Image description

জুলাই অভ্যুত্থান দমাতে ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের এক বছর পূর্ণ হল।

২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে ভারতে অবস্থান করায় নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ পাননি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তবে একটি অভিযোগে তাকে দেওয়া আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করার জন্য আপিল করেছে রাষ্ট্রপক্ষ। তবে শুনানি কবে হবে, তার আভাস মেলেনি।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১ (৪) ধারা অনুসারে আপিল দায়েরের ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তির বিধান রয়েছে। আমি মনে করি আইনের এই বিধান মানা উচিত। প্রসিকিউশনের আপিলটি আপিল বিভাগের কার্যতালিকায় আসলেও শুনানি হচ্ছে না।”

একই রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেওয়া হয় পাঁচ বছরের কারাদণ্ড। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটিই ছিল প্রথম রায়।

রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশে থাকা সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

অন্যদিকে, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়েও কোনো সুরাহা হয়নি। তিনি পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেও সরকার তাতে রাজি নয়। সরকারের মন্ত্রীরা বলছেন, ভারত-বাংলাদেশ আসামি প্রত্যর্পণ চুক্তির অধীনেই তাকে আসতে হবে।

২৮ কার্যদিবসে ৫৪ জনের সাক্ষ্য

২০২৪ সালের ১৪ আগস্ট শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা পড়ে। একই বছরের ১৪ অক্টোবর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত শুরু করে। ২০২৫ সালের ১২ মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। ৩ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তদন্তকারী কর্মকর্তাসহ মোট ৫৪ জনের সাক্ষ্য নেওয়া হয় ২৮ কার্যদিবসে।

উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ১৭ নভেম্বর রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। ২০২৬ সালের ১৩ জানুয়ারি ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

রায়ে যেসব অপরাধের দায় নির্ধারণ

পূর্ণাঙ্গ রায়ে ট্রাইব্যুনাল বলেছে, কোটা সংস্কার আন্দোলন দমনের শুরু থেকেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ও নির্দেশনা আন্দোলনকারীদের বিরুদ্ধে ‘সহিংসতা উসকে দেয়’। ২০২৪ সালের ১৪ জুলাই সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের ‘রাজাকার’ আখ্যা দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

রায়ে বলা হয়, ওই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ এস এম মাকসুদ কামালের সঙ্গে টেলিফোনে কথোপকথনে শেখ হাসিনা আন্দোলনকারীদের ‘গ্রেপ্তার ও হত্যার নির্দেশ’ দেওয়ার কথা বলেন। ওই কথোপকথনে তার বক্তব্যের অর্থ ছিল, “রাজাকারদের ফাঁসি দেওয়া হয়েছে, এবার তোদেরও তাই করব, একটাও ছাড়ব না, আমি বলে দিছি।”

সিআইডির ফরেনসিক পরীক্ষায় কথোপকথনের অডিও আসল’ বলে প্রমাণিত হওয়ার ট্রাইব্যুনাল বিষয়টি বিবেচনায় নেয়। বিশেষজ্ঞদের মত ছিল, অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বা পরিবর্তন করা হয়নি। আদালতকক্ষেও কথোপকথনটি বাজিয়ে শোনানো হয়।

রায়ে বলা হয়, শেখ হাসিনার বক্তব্য ও নির্দেশনার পর ১৫ জুলাই ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের ওপর হামলা চালান। আহতদের হাসপাতালে নেওয়া ও চিকিৎসা নেওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়া হয়। পরদিন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে পুলিশ গুলি করে হত্যা করে।

ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ অনুযায়ী, শেখ হাসিনার ‘উসকানি ও নির্দেশনার ধারাবাহিকতায়’ এসব ঘটনা ঘটে।

ঊর্ধ্বতন কমান্ডের দায় ও ‘যৌথ অপরাধের সিদ্ধান্ত’

রায়ে শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ঊর্ধ্বতন কমান্ডের দায় নির্ধারণ করা হয়।

ট্রাইব্যুনাল বলে, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ওপর কর্তৃত্ব রাখতেন। তার অধীনরা আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাকাণ্ড চালাচ্ছে, তা জানার পরও তিনি তা ঠেকাতে বা দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে কোনো পদক্ষেপ নেননি।

একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির অধীনরা অপরাধ করছে বা করতে যাচ্ছে—এমন তথ্য জানার পরও প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় তাদের দায় নির্ধারণ করা হয়। রায়ে তিন আসামির ‘যৌথ অপরাধমূলক উদ্যোগের’ বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়।

ড্রোন, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ

দ্বিতীয় অভিযোগের বিষয়ে রায়ে বলা হয়, আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করতে ড্রোন ব্যবহার এবং তাদের হত্যায় হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ‘নির্দেশ দিয়েছিলেন’ শেখ হাসিনা। ১৮ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র ফজলে নূর তাপস ও রাজনীতিক হাসানুল হক ইনুর সঙ্গে তার টেলিফোনে কথোপকথনে ওই নির্দেশের বিষয়টি উঠে আসে।

এ ক্ষেত্রে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাক্ষ্যও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। তার বক্তব্য অনুযায়ী, ১৯ জুলাইয়ের পর থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় একটি ‘কোর কমিটির’ বৈঠক হত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ওই কমিটির কাছে ‘নির্দেশনা আসত’।

আল মামুন সাক্ষ্যে বলেন, এক বৈঠকে শেখ হাসিনা আন্দোলনকারীদের হত্যায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ‘নির্দেশ’ দেন। অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার ওই নির্দেশ বিভিন্ন এলাকার পুলিশ কর্মকর্তাদের কাছে পৌঁছে দেন। ড্রোন, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারী ও সাধারণ মানুষকে হত্যার বিষয়েও তিনি সাক্ষ্য দেন।

৫০ জেলায় হামলা, ৪১ জেলায় প্রাণঘাতী অস্ত্র

রায়ে তদন্ত কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, জুলাই আন্দোলনের সময় দেশের ৫০ জেলায় সহিংসতা ঘটে। এর মধ্যে ৪১ জেলায় আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়। পুলিশ আন্দোলনকারীদের হত্যা ও আহত করতে মোট ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ব্যবহার করে বলে তদন্তে উঠে আসে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনারের তদন্ত প্রতিবেদনে জুলাই-আগস্টের ঘটনায় প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে।

অন্যদিকে, তদন্ত কর্মকর্তা প্রায় ২৫ হাজার আন্দোলনকারী আহত হওয়ার তথ্য দেন। ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে বলা হয়, বেসামরিক জনগোষ্ঠীর ওপর সে সময় ‘ব্যাপক ও পদ্ধতিগত আক্রমণ’ চালানো হয়েছিল।

চাঁনখারপুল ও আশুলিয়ায় ১২ হত্যার দায়

দ্বিতীয় অভিযোগে ঢাকার চাঁনখারপুলে ছয়জনকে হত্যা এবং সাভারের আশুলিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় শেখ হাসিনার নির্দেশ এবং অন্য দুই আসামির সহযোগিতার দায় নির্ধারণ করে ট্রাইব্যুনাল।

রায়ে চাঁনখারপুলে নিহত ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন—শরিয়ার খান আনাস, মাহাদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মুহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া ওরফে শাহরিক।

আশুলিয়ায় নিহতদের মধ্যে ছিলেন সজ্জাদ হোসেন শাজল, আস-সাবুর, তানজিল মাহমুদ সুজয়, বায়েজিদ বোস্তামী, আবুল হোসেন এবং এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

রায়ে বলা হয়, আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত ব্যক্তিদের মরদেহে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।

অন্যান্য মামলা ও তদন্ত

চিফ প্রসিকিউটর কার্যালয়ের তথ্য অনুযায়ী, শেখ হাসিনার বিরুদ্ধে গুম, আটক, নির্যাতন, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং বিভিন্ন কথিত জঙ্গি আস্তানায় অভিযানের অভিযোগে আরও ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও দুটি মামলার তদন্ত চলছে।

সম্পদ বাজেয়াপ্ত ও প্রত্যর্পণ নিয়ে ভারতের শর্তের খবর

মৃত্যুদণ্ডের পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশে থাকা সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। সেই আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে চিঠি দেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

রায়ে জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত চেয়ে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় কূটনৈতিক পত্র পাঠিয়েছে বাংলাদেশ। এরপর বিভিন্ন সময়ে তাগাদা দেওয়া হলেও দিল্লির সাড়া মেলেনি।

গত ১২ নভেম্বর বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে তার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং পুনর্বিচারের নিশ্চয়তা চাওয়া হয়েছে বলে দেশটির কর্মকর্তারা ‘ইঙ্গিত’ দিয়েছেন।

এ ছাড়া তাকে বাংলাদেশে ফেরত নেওয়ার জন্য সামরিক বিমান পাঠানো অথবা স্থলসীমান্তে গ্রহণ করার বিষয়টিও প্রতিবেদনে এসেছে।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ১৩ নভেম্বর সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি বিষয় এবং সে অনুযায়ীই তা বিবেচনা করা হবে।

বিবিসির প্রতিবেদনে আসা শর্তগুলোর বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য তিনি করেননি।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম গত ১৫ নভেম্বর পুনর্বিচারের দাবি ‘উদ্ভট’ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, “ভারত নিজের দেশে ডিনোভো ট্রায়ালের (পুনর্বিচারের) বিধান বাতিল করলেও বাংলাদেশকে পুনর্বিচারের পরামর্শ দিচ্ছে। একই বিষয়ে দ্বিতীয়বার বিচার করার আইনগত সুযোগ নেই। এই জাতীয় বিষয়ের এইসব উদ্ভট বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি।”