গোপালগঞ্জে নাশকতা, ভাঙচুর ও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার সবকটি থানার ১৫টিরও বেশি স্থানে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। রিজার্ভ ফোর্সসহ মোট ৩১৫ সদস্যের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর চারটি দল অভিযানে অংশ নেয়। তালিকাভুক্ত ১৪ জনকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চালানো হলেও চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে ফারুক মোল্লা ও অসিকুল সরদারকে। ফারুক মোল্লা মৃত হারিজুল ইসলামের ছেলে এবং অসিকুল সরদার কলিম সরদারের ছেলে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, ফারুক মোল্লা শুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সদর থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। সম্প্রতি সদর এলাকায় সরকারবিরোধী মিছিল-সমাবেশে কর্মী সংগঠিত করা এবং ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, অসিকুল সরদার শুকতাইল ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। সাম্প্রতিক নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় তিনি অন্যতম আয়োজক ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জেলার মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে শফিউল আলম ও কাইয়ুম শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনই ওই গ্রামের হারুন অর রশিদের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, গ্রেপ্তার দুই ভাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির সংগঠক, আয়োজক ও উসকানিদাতা হিসেবে সক্রিয় ছিলেন। তাদের আপন ছোট ভাই তরিকুল ইসলাম মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
ঢাকাটাইমস