খুলনার অপরাধজগতে নব্বইয়ের দশক ও পরবর্তী সময়ের মৃণাল, দাদা তপন, মোফাখখার চৌধুরীদের সন্ত্রাসী তৎপরতার ধারাবাহিকতায় এখন আলোচনায় ‘গ্রেনেড বাবু’সহ অন্তত ৯টি সন্ত্রাসী গোষ্ঠী। নগর ও আশপাশের এলাকায় এসব গোষ্ঠীর বিরুদ্ধে আধিপত্য বিস্তার, মাদক কারবার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ রয়েছে। এসব নিয়ন্ত্রণ নিয়ে গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ কোন্দল ও পাল্টাপাল্টি হামলায় বাড়ছে খুনোখুনি। অপরাধজগতের নেতৃত্ব ও গোষ্ঠীর নাম বদলালেও সহিংসতা থামছে না। প্রতিদিনই ঘটছে সহিংসতা।
পুরোনো চরমপন্থী তৎপরতা, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগ, নতুন অপরাধী নেটওয়ার্ক এবং সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা—সব মিলিয়ে খুলনার পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
স্থানীয় লোকজন বলছেন, খুলনার আতঙ্ক ‘বি কোম্পানি’ দক্ষিণ অঞ্চলের (বিশেষ করে খুলনা মহানগর ও আশেপাশের এলাকা) একটি আলোচিত নাম ও সন্ত্রাসী গোষ্ঠী। এই অপরাধী চক্রের প্রধান নিয়ন্ত্রক হিসেবে পরিচিত ‘গ্রেনেড বাবু’। খুলনায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, দখলদারি, হত্যাচেষ্টা ও অভ্যন্তরীণ কোন্দলে খুনোখুনিতে এই গ্রুপের সদস্যরা জড়িত।
এদিকে, সন্ত্রাস দমনে যৌথবাহিনীর মহড়া চলার মধ্যেই খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ীসহ দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ঘের ব্যবসায়ীর নাম সোলায়মান ফকির ওরফে সোলাই। তার বয়স ষাটের বেশি। দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তার পা, হাত ও ঘাড়ে গুলি লাগে। তাকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা আরও একটি গুলি ছোড়ে। ওই গুলিতে খালেক নামে এক ভ্যানচালক আহত হন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. মনিরুল ইসলাম বলেন, ‘গুলিতে দুজন আহত হয়েছেন। রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার পা, হাত ও ঘাড়ে গুলি লাগে। পালানোর সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে খালেক নামে এক ভ্যানচালকও আহত হন। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।’
পুরোনো চরমপন্থী ও সন্ত্রাসী ধারার অনুসারী হিসেবে দৌলতপুর ও আশপাশের এলাকায় সক্রিয় ছিল চরমপন্থী থেকে অপরাধজগতে আসা নাসিম গ্রুপ। গত ৪ অক্টোবর বেলা ১১টার দিকে দিঘলিয়ার ফরমায়েশখানা এলাকায় বাড়ির সামনে চা খেতে বেরিয়ে গুলিতে নিহত হন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মো. নাসিমুল গণি ওরফে নাসিম (৪৫)। তিনি উপজেলার ফরমাইশখানা এলাকার মৃত আ. গফুরের ছেলে।
দিঘলিয়া থানার ওসি খন্দকার সানোয়ার হুসাইন মাসুম বলেন, নাসিম পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। তার নামে ওই সময়ের সাতটি মামলা রয়েছে। এর মধ্যে চারটি হত্যা মামলা। সবগুলোতেই নাসিম জামিনে ছিলেন। বর্তমানে তার সন্ত্রাসী কার্যক্রম সুনিপুণভাবে পরিচালিত হতো। চরমপন্থী আমল থেকে বর্তমান সময় পর্যন্ত তিনি আতঙ্কের কারণ ছিলেন। পুরোনো আমলের অস্ত্র কেনাবেচার লেনদেন নিয়ে চলমান বিরোধের ধারাবাহিকতায় সন্ত্রাসী গোষ্ঠীর গুলিতে নাসিম নিহত হন।
খুলনার অপরাধজগতের ইতিহাস নতুন নয়। সময়ের সঙ্গে বদলেছে অপরাধের ধরন, নেতৃত্ব ও গোষ্ঠীর নাম। নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুর দিকে চরমপন্থী গোষ্ঠীর তৎপরতায় আতঙ্কিত ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। সেই সময়ের আলোচিত নামগুলোর মধ্যে ছিল মৃণাল, দাদা তপন, মোফাখ্খার, হিটলার, রশীদ, সোয়েব ও সুমন।
দাদা তপন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থী অপরাধজগতের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। অন্যদিকে, ডুমুরিয়ার মৃণালকে ঘিরে নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির তৎপরতাও আতঙ্কের কারণ হয়ে উঠেছিল। মোফাখ্খার, হিটলার, রশীদ, সোয়েব ও সুমনদের নাম শুনলেও মানুষ শিউরে উঠত। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান, গ্রেফতার ও সংঘর্ষের মধ্য দিয়ে পুরোনো অপরাধী নেটওয়ার্কের অনেক নেতার তৎপরতার অবসান ঘটে। তবে অপরাধের বিস্তার থামেনি। সেই ধারাবাহিকতায় খুলনায় নতুন করে সক্রিয় হয়েছে বিভিন্ন অপরাধী গোষ্ঠী।
বর্তমানে খুলনায় অন্তত ৯টি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে মাদক কারবার, চাঁদাবাজি, এলাকা নিয়ন্ত্রণ ও সহিংসতার অভিযোগ রয়েছে। আলোচিত গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর বি-কোম্পানি, শেখ পলাশ গ্রুপ, নূর আজিম গ্রুপ, আশিক বাহিনী, হুমা বাহিনী, টেংকি শাওন গ্রুপ, আরমান শেখ গ্রুপ ও শাকিল শেখ গ্রুপ। নাসিমেরও একটি গ্রুপ ছিল। তার মৃত্যুর পর গ্রুপটি এখন বিচ্ছিন্ন।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর এসব গোষ্ঠীর তৎপরতা বেড়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি। অপরাধী গোষ্ঠীগুলোর বিরোধের কেন্দ্রে রয়েছে মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ। এসব বিরোধের জেরে সংঘটিত সহিংসতায় সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে। ২০২৬ সালের ১৬ নভেম্বর পর্যন্ত সাড়ে ১০ মাসে খুলনা মহানগর ও জেলায় ৮০ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ সময়ে ৭৯টি হত্যা মামলা হয়েছে।
অপরাধী গোষ্ঠীর তৎপরতা শুধু নগরীর মধ্যে সীমাবদ্ধ নয়। রূপসা, তেরখাদা, দিঘলিয়া, আড়ংঘাটা, কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়াসহ বিভিন্ন এলাকাতেও ছোট ছোট অপরাধী নেটওয়ার্কের তৎপরতার কথা উঠে এসেছে।
নগরবাসীর প্রশ্ন, কার আশ্রয়-প্রশ্রয়ে এসব গোষ্ঠী টিকে থাকে? কোথা থেকে আসে তাদের অর্থের জোগান? অপরাধে জড়ানো তরুণদের পেছনে কারা রয়েছে? মামলা হওয়ার পরও বিচার শেষ হতে এত সময় লাগে কেন? অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা, নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং অপরাধীদের আশ্রয়দাতাদের জবাবদিহি নিশ্চিত না হলে শুধু নেতৃত্ব পরিবর্তন করে অপরাধজগতের অবসান ঘটানো সম্ভব নয়। খুলনার মানুষ আর অপরাধী গোষ্ঠীর আধিপত্য নয়, চান নিরাপদ জীবন, আইনের শাসন ও অপরাধমুক্ত নগরী।
গ্রেনেড বাবু ও ‘বি-কোম্পানি’র উত্থান
খুলনার সাম্প্রতিক অপরাধজগতে সবচেয়ে আলোচিত নাম রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবু। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, ২০০৪ সালে খুলনা সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ তৈয়েবুর রহমানের গাড়িতে গ্রেনেড হামলার ঘটনার পর থেকে তার নামের সঙ্গে ‘গ্রেনেড’ শব্দটি যুক্ত হয়। মুম্বাইয়ের অপরাধজগতের আদলে বাবু তার সন্ত্রাসী দলটির নাম দিয়েছেন ‘বি-কোম্পানি’। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র ও হামলার অন্তত দেড় ডজন মামলা রয়েছে। একটি মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। বাবু আত্মগোপনে বা নেপথ্যে থাকলেও কসাই লিটন ও আজম শেখের মতো প্রভাবশালী সহযোগীরা মাঠে থেকে চাঁদাবাজি ও দখলদারত্ব নিয়ন্ত্রণ করেন।
খুলনায় সক্রিয় অপরাধী গোষ্ঠীগুলোর তৎপরতা
পুলিশের তথ্যমতে, গ্রেনেড বাবুর বি-কোম্পানি: নগরজুড়ে চাঁদাবাজি, মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ভবন দখল ও ভাড়াটে খুনি হিসেবে তৎপরতার অভিযোগ রয়েছে। পলাশ গ্রুপ: গ্রেনেড বাবুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক কারবার নিয়ন্ত্রণ করছে। আশিক বাহিনী: সশস্ত্র মহড়া, প্রতিপক্ষের ওপর হামলা এবং স্থানীয় চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। হুমা বাহিনী: নির্দিষ্ট এলাকায় সন্ত্রাসী তৎপরতা, ছিনতাই ও মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ আছে। নূর আজিম গ্রুপ: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ ও অস্ত্রবাজির অভিযোগ রয়েছে। টেংকি শাওন গ্রুপ: স্থানীয় পর্যায়ে কিশোর গ্যাং ও অপরাধী চক্র পরিচালনা এবং চাঁদাবাজি করছে।
এ ছাড়া আরমান গ্রুপ: মাদক ব্যবসা ও এলাকাভিত্তিক দখলদারত্ব নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। এই গ্রুপের সঙ্গে থেকেই গুলিতে নিহত চরমপন্থী নাসিমের সহযোগী নিরব কাজ করতেন।
যা বলছে পুলিশ
খুলনা জেলার পুলিশ সুপার ওমর ফারুক বলেন, সন্ত্রাস দমনে কঠোরতার সঙ্গে জেলা পুলিশ দায়িত্ব পালন করছে। পরিস্থিতি পরিবর্তনের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি এখন থেকে বিভিন্ন থানার সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার করাসহ সমন্বিত চেকপোস্ট বসানোর পরিকল্পনা রয়েছে। বিশেষ করে মোটরসাইকেল চেকিংয়ের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে। অস্ত্রসহ সন্ত্রাসীরা এখন দুর্গম ও সরু সড়ক হয়ে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে। এক থানার সীমান্তে অপরাধ করে অন্য থানায় চলে যাচ্ছে। এ কারণে থানায় থানায় সমন্বিত অভিযানের পরিকল্পনা রয়েছে আমাদের।
কেএমপির কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, ‘খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পুলিশ শক্ত অবস্থান নিয়েছে। অধিকাংশ হত্যার রহস্য উন্মোচন করা হয়েছে। বেশির ভাগ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধের সঙ্গে যুক্তদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি চলছে।’