Image description

গুলিস্তানের সড়ক ও ফুটপাত থেকে হকারদের সরাতে অভিযান চালায় কর্তৃপক্ষ। হকাররা গুটিয়ে নেন দোকান, সরিয়ে ফেলেন ঠেলাগাড়ি, অপেক্ষায় থাকেন অভিযান শেষ হওয়ার। কিন্তু কর্তৃপক্ষ চলে যাওয়ার কয়েক ঘণ্টা কিংবা কয়েক দিনের মধ্যেই আবার ফিরে আসেন তারা। আগের জায়গায় বসে শুরু হয় বেচাকেনা। এভাবেই উচ্ছেদ আর ফিরে আসার চক্রে আটকে আছে গুলিস্তানের সড়ক ও ফুটপাত।

gulistan2ছবি: কাজী আরিফুজ্জামান রোজেল/ টাইমস

নগরীর জনপরিসর দখলমুক্ত করতে বারবার অভিযান চালিয়েও স্থায়ী সমাধান আনতে পারেনি কর্তৃপক্ষ। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে গুলিস্তান ও আশপাশের এলাকায় অন্তত ৯টি উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কিন্তু কোনো অভিযানই দীর্ঘ সময় সড়ক ও ফুটপাত হকারমুক্ত রাখতে পারেনি। অভিযান শেষে কর্তৃপক্ষ সরে গেলে ধীরে ধীরে আবার দখল ফিরে আসে। আগের হকারদের কেউ কেউ ফেরেন, আবার কেউ নতুন করে দোকান বসান। উচ্ছেদে ভেঙে যাওয়া দোকানের জায়গায় আসে নতুন দোকান, কেউবা অবশিষ্ট সরঞ্জাম দিয়েই ব্যবসা শুরু করেন।

গত মাসে উচ্ছেদ অভিযানের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত সড়কে হকার বসতে না দেওয়ার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, রাতের বাজার ও ছুটির দিনের বাজার নির্ধারণ করা হয়েছে। তাদের কেবল এসব নির্ধারিত স্থানেই ব্যবসা করতে দেওয়া হবে।

 

gulistan3
ছবি: কাজী আরিফুজ্জামান রোজেল/ টাইমস

গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত পুরো সড়ক হকারমুক্ত রাখা হবে জানিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই প্রধান সড়ক দখল করতে দেওয়া হবে না। উচ্ছেদ ও অবৈধ দখলমুক্ত করার অভিযান চলমান প্রক্রিয়া, এটি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তবে সরেজমিনে দেখা গেছে, প্রশাসকের কঠোর অবস্থানের পরও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। গোলাপ শাহ মাজার, গুলিস্তান জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, বায়তুল মোকাররম মসজিদ, জাতীয় স্টেডিয়াম এমনকি সচিবালয়ের প্রবেশপথের আশপাশেও ফিরে এসেছেন ভ্রাম্যমাণ হকাররা।

 
gulistan4
ছবি: কাজী আরিফুজ্জামান রোজেল/ টাইমস

গুলিস্তান শপিং কমপ্লেক্স থেকে গোলাপ শাহ মাজার পর্যন্ত প্রায় পুরো সড়কজুড়েই বসেছে হকারদের দোকান। কোথাও কোথাও সবশেষ উচ্ছেদ অভিযানের পর হকারের সংখ্যা আরও বেড়েছে বলে মনে হচ্ছে। অভিযোগ রয়েছে, কেউ কেউ গুলিস্তান শহীদ মতিউর পার্কের ভেতরে কাঠের দোকান ও ঠেলাগাড়ি রাখার জন্য টাকা দিয়ে জায়গা নিচ্ছেন। উচ্ছেদ এড়াতে সেখানে সরঞ্জাম রেখে অভিযান শেষ হলে আবার সড়কে ফিরিয়ে আনছেন।

হকারদের কাছে ফুটপাতের এসব জায়গা শুধু ব্যবসার স্থান নয়, জীবিকা নির্বাহের অবলম্বনও। প্রতিদিনের আয় নির্ভর করে এসব জায়গায় বসে পণ্য বিক্রির ওপর। ফলে উচ্ছেদে সরে গেলেও বিকল্প কর্মসংস্থান কিংবা ব্যবসার জায়গা না থাকায় আবারও পুরোনো স্থানে ফিরে আসেন তারা।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খায়বার রহমান বলেন, উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নে সিটি করপোরেশন কাজ করছে। প্রশাসক নিজেও অনেক অভিযানে নেতৃত্ব দিয়েছেন। তবে কিছু ক্ষেত্রে ঘাটতি থাকায় উচ্ছেদ কার্যক্রম পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে স্বীকার করেন তিনি।

gulistan5
ছবি: কাজী আরিফুজ্জামান রোজেল/ টাইমস

নগর পরিকল্পনাবিদদের মতে, বারবার উচ্ছেদ করেও হকার সমস্যার সমাধান না হওয়ার পেছনে রয়েছে পরিকল্পনার অভাব। ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক আদিল মুহাম্মদ খান বলেন, সমন্বিত পরিকল্পনা ছাড়া বিচ্ছিন্ন উচ্ছেদ অভিযান সমস্যার সমাধান করতে পারে না; বরং তা লোকদেখানো কার্যক্রমে পরিণত হয়।

তিনি বলেন, উচ্ছেদের আগে হকারদের একটি পূর্ণাঙ্গ ডেটাবেজ তৈরি করা প্রয়োজন। পাশাপাশি তাদের জন্য ঋণ সুবিধা, পুনর্বাসন ব্যবস্থা এবং নির্ধারিত হকার জোন, ছুটির দিনের বাজার ও রাতের বাজারের মতো বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এসব ব্যবস্থা ছাড়া জীবিকার তাগিদে হকাররা বারবার একই জায়গায় ফিরে আসবেন। যতবারই উচ্ছেদ করা হোক, বিকল্প ব্যবস্থা না থাকলে সড়ক ও ফুটপাত আবারও দখল হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। পরিকল্পিত পুনর্বাসন ও দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা না আসা পর্যন্ত গুলিস্তানের চিত্র বদলানোর সম্ভাবনা কম।