Image description
সিলেট মহানগরের চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনায় বাস চারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
 
ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয়ের (ল’ কলেজ) সামনে দাঁড়িয়ে থাকা বাসগুলোতে আগুন দেওয়া হয়। পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত বলে জানা গেছে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।
 
আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন। তিনি বলেন, কারা বা কী কারণে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।