Image description

রাজধানীর ঢাকা-আরিচা মহাসড়ক ধরে সাভারের আমিনবাজার পার হলে তুরাগ নদের ওপর সালেহপুর সেতু। সেতুর দুই প্রান্তের সংযোগ সড়ক ঢুকে পড়েছে নদের সীমানার অনেকটা ভেতরে। সেতুর গোড়ায় নদটি সরু খালের মতো হয়ে হাঁসফাঁস করছে।

৬ আগস্ট পায়ে হেঁটে দেখা যায়, নদ দখল করা সংযোগ সড়কের দৈর্ঘ্য মোট ১৬০ কদম। অর্থাৎ কমবেশি ২৫০ ফুট। দুই প্রান্ত মিলিয়ে নদের অন্তত এই পরিমাণ প্রস্থ ভরাট করা হয়েছে।

ড্রোনের চোখে দেখলে মনে হয়, এখানে কে যেন নদটিকে মুঠির মধ্যে চেপে ধরেছে। এতে সেতুর দৈর্ঘ্য কমে ৫৯ কদম হয়েছে, কিন্তু নদের উজানে পলি জমে ভরাট হয়ে যাচ্ছে। সেতুর পর ভাটিতে চওড়া হয়ে নদ চলেছে বুড়িগঙ্গার দিকে।

সেই পানিতে মাছ ধরেন সালেহপুর গ্রামের কানু মিয়া। তীরে দাঁড়িয়ে এই প্রবীণ বলেন, ‘সেতু অউনের পর থেইকা গাঙ ছোট অইয়া গেছে। পানির স্রোতও বাড়ছে। নদীটা এহানে সেতু দিয়া মাইরা ফেলছে।’

সেতুটির এক দিকে নদের মৃত্যুর আলামত স্পষ্ট। সেদিকে এক পাশে পলি আর আবর্জনায় ভরাট হওয়া নদের এলাকা দখল করে উঠেছে ঘরবাড়ি-ইটভাটা।

শুধু সালেহপুর নয়, সারা দেশে এভাবে নদীর গলার ফাঁস হয়ে উঠেছে সেতুর পর সেতু, যেগুলো তৈরি হয়েছে নিয়মনীতি না মেনে এবং নদী দখল করে।

এ কে এম সাইফুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের অধ্যাপক। প্রথম আলোকে তিনি বলেন, সেতুর দৈর্ঘ্য কমানোর জন্য সংযোগ সড়ক যখন নদীর মূল প্রবাহের ভেতরে টেনে আনা হয়, তখন সংকুচিত নদীতে পানি চলাচলের পথ মারাত্মকভাবে আটকে যায়। তিনি বলছেন, এর ফলে দুটি ক্ষতি হয়। প্রথমত, উজানে পলি আটকে নদী ভরাট হতে থাকে। দীর্ঘদিন পলি জমলে প্রবাহ একেবারে বন্ধ হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, ভাটিতে সরু জায়গা দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হওয়ায় তলদেশের মাটি সরে যায় এবং তীরে ভাঙন দেখা দেয়।

এই বিশেষজ্ঞ আরও বলছেন, এভাবে স্বাভাবিক প্রবাহে বাধা পড়ায় অনেক সময় নদীটি কার্যত মরে যায়। তীরের প্লাবন ভূমিসহ নদীনির্ভর মাছ-পাখির জীবনের ক্ষতি হয়। সেতু ছোট করার জন্য নদীকে সংকুচিত করাটা হচ্ছে মূল সমস্যা। এ ছাড়া অপরিকল্পিত সেতু নৌপথেরও ক্ষতি করে।

প্রথম আলোর অনুসন্ধান বলছে, নদীর জীবন, নৌপথ কিছুই বিবেচনায় না নিয়ে নির্মিত সেতুর সংখ্যা অনেক। সেতু নদীর দুঃখ, খালেরও দুঃখ। সেতুর দোসর কালভার্ট। আর এমন সেতু ও কালভার্টের পুরো হিসাব কেউ রাখে না, প্রতিকার তো দূরের কথা।

নদ-নদী ও খালে এগুলো নির্মাণের দায় ঘুরেফিরে পড়ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ওপর। তবে রাজনৈতিক প্রভাবের কথাও আছে।

হিসাব অসম্পূর্ণ

জাতীয় নদী রক্ষা কমিশন (নদী কমিশন) ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) ওয়েবসাইটে ২০২৫ সালে প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশে নদ-নদী আছে ১ হাজার ৪১৫টি। তবে খালের সংখ্যার কোনো হিসাব পাওয়া যায়নি।

বাপাউবো ২০২৫-এর ডিসেম্বরে নদ-নদী ও খালের প্রবাহের জন্য ক্ষতিকর অবকাঠামো এবং সেগুলোর নির্মাতাদের একটি অসম্পূর্ণ তালিকা তৈরি করেছে। তথ্য অধিকার আইনে আবেদন করে এই তালিকাটি পেয়েছে প্রথম আলো। তালিকায় সেতু, কালভার্ট, জলকপাট বা স্লুইসগেটসহ পানিনিয়ন্ত্রক কাঠামো, বাঁধ, সড়ক-মহাসড়ক, ঘরবাড়ি-দোকানপাটের তথ্য আছে।

অসম্পূ্র্ণ এই তালিকা বলছে, ৩৭ জেলায় ৫২টি নদ-নদী এবং ৭৫টি খালের ওপর মোট যতগুলো ক্ষতিকর অবকাঠামোা আছে, তার চার ভাগের তিন ভাগই সেতু ও কালভার্ট।

এলজিইডির একজন নির্বাহী প্রকৌশলী বলছেন, সাধারণত চার মিটার উঁচু এবং আট মিটার পর্যন্ত দীর্ঘ স্থাপনাগুলো কালভার্ট। এর বড়গুলো সেতু। কালভার্ট তাঁরা সচরাচর নালার ওপর করেন।

তালিকাটি বলছে, ২০ জেলায় ৩০টি নদীর ওপর ক্ষতিকর সেতু ও কালভার্ট আছে মোট ১৯৩টি। সেতুই বেশি। আর ১২ জেলায় ৫০টি খালের ওপর সেতু-কালভার্ট আছে মোট ৯৭টি, সংখ্যায় প্রায় সমান সমান।

বড়াল নদের ওপর নির্মিত এই ছোট সেতু নদের প্রস্থ খেয়েছে। ভরাট হতে হতে নদ দখল হয়ে যাচ্ছে। নির্মাতা সওজ। ২৯ অক্টোবর, নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া এলাকায়
বড়াল নদের ওপর নির্মিত এই ছোট সেতু নদের প্রস্থ খেয়েছে। ভরাট হতে হতে নদ দখল হয়ে যাচ্ছে। নির্মাতা সওজ। ২৯ অক্টোবর, নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া এলাকায়ছবি: হাসান মাহমুদ

এর বাইরে নদী কমিশনের কাছ থেকে অন্য ৩টি নদীতে এ রকম ৫৭টি সেতুর হদিস পাওয়া গেছে। বিভিন্ন সময় প্রথম আলোর প্রতিবেদকেরা এমন আরও সেতুর খবর জানিয়ে চলেছেন।

বাপাউবোর তালিকায় ক্ষতিকর সেতু সবচেয়ে বেশি আছে যশোর ও ঝিনাইদহে ভৈরব নদের ওপর। মোট ৪৮টি। আরও আছে সাতটি কালভার্ট। নদটির মরণদশা।

প্রথম আলোর যশোর প্রতিনিধি আরও একটি সেতু দেখেছেন, যেটার নামফলকে ভৈরবকে ‘খাল’ লেখা হয়েছে। বাপাউবোর তালিকায় কপোতাক্ষ নদ নেই। কিন্তু তিনি সেই নদের ওপর ১৬টি সেতুর খোঁজ পেয়েছেন, একটি বাদে সব কটিই নিয়ম না মেনে করা। সেগুলো কপোতাক্ষের শ্বাস আটকে দিচ্ছে।

বাপাউবোর তালিকা বলছে নাটোরে নারদ নদের ওপর ক্ষতিকর সেতু আছে ১৭টি। একই জেলায় বড়াল নদে আছে ১৬টি। ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় সুয়াই নদে আছে ১৪টি। ময়মনসিংহে আয়মন নদে সেতুর চেয়ে কালভার্ট বেশি, ১৫টি। ক্ষতিকর কালভার্ট সব কটিতেই আছে।

তুরাগ নদ থেকে বেরোনো টঙ্গী নদীতে ভরা বর্ষাতেও নৌ-চলাচলকে বাধা দিচ্ছে টঙ্গী রেলসেতু। নির্মাতা বাংলাদেশ রেলওয়ে, সাল ২০২৩। ৩ আগস্ট, সেতু এলাকায়
তুরাগ নদ থেকে বেরোনো টঙ্গী নদীতে ভরা বর্ষাতেও নৌ-চলাচলকে বাধা দিচ্ছে টঙ্গী রেলসেতু। নির্মাতা বাংলাদেশ রেলওয়ে, সাল ২০২৩। ৩ আগস্ট, সেতু এলাকায়ছবি: প্রথম আলো

তালিকায় ১৫৩টি সেতু বা কালভার্টের নামের পাশে বাপাউবোর আঞ্চলিক দপ্তরগুলোর মন্তব্য আছে। প্রায় ৯০ ভাগ মন্তব্যই নদীর প্রস্থের সঙ্গে মিল রেখে সেতুর দৈর্ঘ্য বাড়ানোর সুপারিশ করেছে। সেতু উঁচু করতেও বলা হয়েছে।

ঢাকার চারপাশ ঘিরে বৃত্তাকার নৌপথ চালু করতে না পারার বড় কারণ নিচু সেতু। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটি) বরাত দিয়ে প্রথম আলোর একটি প্রতিবেদন বলছে, এই পথে বুড়িগঙ্গা, তুরাগ, টঙ্গী খাল (এখন নদীর স্বীকৃতি পেয়েছে), বালু, শীতলক্ষ্যা ও ধলেশ্বরীর ওপর ২০টি নিচু সেতু আছে।

টঙ্গী নদীর ওপর ঢাকার উত্তরে আবদুল্লাহপুর-টঙ্গী লোহার সেতু (২টি বেইলি ব্রিজ)। নির্মাতা সওজ, সাল ২০২০ ও ২০২৫। গোড়ায় দুই তীর ভরাট করায় নদীটি সংকীর্ণ, নৌ-চলাচল কঠিন। ওপরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উড়ালসড়ক, সাল ২০২২। ৩ সেপ্টেম্বর, আবদুল্লাহপুরে
টঙ্গী নদীর ওপর ঢাকার উত্তরে আবদুল্লাহপুর-টঙ্গী লোহার সেতু (২টি বেইলি ব্রিজ)। নির্মাতা সওজ, সাল ২০২০ ও ২০২৫। গোড়ায় দুই তীর ভরাট করায় নদীটি সংকীর্ণ, নৌ-চলাচল কঠিন। ওপরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উড়ালসড়ক, সাল ২০২২। ৩ সেপ্টেম্বর, আবদুল্লাহপুরেছবি: সাজিদ হোসেন

এর মধ্যে বাপাউবোর তালিকায় কেবল টঙ্গী নদীর দুটি সেতুর কথা আছে। তুরাগের সালেহপুর সেতুসহ কোনো ক্ষতিকর সেতুর কথাই বাপাউবোর হিসাবে নেই। নদী কমিশন অবশ্য ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনে বলেছিল, সেতুটি নদীর প্রস্থের চেয়ে ছোট হচ্ছে।

একই প্রতিবেদনে ২২টি সেতুর কারণে বালু নদের সংকুচিত হয়ে আসার চিত্র উঠে এসেছে। পূর্বাচল উপশহরের নীলা মার্কেট অংশে গিয়ে দেখা যায়, এর একটি সেতুর সংযোগ সড়ক করা হয়েছে বিআইডব্লিউটিএর দেওয়া সীমানা পিলারের ভেতরে।

দুই পা গেলেই একটি সেতু

বরগুনা জেলায় খাকদোন নদের ১৭ কিলোমিটার অংশে নির্মিত হয়েছে মোট ২১টি সেতু। আবার ঠাকুরগাঁও জেলা শহরে টাঙ্গন নদের ওপর মাত্র ১৫০ গজের মধ্যে আছে তিনটি সেতু।

খাকদোনের সেতুগুলোর বেশির ভাগ বানিয়েছে এলজিইডি। আর টাঙ্গনের দুটি বানিয়েছে সওজ, একটি এলজিইডি। এ দুটি উদাহরণের কথা বাপাউবোর ২০২৫ সালে করা ক্ষতিকর অবকাঠামোর তালিকায় নেই।

এই নকশার আড়াআড়ি আয়তাকার ক্ষেত্রগুলো বড়াল নদের ওপর সেতুর অবস্থান দেখাচ্ছে। জাতীয় নদী রক্ষা কমিশনকে ২০২৩ সালে এই নকশা পাঠিয়েছিল এলজিইডি।
এই নকশার আড়াআড়ি আয়তাকার ক্ষেত্রগুলো বড়াল নদের ওপর সেতুর অবস্থান দেখাচ্ছে। জাতীয় নদী রক্ষা কমিশনকে ২০২৩ সালে এই নকশা পাঠিয়েছিল এলজিইডি।

খাকদোনের হিসাবটা প্রথম আলোকে দিয়েছে নদী কমিশন। আর ২০২৫ সালের পরিদর্শন প্রতিবেদনে টাঙ্গন সম্পর্কে নদী কমিশন লিখেছে, সেখানে ভারী ও মোটা পলি পড়ে। নিয়মিত খনন জরুরি। ভাঙন, দূষণ, দখল সে নদের বড় সমস্যা।

টাঙ্গনের সেতু তিনটির কাছে নদে পানিপ্রবাহ প্রায় নেই। বাপাউবোর তালিকায় এই নদে ক্ষতিকর অবকাঠামো হিসেবে একটি ভেন্ট পাইপ আউটলেটের কথা আছে (পানিনিয়ন্ত্রণ কাঠামো)।

খাকদোন আর ভৈরবের প্রসঙ্গে এলজিইডির সেতু ডিজাইন শাখার প্রধান শেখ মো. আবু জাকির সেকান্দার বলেন, ‘যে এলাকার কথা বলছেন, সেখানে নদী কিন্তু খুব একটা বেশি প্রশস্ত নয়, নিশ্চিতভাবেই সেগুলো সবই ছোট ছোট সেতু। নদী বড় হলে এতগুলো সেতু নির্মাণ করা হতো না।’

দেড় শ গজের মধ্যে সেতু আসলে তিনটি। ছিল দুটি, একটির পাশে নতুন আরেকটি নির্মিত হয়ে জোড়া সেতু নামে পরিচিত হয়েছে। এ দুটির নির্মাতা সওজ; পুরোনোটি ১৯৮৭ আর দ্বিতীয়টি ২০১৮ সালে নির্মিত। অন্যটি বানিয়েছে এলজিইডি, সাল ২০১৯। ভারী পলি আর দখলে মৃতপ্রায় নদটির নাম টাঙ্গন, আর সেতুগুলোর স্থান ঠাকুরগাঁও শহরে। ১২ সেপ্টেম্বর, সেতু এলাকায়
দেড় শ গজের মধ্যে সেতু আসলে তিনটি। ছিল দুটি, একটির পাশে নতুন আরেকটি নির্মিত হয়ে জোড়া সেতু নামে পরিচিত হয়েছে। এ দুটির নির্মাতা সওজ; পুরোনোটি ১৯৮৭ আর দ্বিতীয়টি ২০১৮ সালে নির্মিত। অন্যটি বানিয়েছে এলজিইডি, সাল ২০১৯। ভারী পলি আর দখলে মৃতপ্রায় নদটির নাম টাঙ্গন, আর সেতুগুলোর স্থান ঠাকুরগাঁও শহরে। ১২ সেপ্টেম্বর, সেতু এলাকায়ছবি: মজিবর রহমান

এদিকে নাম প্রকাশ না করার শর্তে এলজিইডির একজন শীর্ষ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, রাজনৈতিক নেতাদের চাপে ১৫ মিটার, ২০ মিটার ও ৩০ মিটারের সেতু তাঁদের করতে হয়েছে। চাপ বেশি হলে না করে উপায় থাকে না।

অপরিকল্পিত সেতুর আরেক দৃষ্টান্তের কথা জানাচ্ছেন প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি। এক যুগ আগে ত্রাণ মন্ত্রণালয় এটা তৈরি করেছিল কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় শালঘর মধুয়া এলাকায়, কালীগঙ্গা নদীর ওপর।

নদীটির প্রস্থ কাগজে-কলমে ১১০ মিটার। তবে ভরাট হতে হতে সংকীর্ণ। ঝোপঝাড়-গাছপালার মধ্যে সেই ধারার ওপর বাধা হয়ে দাঁড়িয়ে আছে ১১ মিটারের মতো দৈর্ঘ্যের একটি জীর্ণ সেতু। দুই পাশে সংযোগ সড়ক নেই, ব্যবহারও নেই।

শীর্ষে এলজিইডি

বাপাউবোর তালিকা বলছে, নদ-নদী ও খাল মিলিয়ে এগুলো নির্মাতাদের শীর্ষে আছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান এলজিইডি। এলজিইডি নির্মাণ করেছে ৯৭টি সেতু ও ২৪টি কালভার্ট।

দ্বিতীয় স্থানটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের। সংশ্লিষ্ট অধিদপ্তর এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়সহ মন্ত্রণালয়টির দায় ৪৫টি সেতু আর ৪৫টি কালভার্টের। তৃতীয় দায়ী সংস্থা সওজ বানিয়েছে ২৪টি সেতু ও ৩টি কালভার্ট।

দুই প্রান্তে নদী ভরাট করে তৈরি হয়েছে সংযোগ সড়ক। কালভার্টটি যেন পানায় ভরা ইছামতী নদীকে আরও চেপে ধরেছে। ২০০৪ সালে এটি নির্মাণ করেছে এলজিইডি। ২৯ অক্টোবর, পাবনা সদরের মালঞ্চী এলাকায়
দুই প্রান্তে নদী ভরাট করে তৈরি হয়েছে সংযোগ সড়ক। কালভার্টটি যেন পানায় ভরা ইছামতী নদীকে আরও চেপে ধরেছে। ২০০৪ সালে এটি নির্মাণ করেছে এলজিইডি। ২৯ অক্টোবর, পাবনা সদরের মালঞ্চী এলাকায়ছবি: হাসান মাহমুদ

এলজিইডি অন্য সরকারি সংস্থার সঙ্গে যৌথভাবেও সেতু নির্মাণ করেছে। যেমন ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে মিলে বানিয়েছে ১০টি, সওজের সঙ্গে ১টি, ইউনিয়ন পরিষদ আর উপজেলা পরিষদের সঙ্গে ২টি সেতু। যৌথ কিছু কালভার্টও আছে। স্থানীয় সরকার পরিষদগুলো একাও কিছু সেতু-কালভার্ট করেছে।

তালিকাভুক্ত কয়েকটি সেতু ও কালভার্ট বানিয়েছে বাংলাদেশ রেলওয়ে ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনসহ (বিএডিসি) সরকারের কিছু সংস্থা। বেসরকারি সংস্থা, ব্যবসায়ী-উদ্যোক্তা, ব্যক্তি বা এলাকাবাসীও দু-একটি করে সেতু-কালভার্ট বানিয়েছে।

নাটোরে ২১টি সেতু ও কালভার্ট বড়াল নদের প্রশস্ততা আর প্রবাহ খেয়ে ফেলছে। বাড়ছে দখল। ১৯৮২ সালে এই সেতু বানিয়েছিল এনজিও কারিতাস বাংলাদেশ। এটা ভেঙে নতুন সেতু করছে সওজ। ২৯ অক্টোবর, নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের বাজার এলাকায়
নাটোরে ২১টি সেতু ও কালভার্ট বড়াল নদের প্রশস্ততা আর প্রবাহ খেয়ে ফেলছে। বাড়ছে দখল। ১৯৮২ সালে এই সেতু বানিয়েছিল এনজিও কারিতাস বাংলাদেশ। এটা ভেঙে নতুন সেতু করছে সওজ। ২৯ অক্টোবর, নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের বাজার এলাকায়ছবি: হাসান মাহমুদ

তবে বাপাউবোর এই তালিকায় মাত্র ১২টি ক্ষতিকর অবকাঠামোর দায় সংস্থাটির নিজের। সেগুলোর বেশির ভাগই জলকপাট বা অন্য পানিনিয়ন্ত্রক কাঠামো।

শীতের গীতে অনিয়মের শুরু

শীতকালে নদীর পানিপ্রবাহ কমে আসে। পানিসম্পদ বিশেষজ্ঞরা বলছেন, সেই প্রবাহের হিসাব ধরে সেতুর নকশা করা হচ্ছে দীর্ঘদিন ধরে। এর কারণে বর্ষাকালে পানিনিষ্কাশনে দেরি হয়ে বন্যার সমস্যাও বাড়ছে, বললেন বাপাউবোর সাবেক মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ।

ক্ষতিকর অবকাঠামোর তালিকা করার সময় এনায়েত উল্লাহ বাপাউবোর মহাপরিচালক ছিলেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘নদীর প্রস্থ ৫০০ ফুট। সেতু করা হলো ৩০০ ফুট। ২০২৪ সালে ফেনীর বন্যায় পানি কেন নামতে দেরি হলো, সেটা খতিয়ে দেখতে গিয়ে আমরা দেখলাম সেখানকার সেতুগুলো একটি বড় সমস্যা।’

এনায়েত বলেন, নদীর প্রশস্ততাকে বিবেচনায় না নিয়ে এসব সেতু নির্মাণ করা হয়েছে। নদী কমিশনের পদস্থ একটি সূত্র প্রথম আলোকে বলেছে, কমিশন নদীর সিএস (ক্যাডেস্ট্রেল সার্ভে) ম্যাপ ধরে সেতু নির্মাণের সুপারিশ করছে। গত এক দশকে কোনো সংস্থা তা আমলে নেয়নি।

পানিসম্পদ বিশেষজ্ঞ আইনুন নিশাত বলছেন, ৫০ বছর আগে খরচ কমানোর উদ্দেশ্যে এসব ছোট সেতু, কালভার্টের নকশা করা হতো। প্রথম আলোকে তিনি বলেন, ‘এভাবে আমরা নদীগুলোকে সংকুচিত করে ফেলেছি।…কিন্তু ওই নকশা কেন বদলাবে না? কেন পরিবেশসম্মত নকশা হবে না?’

যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নে ভৈরব নদের ওপর নির্মিত আড়পাড়া বাজার সেতু। নির্মাতা এলজিইডি, সাল ১৯৮৯। ১ সেপ্টেম্বর, সেতু এলাকায়
যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নে ভৈরব নদের ওপর নির্মিত আড়পাড়া বাজার সেতু। নির্মাতা এলজিইডি, সাল ১৯৮৯। ১ সেপ্টেম্বর, সেতু এলাকায়ছবি: মাসুদ আলম

নিশাত প্রথমত দায়ী করছেন এলজিইডিকে। তাঁর মতে, দায়ী সংস্থার তালিকায় সওজের অবস্থান তৃতীয়। বিএডিসি আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরও দায়ী করেন তিনি। কিন্তু তাঁর বিচারে দায়ীদের মধ্যে দ্বিতীয় অবস্থানে কে?

নিশাত বলছেন, সমস্যা কেবল সেতু-কালভার্ট নয়। বাঁধ, বেড়িবাঁধ বা পোল্ডার এবং জলকপাটের কারণেও পলি জমছে, নদীর পানি পরিবহনক্ষমতা কমে যাচ্ছে। তাই দ্বিতীয় অবস্থানটি বাপাউবোর, বড় দায় অপরিকল্পিত জলকপাট।

বাপাউবোর তালিকাটি তৈরির সময় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান তখনকার অন্তর্বর্তীকালীন সরকারের পানিসম্পদ উপদেষ্টা ছিলেন। তিনি বলছেন, বেশির ভাগ ছোট সেতু বানানো হয়েছে অনেক আগে, যখন নদীর প্রবাহের ওপর প্রভাবের কথা ভাবা হতো না।

প্রথম আলোকে রিজওয়ানা হাসান বলেন, কিন্তু আজকের দিনে যখন এ ধরনের ছোট সেতু হয়, তখন সরাসরি সমানভাবে দায় গিয়ে পড়ে সেতু কর্তৃপক্ষ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, নদী কমিশন ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের ওপর।

এসব সেতুকে ছাড়পত্র দিলে পরিবেশ অধিদপ্তরও দায়ী থাকবে, বলেন রিজওয়ানা হাসান। তিনি বলেন, ভবিষ্যতে সেতু নির্মাণের সময় নদীর প্রশস্ততাকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। আর নদীর প্রবাহের জন্য ক্ষতিকর সেতুগুলোর তালিকা করে সেগুলোর সংশোধন করতে হবে।

অনিয়মের বেড়াজালে জবাবদিহির ফাঁকি

এলজিইডির সেতু বিভাগের দায়িত্বশীল একটি সূত্র প্রথম আলোকে বলেছে, প্রতিষ্ঠানটি উপজেলা, ইউনিয়ন ও গ্রামপর্যায়ে সড়ক সংযোগের প্রয়োজন অনুযায়ী সেতু বানায়। এ ছাড়া প্রতিটি রাজনৈতিক সরকারের নির্দিষ্ট অঞ্চল নিয়ে অগ্রাধিকার থাকে। তখন সেখানে সেতু ও সড়ক করা হয়।

সূত্রটি বলছে, সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের সময় বাপাউবো, পরিবেশ অধিদপ্তর, বিআইডব্লিউটিএ এবং প্রযোজ্য ক্ষেত্রে রাজউকের ছাড়পত্র নিতে হয়। এ ছাড়া সেতুর দৈর্ঘ্য ১০০ মিটার বা তার বেশি হলে জলপ্রবাহ ও জলাশয়ের ভৌগোলিক গঠন বা হাইড্রোমরফোলজিক্যাল সমীক্ষা এবং অন্যান্য সমীক্ষা করে সিদ্ধান্ত নিতে হয়।

শেখ মো. আবু জাকির সেকান্দর এলজিইডির সেতু ডিজাইন শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী। তিনি বলেন, অপ্রশস্ত সেতুগুলোর অধিকাংশেরই দৈর্ঘ্য ১০০ মিটারের নিচে। তাঁদের প্রকল্পপ্রস্তাব নির্দেশিকায় বলা ছিল, এগুলোর জন্য কোনো সমীক্ষার দরকার নেই; তাই করাও হয়নি।

তাঁর মতে, সমীক্ষার অভাবেই সমস্যাগুলো হয়েছে। তবে প্রথম আলোকে তিনি বলেন, নদীর জীবনের ওপর ক্ষতিকর প্রভাবের কথা বিবেচনা করে ২০০৫ সাল থেকে তাঁরা ১০০ মিটারের চেয়ে ছোট সেতুর ক্ষেত্রেও সমীক্ষা করে নিচ্ছেন।

সেতু ডিজাইন শাখার একজন নির্বাহী প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ১৯৬০ বা সত্তরের দশকে আর্থিক ও কারিগরি সক্ষমতার অভাবে ১২ মিটার দৈর্ঘ্যের সেতু করা হতো। ভৈরব নদে আশির দশক পর্যন্ত দুই ডজনের বেশি এমন সেতু হয়েছে।

ভৈরব নদের মাঝবরাবর আড়াআড়ি মাটির বাঁধ দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। বাঁধের দুই প্রান্তে নির্মাণ করা হয়েছে দুটি কালভার্ট। এটি বিজয়নগর মধ্যপাড়া কালভার্ট-১। নির্মাতা ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়, সাল ১৯৭৩। ১৭ অক্টোবর, যশোর সদর উপজেলার বিজয়নগর এলাকায়
ভৈরব নদের মাঝবরাবর আড়াআড়ি মাটির বাঁধ দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। বাঁধের দুই প্রান্তে নির্মাণ করা হয়েছে দুটি কালভার্ট। এটি বিজয়নগর মধ্যপাড়া কালভার্ট-১। নির্মাতা ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়, সাল ১৯৭৩। ১৭ অক্টোবর, যশোর সদর উপজেলার বিজয়নগর এলাকায়ছবি: মাসুদ আলম

এলজিইডির এই প্রকৌশলী বলেন, ২০০৩ সাল থেকে তাঁরা নদীর প্রস্থকে বিবেচনায় নিয়ে মানসম্মত নকশার (স্ট্যান্ডার্ড ডিজাইন) সেতু নির্মাণ শুরু করেছেন। ২০১২ সালে এর একটি নির্দেশিকাও তৈরি করা হয়েছে। সেখানে নদীকে ক্ষতিগ্রস্ত না করার বিশদ নির্দেশনা দেওয়া আছে।

বাপাউবোর সদ্য সাবেক মহাপরিচালক মো. এনায়েত উল্লাহও সমীক্ষাকে গুরুত্ব দিচ্ছেন। তিনি বলছেন, অনেক ক্ষেত্রে আগে ভৌত মডেলও তৈরি করা দরকার। তবে কখনো হয়তো পরে পরিস্থিতি পাল্টে গিয়ে সমস্যা হয়। আবার ভুল নকশার সেতুও আছে।

এনায়েত উল্লাহ বলছেন, নদীর ওপর সেতু করার আগে পানি উন্নয়ন বোর্ডের মতামত নেওয়ার আইনি বাধ্যবাধকতা থাকা জরুরি। সেতু নির্মাতারা নিয়ম মানছেন কি না, সে তথ্য বাপাউবোর কাছে নেই।

যেকোনো সেতু নির্মাণের আগে প্রাথমিক পরিবেশগত সমীক্ষা করতে হয়। সমীক্ষার ফল অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা। কিন্তু পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র শাখার একটি সূত্র প্রথম আলোকে বলেছে, অধিকাংশ সময় কোনো সমীক্ষাই করা হয় না। তবে সূত্রটি সুনির্দিষ্ট হিসাব দিতে পারেনি।

এদিকে এলজিইডির শেখ মো. আবু জাকির সেকান্দর প্রথম আলোকে বলেন, ‘কিছু কিছু নিচু সেতু হয়েছে, সেটা আমি স্বীকার করছি। তবে বিআইডব্লিউটিএ যদি শুরু থেকে সক্রিয় থাকত, তাহলে এ ধরনের সেতু হতো না।’

আর বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালন) ক্যাপ্টেন মো. শাহজাহান বলেন, কোন নদীতে কত উঁচু সেতু হবে, সে বিষয়ে সরকার প্রথম বিধিমালা জারি করে ২০১০ সালে। তিনি বলেন, ‘এর আগে সেতুর উচ্চতা বিষয়ে আমাদের করণীয় কিছু ছিল না।’

এখন এসেছে সংশোধিত অভ্যন্তরীণ নৌপথে স্থাপনা নির্মাণ বিধিমালা, ২০২৬। শাহজাহান বলছেন, এখন তাঁরা নদীর শ্রেণি ধরে উচ্চতা ঠিক করে দিচ্ছেন। তবে নাব্যতা হারিয়ে ফেলা নদ-নদীর ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়।

চাই শক্তিশালী হেফাজতকারী

নানা পক্ষের নানা রকম কথাবার্তা বলছে, শুভংকরের ফাঁকিটা হচ্ছে দরদ, দায়িত্ব, নজরদারি আর জবাবদিহিতে। আইন, বিধি, নিয়ম অনেক আছে। কিন্তু সেগুলো কি আসলেই মানা হচ্ছে? কে তার নজরদারি করে?

 

হাইকোর্টের একটি রায়ের আদেশ অনুসারে সরকার একটি আইনের ভিত্তিতে ২০১৪ সালে জাতীয় নদী রক্ষা কমিশন গঠন করেছে। নদীর প্রবাহ, নদীর জীবন, নৌপথসহ নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে কমিশন।

২০২৫ সালের ২৮ মে নদী কমিশন বাপাউবো ও এলজিইডিসহ কয়েকটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে একটি কর্মশালা করে। লক্ষ্য ছিল, নদ-নদী, খাল-বিলসহ অন্যান্য জলাশয়ের পানিপ্রবাহকে বাধাগ্রস্ত করা অবকাঠামোগুলোর বিষয়ে সচেতনতা তৈরি করা।

কর্মশালার সুপারিশগুলোর মধ্যে আছে নদীর নাব্যতা ও নৌ চলাচল বাধাহীন রাখতে নিচু আর ছোট সেতু নির্মাণ করা যাবে না। সেতুর দৈর্ঘ্য নদীর তীর থেকে তীর পর্যন্ত হতে হবে। এ ছাড়া একই এলাকায় খামোখা একাধিক সেতু করা যাবে না।

সুপারিশে সব রকম অবকাঠামোর কথা আছে। আছে প্রাসঙ্গিক ছাড়পত্র, সমীক্ষা আর ক্ষতির প্রতিকারের কথা। প্রাধান্য পাবে নদীর স্বার্থ। গুরুত্ব পাবে জেলা নদী রক্ষা কমিটিকে জানানো এবং স্থানীয় মানুষজনের মতামত নেওয়া।

আরও আছে নদী কমিশনের কাছ থেকে অনাপত্তিপত্র গ্রহণের সুপারিশ। নদী রক্ষা আইন অনুযায়ী কমিশন কেবল সুপারিশ করতে পারে। সুপারিশ মানতে কেউ আইনত বাধ্য নয়। কমিশনের একাধিক সদস্য প্রথম আলোকে বলেছেন, সুপারিশগুলো কেউ মানে না।

কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান হাওলাদার প্রথম আলোকে বলছেন, নদী রক্ষার জন্য প্রণীত আইন এবং উচ্চ আদালতের রায় প্রয়োগে সরকারের কোনো আগ্রহ নেই। তাঁর কথা, নদীর ক্ষতির দায় সরকারকে নিতে হবে।

মুজিবর রহমান হাওলাদার বলেন, এখন নদীকে বাঁচাতে হলে মন্ত্রিপরিষদ থেকে উদ্যোগ নিতে হবে। জেলা প্রশাসকদের দিয়ে নদীর সীমানা নির্ধারণ করে সেটা যেন দখল না হয়, সেটার তদারকি করতে হবে। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মামলা করতে হবে, শাস্তি দিতে হবে।

মুজিবর রহমান হাওলাদারের শেষ কথা, সরকারের সদিচ্ছা না থাকলে দেশে কখনো নদী রক্ষা হবে না।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কাষ্টভাঙা ইউনিয়নে ভৈরব নদের ওপর নির্মিত নিত্যানন্দীর সেতু। নির্মাতা ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়, সাল ২০২২। ১ সেপ্টেম্বর, সেতু এলাকায়
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কাষ্টভাঙা ইউনিয়নে ভৈরব নদের ওপর নির্মিত নিত্যানন্দীর সেতু। নির্মাতা ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়, সাল ২০২২। ১ সেপ্টেম্বর, সেতু এলাকায়ছবি: মাসুদ আলম

ভৈরবতীরের বাসিন্দা ৫৭ বছর বয়সী সন্ধ্যা রানী সরকারের চাহিদাটা অবশ্য সরল। যশোরের বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা গ্রামের এই নারী প্রথম আলোর যশোর প্রতিনিধিকে বলেন, ‘২৫ বছর বয়সে বিয়ে হয়েছে। সেই থেকে ভৈরবে স্নান করি, জল ব্যবহার করি।’

সন্ধ্যা রানী বলেন, সম্প্রতি খননের পর নদ কিছুটা বড় হয়েছে, স্রোতও একটু বেড়েছে। তবে ‘বাড়ির পাশের ব্রিজটি ছ্যাও (নিচু) আর ছোট। ব্রিজটি বড় হলে নদটি আরও সচল হতো।’