার দেশকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ভারত যতক্ষণ না বাংলাাদেশের ওপর চাপ প্রয়োগের নীতি থেকে সরে আসছে, ততক্ষণ প্রধানমন্ত্রীর দিল্লি সফর অনিশ্চিতই থাকবে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে নানামুখী যে আলোচনা শুরু হয়েছিল, তা আজও অব্যাহত রয়েছে। সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ, পুশইনের মাধ্যমে সীমান্তে উত্তেজনা তৈরি, পানিবণ্টনসহ দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে দিল্লির অনাগ্রহÑসর্বোপরি হাসিনা ইস্যুকে বারবার ব্যবহার করে তারেক রহমানের সরকারকে চাপে রাখতে চেয়েছে মোদি সরকার।
দিল্লির এই অযাচিত চাপ, বিশেষ করে হাসিনা ইস্যুই প্রধানমন্ত্রীর দিল্লি সফরে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সবশেষ দিল্লি শেখ হাসিনাকে দিয়ে আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার ঘোষণার মাধ্যমে বাংলাদেশে রীতিমতো সন্ত্রাস উসকে দিয়েছে। দিল্লির এই পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভবিষ্যৎ ভারত সফরকে আরো জটিল করে তুলেছে। ভারতের এই আগ্রাসী আচরণ সরকারের শীর্ষ নীতিনির্ধারক মহলে প্রচণ্ড ক্ষোভ ও হতাশা তৈরি করেছে। তাই জাতীয় স্বার্থ বিবেচনায় ভারত ইস্যুতে তারা এখন কঠোর অবস্থানে।
বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা-দিল্লি সম্পর্ক এবং বহুল আলোচিত প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের ব্যাপারে আমার দেশ-এর সঙ্গে আলাপে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই শীর্ষ নীতিনির্ধারক বলেন, ভারত এখনো চাপ দিয়ে সবকিছু করার সেই পুরোনো নীতি নিয়েই চলছে। তারা প্রধানমন্ত্রীকে দিল্লি সফরের জন্য চাপ দিচ্ছে। চাপে ফেলে তারা প্রধানমন্ত্রীকে সেখানে নিতে চায়। কিন্তু তারেক রহমান তো দুই-তৃতীয়াংশ জনগণের ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি কারো চাপে নতিস্বীকার করবেন না। প্রধানমন্ত্রীর অবস্থান স্পষ্টÑতিনি ভারতের চাপের মুখে কখনো সেখানে যাবেন না।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরের অনুকূল পরিবেশ তৈরিতে দিল্লির পক্ষ থেকে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। তারা বারবার হাসিনা কার্ড খেলছে। দিল্লিতে হাসিনার অবস্থানকে বৈধতা দিতে তো প্রধানমন্ত্রী সেখানে যেতে পারেন না। ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ভারত যদি অন্তত ওসমান হাদির খুনিদের প্রত্যর্পণ করত, তাহলেও আমরা বুঝতাম চুক্তিটি কার্যকর আছে। পরে কোনো এক সময় হয়তো হাসিনাকে তারা প্রত্যর্পণ করবে। কিন্তু তারা এর কিছুই করেনি।
ওই নীতিনির্ধারক আরো বলেন, তারা এখন হাসিনাকে ফেরানোর নাম করে গণমাধ্যম ও অন্যদের দিয়ে উদ্ভট সব কথাবার্তা বলাচ্ছে। তারাও জানে হাসিনাকে ফেরানোর পথ কী। শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসিনাকে ফেরানোর পথ একটাইÑপ্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের ইমিগ্রেশন পুলিশ তাকে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেবে। এর বাইরে আর কোনো ফর্মুলা নেই। তিনি অবশ্য বলেন, হাসিনা ফিরবে না। মাঝে কিছু মানুষ তার উসকানিতে পা দিয়ে নিজেদের বিপদ ডেকে আনবে।
এদিকে একটি কূটনৈতিক সূত্র আমার দেশকে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান ঢাকায় আসার পর গত সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রণালয়টির শীর্ষ নীতিনির্ধারকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে গঙ্গার পানিবণ্টন, প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ দিল্লি সফরসহ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে নতুন অস্থিরতার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কূটনীতিক আমার দেশকে বলেন, আসলে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়। তারা সেটা চায় না। তারা মুখে অনেক কিছু বলে কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। দীনেশ ত্রিবেদী বারবার বলছেনÑদুই প্রধানমন্ত্রী বসলেই নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে। তার এই কথা বিশ্বাস করার কোনো কারণ নেই।
তিনি বলেন, দুই প্রধানমন্ত্রী একত্রে বসার আগে একটি অনুকূল পরিবেশ তৈরির জন্য তারা তো কোনো পদক্ষেপে নিচ্ছে না। গঙ্গার পানিবণ্টন ইস্যুটি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আলোচনার জন্য তাদের পক্ষ থেকে কোনো সাড়া নেই। উল্টো তারা হাসিনাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে। অথচ তারাও জানে দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি এবং তার নানামুখী অপতৎপরতা দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা।
নিকট ভবিষ্যতে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে ওই সিনিয়র কূটনীতিক জানান, ভারত যদি সত্যিকারার্থে আন্তরিক হয়, তাহলে যেকোনো সময় প্রধানমন্ত্রীর দিল্লি সফর হতে পারে। তবে চলতি বছর সফরের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। চলতি মাসের শেষে অথবা আগামী ডিসেম্বর মাসের প্রথম দিকে আমাদের নতুন হাইকমিশনার দিল্লি যাবেন। ৭ ডিসেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিম এবং ১৪ ডিসেম্বর মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ঢাকা সফর করবেন। এছাড়া প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরেরও প্রস্তুতি রয়েছে।
তিনি বলেন, দিল্লিতে প্রধানমন্ত্রীর একটি সফর হওয়া দরকার। কিন্তু সফর হলেই যে অনেক কিছু ঠিক হয়ে যাবে, আমি মোটেও তা মনে করি না। তবে দুদেশের মধ্যে যে অস্বস্তি তৈরি হয়েছে, তা কিছুটা কমতে পারে। বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে না যাওয়ার সিদ্ধান্তকে সঠিক বলেও মন্তব্য করেন ওই কূটনীতিক।
রাজনৈতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকরা মোদি সরকারের চাপের মুখে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। ভারত আসলে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের আর কারো সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেওয়ার ৯ মাস পার হয়েছে মাত্র। এরই মধ্যে ভারত বাংলাদেশের অভ্যন্তরে নানামুখী অস্থিতিশীলতার মাধ্যমে সরকারকে চাপে রাখতে চাইছে। বিশ্লেষকরা বলছেন, ভারত যদি তাদের মনোভাব না বদলায়, তাহলে সরকারের উচিত হবে দিল্লির সঙ্গে দূরত্ব বজায় রেখে চলা। বাংলাদেশ তার শক্ত অবস্থান ধরে রাখলে ভারত সুর নরম করতে বাধ্য হবে।
এই মুহূর্তে প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার সিদ্ধান্তকে যৌক্তিক আখ্যা দিয়ে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী আমার দেশকে বলেন, ভারত আসলে কোনোভাবেই জুলাই বিপ্লবকে মেনে নিতে পারেনি। আওয়ামী লীগ ও শেখ হাসিনা ছাড়া অন্য কারো ওপর তাদের আস্থা নেই। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে একের পর এক তৎপরতা চালিয়ে যাচ্ছে। ভারত আসলে সবসময় বাংলাদেশকে চাপের মধ্যে রাখতে চাইছে। হাসিনার দেশে ফেরার ঘোষণা সেই চাপ প্রয়োগেরই অংশ।
তিনি বলেন, এই পরিস্থিতিতে দিল্লি সফরে না যাওয়ার প্রধানমন্ত্রী সিদ্ধান্ত সঠিক। দিল্লিতে হাসিনার উপস্থিতিতে সেখানে প্রধানমন্ত্রীর সফর অবশ্যই ঝুঁকিপূর্ণ। তিনি সেখানে গেলে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। ভারতীয় সাংবাদিকরা এখন হাসিনা ইস্যুতে কী করছে, তা আমরা সবাই দেখছি। তারা যদি প্রধানমন্ত্রীকে সামনে পায়, তাহলে কী করবেÑতা সহজেই অনুমান করা যায়।
বর্তমান সরকারের ভারতনীতি আরো স্পষ্ট করার দাবি জানিয়ে এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, আমি মনে করি ভারত ইস্যুতে দেশের জনগণ প্রধানমন্ত্রীর পাশে থাকবে। কিন্তু ভারতের ব্যাপারে সরকারের নীতি আমার কাছে পুরোপুরি স্পষ্ট নয়। ভারত আমাদের সঙ্গে বৈরী আচরণ করছে বলে প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন না। কিন্তু এই পরিস্থিতিতে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বাড়ছেÑএটা খুবই উদ্বেগের।
তিনি বলেন, ভারত জাপানের মাধ্যমে বিশেষ করে মাতারবাড়ী প্রকল্পকে ব্যবহার করে ভবিষ্যতে বাংলাদেশের ওপর কতটা প্রভাব বিস্তার করবে, তা বুঝতে পারছি না। সরকারের উচিত এসব বিষয় জনগণের কাছে স্পষ্ট করা।
বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান এ ব্যাপারে আমার দেশ-এর সঙ্গে আলাপে বলেন, দিল্লির চাপের কাছে
নতিস্বীকার না করে প্রধানমন্ত্রী ভারত সফরে না যাওয়ার যে সিদ্ধান্ত বজায় রেখেছেন, তা শতভাগ সঠিক এবং তিনি এখানে সাহস ও প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। ভারত সবসময় তার প্রতিবেশীদের নানাভাবে চাপে ফেলে ব্ল্যাকমেইলিং করতে চায়। প্রধানমন্ত্রী যে ভারতের ফাঁদে পা দিচ্ছেন না, সেটা আমাদের জন্য স্বস্তির বিষয়।
তিনি বলেন, ভারত এখন পাকিস্তানে পানিসন্ত্রাস চালাচ্ছে। তারা বাংলাদেশকেও ভয় দেখাতে চায়Ñতাদের কথা না শুনলে গঙ্গার পানিবণ্টনসহ অন্যান্য দ্বিপক্ষীয় সমস্যার সমাধান হবে না। তবে প্রধানমন্ত্রী যে শক্ত অবস্থান নিয়েছেন, তা বজায় রাখলে ভারত সুর নরম করতে বাধ্য হবে। কারণ, ভারত এই অঞ্চলে এখন বন্ধুহীন। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরো খারাপ হলে তা তাদের জন্য হিতে বিপরীত হবে। এছাড়া যুক্তরাষ্ট্র, চীন, জাপান, তুরস্কসহ অন্যান্য শক্তিশালী দেশের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব যেভাবে শক্তিশালী হচ্ছে, তাতে ঢাকাকে নিয়ে দিল্লি নতুন করে ভাবতে বাধ্য হবে।
এই আন্তর্জাতিক বিশ্লেষক আরো বলেন, ভারত সরকারের সমর্থনে দেশটির সাবেক কূটনীতিকরা বাংলাদেশের বিরুদ্ধে রীতিমতো সন্ত্রাসীর ভাষায় কথা বলছেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী হাসিনাকে ফেরানোসহ অন্যান্য ইস্যুতে বাংলাদেশকে হুমকি দিচ্ছেন। তাদের কথা না শুনলে ভারত নাকি অন্য পথ ধরবে। ভারত তার এই আগ্রাসী নীতি না বদলালে বাংলাদেশের উচিত হবে ভারতের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলা।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি ঢাকা-দিল্লি সম্পর্ক উন্নয়নের বার্তাসংবলিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি হস্তান্তর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে।
ওই চিঠিতে মোদি তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানান। দায়িত্ব নেওয়ার পরপরই রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে প্রধানমন্ত্রীর সম্ভাব্য প্রথম বিদেশ সফর নিয়ে শুরু হয় আলোচনা। প্রধানমন্ত্রী প্রথমে ভারত নাকি অন্য কোনো দেশ সফরে যাবেন, তা নিয়ে চলতে থাকে আলোচনা।
প্রধানমন্ত্রীকে প্রথম সফরে দিল্লি নিতে মরিয়া হয়ে চেষ্টা চালায় ভারত সরকার। তারেক রহমান সরকারের একটি অংশ প্রধানমন্ত্রীর প্রথম সফর হিসেবে তার দিল্লি যাওয়ার ব্যাপারে আগ্রহী ছিল। তবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রথম বিদেশ সফরে দিল্লি যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত মেলেনি।
গত ৭ থেকে ৯ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দিল্লি সফর করেন। সে সময় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তার বৈঠকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফর এবং দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয় বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ওই বৈঠকে জুলাই মাসের প্রথম দিকে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। একই সঙ্গে দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে শেখ হাসিনাকে দিল্লিতে চুপ রাখা হবে বলে পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেন অজিত দোভাল।
এদিকে, চীনের পক্ষ থেকেও প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিং নেওয়ার ব্যাপারে শুরু হয় কূটনৈতিক তৎপরতা। গত ৫ থেকে ৭ মে বেইজিং সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ওই সফরে প্রধানমন্ত্রীর বেইজিং সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। পরে জাতীয় স্বার্থ ও ভূরাজনীতির সমীকরণ সামনে রেখে প্রধানমন্ত্রী তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া হয়ে চীনে যান। গত ২১ থেকে ২৬ জুন প্রধানমন্ত্রীর এ সফর অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর বেইজিং সফরে যাওয়ার সিদ্ধান্তের খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় গণমাধ্যম ও দিল্লিভিত্তিক বিভিন্ন থিংকট্যাংক বাংলাদেশ তথা প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখর হয়ে ওঠে।
ভারতের প্রধান গণমাধ্যমগুলোতে ফলাও করে খবর প্রচার হতে থাকেÑ‘খালেদার ছেলে তারেক ভারতকে পাশ কাটিয়ে চীনের দিকে ঝুঁকছে’। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ভেবেছিলাম তারেক রহমান প্রথম সফরে দিল্লি আসবেন। সেটা আর হলো না। এখন দেখা যাক ভারতের উদ্বেগের বিষয়গুলোকে তিনি কীভাবে অ্যাড্রেস করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, প্রতিবেশী দেশগুলোতে কী হচ্ছে, সে ব্যাপারে আমরা নজর রাখছি।
প্রধানমন্ত্রীর চীন সফরের সিদ্ধান্তকে ঘিরে ভারতীয় গণমাধ্যমে এতটাই নেতিবাচক প্রচার চালানো হয়, শেষ পর্যন্ত এর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানায় বেইজিং। চীন সরকারের প্রধান মুখপত্র দ্য গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে ভারতের কড়া সমালোচনা করে বলা হয়, কোনো দেশের সরকারপ্রধান কোথায় আগে গেলেন বা পরে গেলেন তা গুরুত্বপূর্ণ কোনো ইস্যু নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে ভারত যে ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে, তা তাদের দাদাগিরি ফলানোর মানসিকতার পরিচায়ক।
এদিকে, প্রধানমন্ত্রীর চীন সফরে ঢাকা-বেইজিং সম্পর্কের ক্ষেত্রে নতুন কৌশলগত ভিত্তি তৈরি হয়। প্রধানমন্ত্রীর চীন সফরের পর বাংলাদেশের সঙ্গে রীতিমতো বৈরী আচরণ শুরু করে মোদি সরকার। দিনের পর দিন পুশইনচেষ্টার মাধ্যমে সীমান্তজুড়ে চরম অস্থিরতা তৈরি করা হয়। বাংলাদেশে একটি রামমূর্তি স্থাপনকে কেন্দ্র করে সংখ্যালঘু হিন্দুদের মাঠে নামানো হয়। তারেক রহমান সরকারকে চাপে ফেলতে আবারো সামনে আনে ‘হাসিনা কার্ড’।
বিগত অন্তর্বর্তী সরকারের সময়ও হাসিনাকে দিয়ে ধারাবাহিকভাবে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে বাংলাদেশে সন্ত্রাস উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। হঠাৎ গত ১০ জুলাই শেখ হাসিনা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এক টেলিফোন সাক্ষাৎকারে ঘোষণা দেনÑআগামী ডিসেম্বরে তিনি তার নেতাদের নিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন। অর্থাৎ শেখ হাসিনাকে দিয়ে যেভাবে ইউনূস সরকারকে চাপে ফেলার চেষ্টা করা হয়েছিল, সেই একই পথ ধরে বর্তমান তারেক রহমান সরকারকে চাপে ফেলার চেষ্টা করে দিল্লি।
গত ৫ আগস্ট বাংলাদেশের আনুষ্ঠানিক আপত্তি উপেক্ষা করে দিল্লিতে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। ঘটনায় দুদেশের সম্পর্কে নতুন করে তৈরি হয় চরম অস্থিরতা। এমন পরিস্থিতিতে গত ১০ আগস্ট প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ওই সাক্ষাতে প্রধানমন্ত্রীকে সপরিবারে ভারত সফরে নেওয়ার দিল্লির আগ্রহের কথা জানান ভারতীয় দূত।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানায়, দীনেশ ত্রিবেদীকে সাফ জানিয়ে দেওয়া হয়Ñঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে অনুকূল পরিবেশ দিল্লিকেই তৈরি করতে হবে। একই সঙ্গে দণ্ডিত শেখ হাসিনা ও শরীফ ওসমান হাদির সন্দেহভাজন খুনিদের হস্তান্তরের পাশাপাশি পানিবণ্টন ও সীমান্ত সমস্যাসহ দ্বিপক্ষীয় ইস্যুগুলোর সুরাহা হতে হবে।
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষেই দীনেশ ত্রিবেদী ছুটে যান দিল্লি। তিনি সেখানে বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। তারেক রহমান সরকারের বার্তাও পৌঁছে দেন নরেন্দ্র মোদিকে। ঢাকার ওই বার্তার পর শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা নিয়ন্ত্রণ ও ওসমান হাদির খুনিদের হস্তান্তরের ব্যাপারে দিল্লির পক্ষ থেকে ঢাকাকে ইতিবাচক বার্তা দেওয়া হয়। একই সঙ্গে আগস্ট মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়। সম্ভাব্য সফরসূচি হিসেবে ২০ ও ২১ আগস্ট প্রস্তাব করে দিল্লি।
তবে সফরের বিষয়টি কোনো ধরনের চূড়ান্ত হওয়ার আগেই ভারতীয় কর্তৃপক্ষের সোর্সের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি, দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় গণমাধ্যমগুলো একযোগে সংবাদ প্রচার করেÑবাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে দিল্লি সফর করতে পারেন, যা মোটামুটি নিশ্চিত। ভারতীয় গণমাধ্যমগুলোর ওই খবর বাংলাদেশের গণমাধ্যমেও ফলাও করে প্রচার করা হয়, যা সরকারের নীতিনির্ধারক মহলে রীতিমতো অস্বস্তি তৈরি করে।
সরকারের একজন নীতিনির্ধারক এ প্রসঙ্গে আমার দেশ-এর সঙ্গে আলাপে বলেন, সরকারকে চাপে ফেলতে ও বিভ্রান্ত করতে এ ধরনের খবর প্রচার করা হয়। প্রধানমন্ত্রী অবশ্যই দিল্লি সফর করবেন, তবে তার আগে বিদ্যমান ইস্যুগুলো সমাধানে ভারতকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতীয় স্বার্থ বাদ দিয়ে কাউকে খুশি করতে প্রধানমন্ত্রী কোনো দেশ সফরে যাবেন না।
১৬ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র একেএম শহীদুল করিম জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের আগে একটি উপযুক্ত বা অনুকূল পরিবেশ সৃষ্টি করা জরুরি। ৫ আগস্ট নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য সংবাদ সম্মেলন দ্বিপক্ষীয় সফরের পরিবেশকে জটিল ও বিনষ্ট করেছে ।
এমন পরিস্থিতিতে গত ৯ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে ই-মেইল পাঠিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেন শেখ হাসিনা। দিল্লির ডিপ স্টেটের পরিকল্পনা অনুযায়ী এই পাসপোর্ট নাটক সাজানো হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিষয়টিকে হাস্যকর আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশ কোনো দণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। হাসিনা খুন করে পালিয়েছে, পাসপোর্ট নিয়ে দেশে ফেরার কোনো সুযোগ নেই।
বাংলাদেশের ওপর চাপ বাড়াতে দিল্লি আন্তর্জাতিক গণমাধ্যমকে ব্যবহার করছে। সবশেষ গত ১২ নভেম্বর বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, দিল্লি চায় বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দায়িত্ব নিক এবং তার নিরাপত্তা নিশ্চিত করুক। এছাড়া তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়ার ব্যাপারেও নিশ্চয়তা চায়। প্রতিবেদনটি প্রকাশের পর একই বয়ান নিয়ে সোচ্চার হয়েছেন ভারতের সাবেক কূটনীতিকরা। সব মিলিয়ে তারেক রহমান সরকারকে চাপে রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে দিল্লি।