মেয়েটি নবম শ্রেণির ছাত্রী। প্রতিবেশী যুবক শুভর সঙ্গে তার চার বছর ধরে প্রেমের সম্পর্ক। প্রেমিকের বিয়ের আশ্বাসে বাড়ি থেকে বেরিয়েছিল সে। কিন্তু ভালোবাসার সেই বিশ্বাস যে এমন ভয়াবহ নির্যাতনের ফাঁদে নিয়ে যাবে, তা হয়তো কল্পনাও করেনি সে। প্রেমিকের ডাকে বাড়ি থেকে বেরিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে মেয়েটি। নির্যাতনের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। শেষ পর্যন্ত ভয়ে নিজের বাড়িতেও ফিরতে পারেনি সে। রাত কাটাতে হয়েছে অন্য গ্রামের এক সহপাঠীর বাড়ির বারান্দায়। ১৩ নভেম্বর রাতে নির্মম এই পাশবিকতার ঘটনা ঘটে নেত্রকোনার কেন্দুয়ায়। এ ঘটনায় প্রেমিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।
ওই ঘটনার দুদিন আগে চাঁদপুরের মতলব দক্ষিণে প্রতিবেশীর বাড়িতে দুধ পৌঁছে দিতে গিয়ে দিনদুপুরে ধর্ষণের শিকার হয় ১২ বছরের এক শিশু। বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করেন ৭০ বছর বয়সী স্থানীয় বিএনপির সাবেক এক নেতা। ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছে শিশুটি। যে বয়সে তার নিশ্চিন্তে বেড়ে ওঠার কথা, সে বয়সেই এমন নির্মম অভিজ্ঞতা তার শৈশবকে করে তুলেছে বিষাদময়।
যে বয়সে একটি শিশুর হাতে পুতুল কিংবা রঙিন খেলনা নিয়ে মেতে থাকার কথা, থাকার কথা বই-খাতা, চোখে থাকার কথা ভবিষ্যৎ গড়ার স্বপ্ন, সেই বয়সেই অনেকের জীবনে নেমে আসছে ভয়াবহ অন্ধকার। নিষ্পাপ শৈশব কেড়ে নিচ্ছে মানুষেরই পাশবিকতা। আবার এই অসহনীয় যন্ত্রণা সইতে না পেরে কেউ বেছে নিচ্ছে আত্মহত্যার পথ। দেশে নারী ও শিশুদের প্রতি যৌন সহিংসতার এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যানে।
সংস্থাটির পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৪-এর নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত দেশে ১ হাজার ৩৫১ জন নারী ও শিশু ধর্ষণ এবং দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ১৫ জন ধর্ষণ এবং ৩৩৬ জন দলবদ্ধ ধর্ষণের শিকার। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ভুক্তভোগীদের বয়স জানা গেছে এমন ৮২৪ জনের মধ্যে ৬৬৫ জনই শিশু-কিশোরী। অর্থাৎ বয়স জানা ভুক্তভোগীদের ৮০ দশমিক ৭ শতাংশের বয়স ১৮ বছর। এ বয়স পর্যন্ত বাংলাদেশের আইনে শিশু। অন্যদিকে ভুক্তভোগীর ৩৯ শতাংশ, অর্থাৎ ৫২৭ জনের বয়স উল্লেখ করা হয়নি।
অপরাধ বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, অপরাধীর শাস্তি না হওয়া, নৈতিক অবক্ষয় ও সাইবার দুনিয়ার প্রতি নিয়ন্ত্রণহীন আসক্তির কারণে ধর্ষণের মতো অপরাধ বাড়ছে। এক্ষেত্রে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচার নিশ্চিত করার পাশাপাশি ভুক্তভোগী নারী ও শিশুদের নিরাপদ আশ্রয়, চিকিৎসা, আইনি সহায়তা এবং প্রয়োজনীয় মানসিক সেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বেআইনি সালিশ ও বৈষম্যমূলক সামাজিক বিচারপ্রক্রিয়া বন্ধে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
আসকের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের শিকার ১ হাজার ৩৫১ জনের মধ্যে ৫২৭ জনের বয়স জানা যায়নি। বাকি ৮২৪ জনের বয়স বিশ্লেষণ করে দেখা গেছে, তাদের মধ্যে ৬৬৫ জনই ১৮ বছর পর্যন্ত বয়সী। অর্থাৎ বয়স জানা ভুক্তভোগীদের প্রতি পাঁচজনের চারজনের বেশি শিশু-কিশোর। বয়সভিত্তিক হিসাবে ছয় বছরের কম বয়সী ১৪২ জন, ৭ থেকে ১২ বছর বয়সী ২৬৪ এবং ১৩ থেকে ১৮ বছর বয়সী ২৫৯ জন ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। সব মিলিয়ে এই তিন শ্রেণিতে ভুক্তভোগীর সংখ্যা ৬৬৫। অন্যদিকে ১৯ থেকে ২৪ বছর বয়সী ৫৭ জন, ২৫ থেকে ৩০ বছর বয়সী ৪১ এবং ৩০ বছরের বেশি বয়সী ৬১ জন এই সহিংসতার শিকার হয়েছে। অর্থাৎ শিশু-কিশোরদের পাশাপাশি প্রাপ্তবয়স্ক নারীরাও যৌন সহিংসতার ভয়াবহ শিকার হচ্ছেন। তবে বয়সের তথ্যই যখন ৫২৭ জনের ক্ষেত্রে অনুপস্থিত, তখন প্রকৃত বয়সভিত্তিক চিত্র আরও উদ্বেগজনক কি না, সেই প্রশ্নও সামনে আসে।
ধর্ষণের পর হত্যা ৮৪ জনকে, আত্মহত্যা ১১ জনের
শুধু ধর্ষণ কিংবা দলবদ্ধ ধর্ষণেই শেষ হয়নি অনেকের জীবনের ভয়াবহ পরিণতি। পরিসংখ্যানে ধর্ষণের পর ৮৪ জনকে হত্যার তথ্য উঠে এসেছে। তাদের মধ্যে ১২ জনের বয়স ৬ বছরের কম, ২৭ জনের বয়স ৭ থেকে ১২ বছর ও ১২ জনের বয়স ১৩ থেকে ১৮ বছর। এ ছাড়া ১৯ থেকে ২৪ বছর বয়সী ৫, ২৫ থেকে ৩০ বছর বয়সী ৫ এবং ৩০ বছরের বেশি বয়সী ১২ জন হত্যার শিকার হয়েছেন। ১৭ জনের বয়স উল্লেখ করা হয়নি।
ধর্ষণের শিকার হওয়ার পর আত্মহত্যা করেছে ১১ জন। তাদের মধ্যে ৭ থেকে ১২ বছর বয়সী ১ এবং ১৩ থেকে ১৮ বছর বয়সী ৯ জন। বাকি একজনের বয়স উল্লেখ করা হয়নি। এ ছাড়া ধর্ষণের চেষ্টা চালানোর পর ১০ জনকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে ছয় বছরের কম বয়সী ১, ৭ থেকে ১২ বছর বয়সী ৫, ১৩ থেকে ১৮ বছর বয়সী ১ এবং ১৯ থেকে ২৪ বছর বয়সী ২ জন রয়েছে। একজনের বয়স উল্লেখ করা হয়নি।
ধর্ষণচেষ্টার শিকার আরও ৪৪৫ জন
পরিসংখ্যানে ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের পাশাপাশি ধর্ষণচেষ্টার শিকার হওয়ার তথ্যও উঠে এসেছে। দুই বছরে এমন ঘটনার শিকার হয়েছে ৪৪৫ জন। তাদের মধ্যে ছয় বছরের কম বয়সী ৮২, ৭ থেকে ১২ বছর বয়সী ১৬১ এবং ১৩ থেকে ১৮ বছর বয়সী ২৮ জন। এ ছাড়া ১৯ থেকে ২৪ বছর বয়সী ৬, ২৫ থেকে ৩০ বছর বয়সী ৩ এবং ৩০ বছরের বেশি বয়সী ৭ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন। ১৫৭ জনের বয়স উল্লেখ করা হয়নি।
সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাজ্জাদ সিদ্দিকী বলেছেন, শিশুদের প্রতিবাদ করার সক্ষমতা ও সাহস থাকে না, ফলে সহজেই তাদের টার্গেট করা হয়। এ ছাড়া ভুক্তভোগী অনেকেই অর্থনৈতিকভাবে দুর্বল থাকে, ফলে শিশুদের প্রতি সহিংসতার মাত্রাটা বেশি। তা ছাড়া আইনের শাসন না থাকার কারণেও অনেক সময় এ ধরনের অপরাধ বৃদ্ধি পায়। এক্ষেত্রে যৌন সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষায়িত বিচারব্যবস্থা, তদন্ত ও ফরেনসিক সক্ষমতা বাড়ানো জরুরি। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১৮০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির লক্ষ্য নিয়ে কাজ করলেও তদন্ত ও প্রমাণ সংগ্রহে দুর্বলতা এবং মামলার দীর্ঘসূত্রতায় অনেক আসামি পার পেয়ে যাচ্ছে। একই সঙ্গে জামিনে বেরিয়ে বাদী ও সাক্ষীদের ওপর চাপ প্রয়োগের সুযোগ পাচ্ছে। তাই ডিএনএ পরীক্ষা ও আধুনিক প্রমাণ সংগ্রহ পদ্ধতির পাশাপাশি ভুক্তভোগীদের নিরাপত্তা, আইনি সহায়তা, চিকিৎসা ও কাউন্সেলিং নিশ্চিত করতে হবে। সাক্ষীদের সুরক্ষায় কার্যকর আইন প্রয়োগের পাশাপাশি স্কুলপর্যায় থেকেই সম্মতি, লিঙ্গসমতা ও পারস্পরিক সম্মানের শিক্ষা চালু করা প্রয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেছেন, আইনের কঠোর প্রয়োগ ছাড়া এসব ঘটনা নিয়ন্ত্রণ করা কঠিন। সামাজিক অনুশাসন ও আইন প্রয়োগের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বিচার করতে হবে। পাশাপাশি নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগও জোরদার করা জরুরি।