গাজীপুরের শিল্পাঞ্চলে গতকাল ছুটি ঘোষণা করা অনেক কারখানা আজ উৎপাদনে ফিরেছে। বুধবার (১৮নভেম্বর) সকালে গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানা ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
কারখানা সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার শ্রমিক বিক্ষোভের মুখে গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। দিনভর গাজীপুরের ভোগড়া বাইপাস, নাওজোড়, সদর উপজেলার ভবানীপুর, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার, শিরিরচালা, ১নং সিএনবি বাজার, আসপাডা মোড়, ২নং সিএনবি বাজার এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে। দুপুরের পর ১নং সিএনবি বাজার, আসপাডা মোড়, ২নং সিএনবি বাজারে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকেন শ্রমিকরা। পরে পুলিশ তাদের সাউন্ড গ্রেনেড ছুড়ে ও ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় ৫ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বুধবার জেলার বিভিন্ন এলাকায় ছুটি ঘোষণা করা কারখানা উৎপাদনে ফিরেছে। সকাল থেকে জেলার কোথাও কোনো ধরনের শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, গতকাল ছুটি ঘোষণা করা অনেক কারখানায় আজ উৎপাদন চলছে। শ্রমিকরা শান্তভাবে কাজে যোগ দিয়েছেন। সকাল থেকে কোথাও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
তবে গাজীপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর জেলা পুলিশ, শিল্প পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও আনসার সদস্যরা কাজ করছেন।