নাশকতার আগুনে সড়কে জ্বলছে বাস, পেট্রল বোমায় পুড়ছে বাড়ি, লক্ষ্যবস্তু হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, রেললাইন অবরোধের চেষ্টাও হচ্ছে। গত কয়েকদিনের মতো গতকাল বুধবার রাত থেকে একই চিত্র দেখা গেছে দেশের বিভিন্ন স্থানে।
দুই বছর আগে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর দেশে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার আগুন ছড়িয়ে দিচ্ছে বলে সরকারের অভিযোগ।
শেখ হাসিনার জেলা গোপালগঞ্জ কয়েকদিন ধরে উত্তপ্ত থাকার মধ্যে গতকাল সন্ধ্যায় নড়াইলে হামলায় নিহত হয়েছেন বিএনপির সহযোগী দুটি সংগঠনের দুই নেতা।
এরপর রাতে পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে রেললাইনে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা হয়েছে। রেললাইন অবরোধ হয়েছে রাজশাহীতেও। চাঁদপুর ও ময়মনসিংহে দুটি ইউনিয়ন পরিষদ কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার ভোরে মীরেরটেক এলাকায় খড়বোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়।নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন দেওয়া হয়েছে বাস ও ট্রাকে। যশোরে ছোড়া পেট্রল বোমায় দগ্ধ হয়েছেন এক ট্রাকচালক। রাজশাহীর বাঘায় হাতবোমার লক্ষ্যবস্তু হয়েছে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়।
অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের বাড়িতে দেওয়া হয়েছে আগুন। বাগেরহাটে মিল্কভিটা চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে পেট্রলবোমা।
অন্যদিকে চাঁদপুরে আগুনে পুড়েছে আওয়ামী লীগের নেতা দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়ি। বরিশালে আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের বাড়িতে, পিরোজপুরে পুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ আমলের মন্ত্রী শ ম রেজাউল করিমের দুটি বাড়ি। মাদারীপুরে ভাঙচুর হয়েছে সাবেক মন্ত্রী শাজাহান খানের ফিলিং স্টেশন।
নাশকতার বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকালই সংসদে বলেছেন, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে বিতাড়িতরা, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের গুঁড়িয়ে দিতে হবে।
এরপর ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি নামানো হয়েছে, পুলিশও রয়েছে সতর্ক। এর পাশাপাশি আওয়ামী লীগের ডাকা আজকের ‘লকডাউন’ ঠেকাতে কর্মসূচি দিয়ে সারা দেশে মাঠে নেমেছে বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো।
সড়কে গাড়িতে আগুন-পেট্রল বোমা, রেললাইন অবরোধের চেষ্টা
নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে আজ ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুটি স্থানে বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়েছে। গাড়ি দুটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, জামপুর ইউনিয়নের মীরের টেক এলাকায় খড়বোঝাই একটি ট্রাকে আগুন দেয় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত। তার কয়েক ঘণ্টার মধ্যে কাঁচপুর সেতু এলাকায় আগুন দেওয়া হয় ঢাকা-কুমিল্লা রুটের তিশা পরিবহনের একটি বাসে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসের যাত্রীরা দ্রুত নেমে পড়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানালেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা।
যশোর: ভোরে যশোর সদর উপজেলার হামিদপুর নুরিতলা এলাকায় মহাসড়কে চলন্ত একটি কাভার্ড ভ্যানে পেট্রল বোমা ছোড়া হলে দগ্ধ হন এর চালক রাজিব (৪৫)। তার সহকারী হৃদয় (৪০) ভাঙা কাচের আঘাতে আহত হন। স্থানীয়রা জানালেন, ঢাকা থেকে যশোরগামী কাভার্ড ভ্যানটি নুরিতলা এলাকায় পৌঁছালে রাস্তার পাশের একটি কলাবাগান থেকে চার-পাঁচজন দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে দুটি পেট্রল বোমা ছোড়ে। একটি খোলা জানালা দিয়ে ভেতরে ঢুকে চালকের পাশে বিস্ফোরিত হয়। এতে গাড়িটিতে আগুন ধরে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ড ভ্যানটি সড়কের পাশের একটি বাগানে ঢুকে পড়ে। খবর পেয়ে চাঁনপাড়া ক্যাম্পের টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা আহত দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক মাশহারুল হক ইমন জানিয়েছেন, আগুনে চালক রাজিবের মুখ, পিঠ ও হাতের চামড়া পুড়ে গেছে। তার শারীরিক অবস্থা গুরুতর।
পাবনা: ঈশ্বরদীতে পাকশী ইউনিয়নের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে রেললাইনে অগ্নিসংযোগের মাধ্যমে ট্রেন চলাচল অবরোধের চেষ্টা হয় গভীর রাতে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা রেললাইনে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছে। ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানালেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
রাজশাহী নগরীর বিআরটিসি বাস টার্মিনালে আগুন দেওয়া হয়েছে দুটি বাসে।রাজশাহী: রাজশাহী নগরীর বিআরটিসি বাস টার্মিনালে আগুন দেওয়া হয়েছে দুটি বাসে। ককটেল ফাটানো হয়েছে শিরোইল ও কোর্ট এলাকায়। চারঘাটে রেললাইনে আগুন দেওয়ায় প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। রাত ২টার পর নগরীর শাহ মখদুম থানার আম চত্বর এলাকায় বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। শাহ মখদুম থানার ওসি আকবর আলী বলেছেন, ঘটনার পরপরই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারীতে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে রাত ১১টা ১৫ মিনিটের দিকে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ঢাকা কমিউটার ট্রেনটি ঘটনাস্থলের কাছাকাছি আটকা পড়ে। রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বলেছেন, রাত ১২টা ৫ মিনিটে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বরগুনা: জেলার তিনটি উপজেলায় পাঁচটি স্থানে হাতবোমা বিস্ফোরণ, বাস ভাঙচুর, মশাল মিছিল ও সড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে রাতে। পুলিশের দাবি, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই নাশকতা চালিয়েছে। আমতলী উপজেলায় দুজনকে আটকও করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে আমতলীর শাখারিয়া বাজারসংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তখন পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ভাঙচুর করা হয় একটি বাস। তখন পুলিশ গিয়ে দুজনকে আটক করে। রাত সাড়ে ৯টার দিকে বরগুনা পৌর মাছবাজারের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।
মাদারীপুর: শিবচরে কুতুবপুর ইউনিয়নে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মধ্যরাতে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সড়কে আগুন জ্বালিয়ে ও গাছ ফেলে গাড়ি চলাচলে বাধার সৃষ্টি করেন তারা। পরে বিএনপির নেতাকর্মীরা গিয়ে সড়ক থেকে গাছ সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানালেন স্থানীয়রা।
নাটোর: নলডাঙ্গা উপজেলায় রাত ৯টার দিকে সড়কের ওপর আগুন জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সড়কে আগুন ধরানো হলে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহান জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা হয়। এ সময় আতঙ্কিত হয়ে বাস থেকে নামতে গিয়ে আহত হন কয়েকজন শিক্ষার্থী। কুমিল্লা শহরের পুলিশ লাইন্স থেকে ক্যাম্পাসে ফেরার পথে রাত ৯টার দিকে বেলতলী বিশ্বরোড এলাকায় বাসটি দুর্বৃত্তের কবলে পড়েছিল। শিক্ষার্থীদের ধাওয়ার মুখে দুর্বৃত্তরা পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা সবাই সুস্থ আছেন। কেউ হতাহত হননি এবং বাসেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
মুকসুদপুরে থানা ও গ্রামীণ ব্যাংকে ভাংচুর ও আগুন দেওয়া হয়েছে।ইউপি কার্যালয়, গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ
চাঁদপুর: সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় পেট্রোলবোমা ছুড়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনের জানালা ভেঙে ঢুকে দুর্বৃত্তরা আগুন দেয় পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিল্লাল হোসেন সোহাগ জানিয়েছেন। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেছেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটিয়েছে। এতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ময়মনসিংহ: ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে সকাল ৬টার দিকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে। ইউপির প্রশাসনিক কর্মকর্তা ইসমত আরা জানিয়েছেন, চেয়ারম্যানের কক্ষের পেছনের একটি জানালা সামান্য ভাঙা ছিল। ওই জানালা দিয়েই আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গোপালগঞ্জ: মুকসুদপুরে থানা ও গ্রামীণ ব্যাংকে ভাংচুর ও আগুন দেওয়া হয়েছে। ভোর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধকারীরা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ভোর থেকেই গোপালগঞ্জ শহর ও অভ্যন্তরীণ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। শহরের দোকানপাটও বন্ধ। টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কেও যান চলাচল আটকে দেওয়া হয়েছে।
রাজশাহী: বাঘা উপজেলার মনিগ্রাম গ্রামীণ ব্যাংক কার্যালয় চত্বর থেকে সকালে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার হয়। ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মো. মহসিন রেজা বলেছেন, সকালে ব্যাংকের এরিয়া ম্যানেজার হাঁটতে বেরিয়ে কার্যালয় চত্বরের ভেতরে পাঁচটি এবং বাইরে একটি ককটেল পড়ে থাকতে দেখেন। বাঘা থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান বলেছেন, ককটেলগুলো এখনো অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞ দল প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া পর্যন্ত স্থানীয় লোকজনকে নিরাপদ দূরত্বে থাকার এবং পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
পাবনা: সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের মিলনায়তনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটেছে। সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে দুর্বৃত্তরা সদর উপজেলা পরিষদ চত্বরের নবনির্মিত মিলনায়তনের পেছন দিকের জানালার কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা সেখানে ককটেল বিস্ফোরণ ঘটালে ভেতরে আগুন ধরে যায়। এতে মিলনায়তনের দুটি চেয়ার পুড়ে যায় এবং শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ক্ষতিগ্রস্ত হয়। পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা বলেছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মুখ বাঁধা তিন ব্যক্তি মিলনায়তনে প্রবেশ করে ককটেল বিস্ফোরণ ঘটায়। পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহা জানান, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পাল্টাপাল্টি আগুনে আক্রান্ত নেতাদের বাড়ি
চট্টগ্রাম: সার্বক্ষণিক পুলিশ পাহারায় মধ্যেই রাত সাড়ে ১২টার দিকে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় ড. ইউনূসের পৈতৃক বাড়ি ‘নিরিবিলি’তে আগুন দেওয়া হয়। বাড়িটিতে কেউ থাকেন না বলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, ‘বাসাটিতে সার্বক্ষণিক তিনজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। এ ছাড়া নিজস্ব নিরাপত্তাকর্মী ছিলেন একজন। হঠাৎ তারা দেখতে পান, বাড়ির পরিত্যক্ত অংশে কাগজের স্তূপে আগুন জ্বলছে। তারা গিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।’ পুলিশের ধারণা, আওয়ামী লীগের কেউ এর সঙ্গে জড়িত।
গোপালগঞ্জ: কাশিয়ানীতে হামলা হয়েছে গোপালগঞ্জ-১ আসনে বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়ানীতে সংসদ সদস্য সেলিমুজ্জামানের বাড়িতে প্রথমে ককটেল ছোড়া হয়, এরপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে মঙ্গলবার রাতে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও হামলা হয়েছিল। গতকাল গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় সংসদ সদস্য কে এম বাবরের ক্লিনিকে হামলা হয়।
বাগেরহাট: ফকিরহাটে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়া হয়। স্থানীয়রা জানান, রাত ১০টার পর মোটরসাইকেলে আসা দুই যুবক বাড়িটি লক্ষ্য করে পরপর তিনটি পেটোলবোমা ছুড়ে পালিয়ে যান। পেট্রলবোমাগুলো বাড়ির সামনের রাস্তায় বিস্ফোরিত হয়। এতে ঘরবাড়ি বা মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফকিরহাট মডেল থানার ওসি রজিউল্লাহ খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
বরিশাল: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর বটতলা এলাকার বাড়িতে আগুন দেওয়া হয় ভোররাতে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রদলের নেতাকর্মীরা ভোররাতে নানকের বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে বেশ কয়েকটি জানালা ভাঙচুরের পর বাড়িটিতে আগুন দেন।
ফেনী: ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর বাড়িতে অগ্নিসংযোগ হয় রাতে। সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে তার বাড়ি ‘সালমা গার্ডেনে’ মুখোশ পরা একদল দুর্বৃত্ত আগুন ধরায় বলে ঢাকায় থাকা রহিমের স্ত্রী জানিয়েছেন। সোনাগাজী মডেল থানার ওসি আবুল হাসিম জানান, বাড়িতে অগ্নিসংযোগের খবর তারা পেয়েছেন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
চাঁদপুর: জেলা শহরে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী দীপু মনি ও দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন লেগেছে রাতে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, দীপু মনির বাসভবনের নিচতলার একটি কক্ষে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে সদস্যরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। সুজিত রায় নন্দীর বাড়ির অগ্নিকাণ্ডের বিষয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মন্টু বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। এটা অগ্নিকাণ্ড নাকি নাশকতা, তা নিশ্চিত করতে পারেননি চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ।
ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।৭ জেলায় বিজিবি মোতায়েন
নাশকতায় আতঙ্ক ছড়িয়ে পড়াপর মধ্যে ৭ জেলায় মোতায়েন করা হয়েছে ৯৬ প্লাটুন বিজিবি। জেলাগুলো হচ্ছে- ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর।
আজ বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বমোট ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এই সাতটি জেলায়।
ঢাকায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৭ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন এবং ফরিদপুরে ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।
বার্তায় জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।