Image description

ফেসবুকের ‘শুধুমাত্র বন্ধু’ হিসেবে শেয়ার করা পোস্টের ভিডিও বাইরে ফাঁস হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামি।

প্রমাণ ছাড়া কাউকে সরাসরি দায়ী করতে চান না জানিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, যারা তার প্রতি ঘৃণা পোষণ করেন, তারা কেন এখনো তার ফ্রেন্ডলিস্টে রয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি।

পোস্টে মোনামি লেখেন, ‘গতকাল থেকে একটা বিষয় নিয়ে বারবার ভাবছি - ‘শুধুমাত্র বন্ধু’ পোস্টের ভিডিওগুলো কীভাবে বাইরে ফাঁস হয়ে গেল? কে এমনটা করতে পারে?’

তিনি আরও লেখেন, ‘প্রমাণ না থাকায় সরাসরি কাউকে দোষারোপ করব না। তবে এখন বুঝতে পারছি, অনেকেই নীরবে আমার ব্যক্তিগত তথ্য ও পোস্টগুলো দেখছেন, অথচ মনে মনে আমার প্রতি শুধু ঘৃণা পুষে রেখেছেন।’

ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘এটাও কি একধরনের ভণ্ডামি নয়?’

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘ভাই, আমি বা আমরা যদি এতটাই খারাপ হয়ে থাকি, তাহলে আপনারা এখানে কেন? এখনো আমাকে আপনাদের বন্ধু তালিকা থেকে সরিয়ে দেননি কেন? আমার ফ্রেন্ডলিস্টে থেকে আপনাদের লাভটাই বা কী? কেনই বা আমার সঙ্গে যুক্ত থাকার প্রয়োজন বোধ করছেন?’