Image description

রংপুরের তারাগঞ্জে বাসভাড়া নিয়ে বিরোধের পর দুই যাত্রীর মৃত্যুর ঘটনায় নতুন প্রশ্ন তৈরি হয়েছে। তাদের চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল, নাকি বাস থেকে নেমে সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে—তা নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। ঘটনার পর এক যাত্রী তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ করলেও পরে পুলিশের কাছে দেওয়া বক্তব্যে সেই দাবি থেকে সরে এসেছেন।

নিহত দুজন হলেন- নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার মুকুল হোসেন (২৮) ও শাকিব বসুনিয়া (২২)। তারা নির্মাণশ্রমিক ছিলেন। গত শনিবার রাতে কুমিল্লা থেকে নীলফামারীগামী সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন তারা। রোববার সকাল সোয়া আটটার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুকুলের বাবা মোহবুবার সরকার ওরফে কালু মিয়া বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় বাসচালক আজির হোসেন ওরফে জয়নাল এবং সহকারী শফিক ইসলাম ওরফে বুজুর আলীকে আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি করা হয়েছে সড়ক দুর্ঘটনা আইনে।

বদলে গেল প্রত্যক্ষদর্শীর বক্তব্য
ঘটনার পর আতিকুল ইসলাম নামের এক যাত্রী অভিযোগ করেছিলেন, তার কাছে তিন লাখ টাকা ছিল। বাসের সহকারী সেই টাকা নেওয়ার জন্য তাকে আটকে রাখেন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে মুকুল ও শাকিবকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়।

তবে পরে পুলিশকে দেওয়া বক্তব্যে আতিকুল ভিন্ন তথ্য দিয়েছেন। তার ভাষ্য, তারাগঞ্জ বাসস্ট্যান্ডে তাদের নামার কথা ছিল। কিন্তু সেখানে না নামিয়ে বাসটি প্রায় দুই কিলোমিটার দূরে জিগাতলায় গিয়ে গতি কমালে মুকুল ও শাকিব নেমে পড়েন। তিনি তখনো বাসের ভেতরে ছিলেন। পরে বাসটি দ্রুত চলে গেলে সামনে থাকা মুকুল ও শাকিব দুর্ঘটনার শিকার হন।

তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগের বিষয়ে আতিকুল পুলিশকে বলেন, দুর্ঘটনার পর রক্ত দেখে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তখন উপস্থিত কয়েকজনের কথায় টাকা খোয়া যাওয়ার কথা বলেছিলেন। টাকা পাওয়ার আশায় তিনি মিথ্যা অভিযোগ করেছিলেন বলেও জানান। তদন্ত কর্মকর্তা তার এই বক্তব্য ভিডিও ধারণ করেছেন।

ভাড়া নিয়ে বিরোধ কত টাকার?
চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা জানিয়েছেন, বাসভাড়া নিয়ে প্রায় ২০০ টাকা কমবেশি হওয়া থেকে চালক ও সহকারীর সঙ্গে মুকুল, শাকিব ও আতিকুলের কথা-কাটাকাটি হয়েছিল। নিহত দুজনের পরিবার ভূমিহীন ও দিনমজুর। তারা কুমিল্লায় রাজমিস্ত্রির কাজ করতেন। তাদের কাছে তিন লাখ টাকা থাকার যে অভিযোগ উঠেছিল, তারও কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।

মুকুলের চাচাতো ভাই আবু সাঈদ বলেন, সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় মুকুল ও শাকিবের মৃত্যু হয়েছে। মামলায় পুলিশ বা অন্য কেউ প্রভাব বিস্তার করেনি বলেও দাবি করেন তিনি।

ঘটনার পর তারাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে সড়কের পাশে পড়ে থাকতে দেখেন। ফায়ার ফাইটার বেনজির আহমেদ জানান, সেখানে সড়ক দুর্ঘটনার কোনো আলামত তারা পাননি। স্থানীয় লোকজন তাদের জানিয়েছিলেন, দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।

অন্যদিকে, আতিকুলের পরবর্তী বক্তব্যে বাস থেকে নামার পর সড়কে দুর্ঘটনার শিকার হওয়ার কথা উঠে এসেছে। ফলে বাসের ভেতরে ঠিক কী ঘটেছিল, মুকুল ও শাকিব কীভাবে বাস থেকে নেমেছিলেন এবং বাসটি তাদের ধাক্কা দিয়েছিল কিনা—এসব বিষয় স্পষ্ট নয়। 

ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করেন। চালক ও সহকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদের কাছ থেকে কোনো টাকা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন জানিয়েছেন, বিষয়টি তদন্ত করছে হাইওয়ে পুলিশ। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।