কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে সকাল থেকেই যানবাহন ও মানুষের উপস্থিতি কম রয়েছে। বৃহস্পতিবার ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েসহ উপজেলার বিভিন্ন সড়কে যানবাহন ও মানুষের চলাচল ছিল তুলনামূলক কম। যাত্রীসংকটে দূরপাল্লার বেশ কিছু বাস নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি। বিভিন্ন বাস কাউন্টারে চালক ও পরিবহনশ্রমিকদের যাত্রীর অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে।
তবে মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়নি। দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল চলাচল করছে। নিরাপত্তা উদ্বেগ ও সম্ভাব্য অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় জরুরি প্রয়োজন ছাড়া অনেকে ঘর থেকে বের হচ্ছেন না। বৃহস্পতিবার সকাল থেকে শিবচর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ঢাকাগামী যাত্রী সুজন মাতুব্বর বলছিলেন, ‘ঢাকা যাওয়ার জন্য এসেছিলাম। গাড়ি আছে, কিন্তু লোকজন নেই। যাত্রী না থাকায় গাড়িও ছাড়ছে না। এভাবে চলতে থাকলে আমরা খেটে খাওয়া মানুষ কীভাবে চলব?’
দূরপাল্লার বাসচালক রবিন মিয়ার ভাষ্য, ‘যাত্রী নেই, রাস্তাও ফাঁকা। তাই বসে আছি। যাত্রী হলে গাড়ি ছাড়ব। দেশের যে পরিস্থিতি, তাতে ভয়ে অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। সরকার ও প্রশাসনের কাছে দাবি, যেন নিরাপদে চলাচলের পরিবেশ নিশ্চিত করা হয়।’
এদিকে সম্ভাব্য নাশকতা, ভাঙচুর ও বিশৃঙ্খলা ঠেকাতে শিবচরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। দলটির নেতারা বলছেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা মাঠে রয়েছেন।
শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান আগামীর সময়কে বলেন, ‘কিছু সময়ের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কে উঠেছিলেন। পরে আমরা নেতাকর্মীদের নিয়ে তাদের প্রতিহত করেছি। এরপর আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা মাঠে রয়েছি।’
মাদারীপুর জেলা বিএনপির সদস্য আব্দুল হান্নান মিয়া বলেছেন, আওয়ামী লীগের অনুসারীরা যাতে কোনো ধরনের ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে না পারে, সে জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে রয়েছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় আমরা সবসময় তাদের পাশে থাকব।
পরিবহন খাতে বড় ধরনের অচলাবস্থার কথা অস্বীকার করেছেন বাস মালিক সমিতির নেতারা। তাদের দাবি, শিবচরসহ মাদারীপুরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রীসংখ্যা কিছুটা কমেছে।
মাদারীপুর জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির সভাপতি কে এম তোফাজ্জেল হোসেন সান্টু খান বলেছেন, ‘আমাদের এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দূরপাল্লার বাস চলাচল করছে, তবে যাত্রীর সংখ্যা কিছুটা কম। কোনো পক্ষ যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, ‘শিবচরের কয়েকটি স্থানে আওয়ামী লীগের অনুসারীরা বিক্ষোভ মিছিল করেছে। পরে বিএনপি ও প্রশাসনের লোকজন মিলে তাদের প্রতিহত করেন। এরপর আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বদা মাঠে রয়েছে।’
মাদারীপুরের পুলিশ সুপার ফজলে এলাহি বলেন, ‘পুলিশ প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
হাইওয়ে পুলিশের ভাষ্য, এখন পর্যন্ত ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েসহ মহাসড়কে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন পুলিশ সদস্যরা।