Image description
ঢাকার দক্ষিণখান থানার একটি হত্যা মামলার আসামি কাউসার মিয়া। কাশিমপুর কারাগার থেকে গত ১০ নভেম্বর তাকে ঢাকার আদালতে আনা হয় হাজিরা দওয়ার উদ্দেশ্যে। কিন্তু আদালতের এজলাস থেকে হাজতে নেয়ার সময় সে কৌশলে পালিয়ে যায়।
 
যদিও দুদিন পরেই তাকে নেত্রকোনা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এটিই একমাত্র ঘটনা নয়। ৬ অক্টোবর আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে যায় আসামি শরিফুল। আর ২৭ সেপ্টেম্বর আদালত থেকে কারাগারে যাওয়ার পথে প্রিজন ভ্যান থেকে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পিচ্চি রাজার পলায়নের ঘটনায় দেশজুড়ে ওঠে সমালোচনার ঝড়। পুলিশের প্রসিকিউশন বিভাগের তথ্যমতে, গত ৬ বছরে ঢাকার আদালত থেকে আট আসামি পলায়নের ঘটনা ঘটেছে।
 
তবে ঢাকার আদালতে প্রতিদিন ছয়শরও বেশি আসামিকে কারাগার থেকে আনা হয়। আর মামলার খোঁজখবর নিতে আদালতে আসেন হাজারও মানুষ।
 
আদালতের মতো জনারণ্যে আসামিদের আনা-নেয়ায় যে পরিমাণ নিরাপত্তাব্যবস্থা সাধারণভাবে থাকার কথা, ঢাকার আদালতে তা অপ্রতুল। হাজতখানা থেকে বিভিন্ন আদালতে আসা-যাওয়ার পথে নেই পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাও।
 
এ অবস্থায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী বলেন, আসামি আনা-নেওয়ার ক্ষেত্রে পুলিশকে আরও সতর্ক থাকতে হবে।
 
তিনি আরও বলেন, ‘আসামিদের যারা নিয়ে আসেন, তাদের সঙ্গে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য থাকা প্রয়োজন। দ্বিতীয়ত, যেসব পুলিশ কর্মকর্তা বা সদস্য চৌকস, তাঁদেরই এই দায়িত্ব দেওয়া উচিত।’
 
প্রসিকিউশন পুলিশের মতে, তাদের জনবলের অধিকাংশই ভিআইপি আসামি আনা-নেয়ায় ব্যস্ত থাকে। তাই সাধারণ আসামিদের নিরাপত্তা কার্যক্রমে খুব অল্পসংখ্যক পুলিশকেই দায়িত্ব পালন করতে হয়। পুলিশের জনবল না বাড়ানো হলে এই ঘাটতি থেকেই যাবে বলে জানান পুলিশ কর্মকর্তা।
 
এদিকে প্রসিকিউশনের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, ‘১০০ থেকে ১১০ জন পুলিশ সদস্য ৫০০ থেকে ৬০০ জন আসামিকে বিভিন্ন আদালতে আনা-নেয়ার দায়িত্ব পালন করেন। এ কারণে জনবল সংকট একটি তীব্র পরিস্থিতির সৃষ্টি করেছে। আসামি পালানোর ঘটনার পুনরাবৃত্তি রোধে ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি। এ জন্য একটি দক্ষ টিম গঠন করেছি। এই টিমের মাধ্যমে গুরুত্বপূর্ণ আসামিদের আদালতে আনা-নেয়ার কাজ শুরু হয়েছে।’
 
তবে এত সীমাবদ্ধতার বাইরেও আদালত চত্বরে কোনো কোনো পুলিশ সদস্য বিশেষ সুবিধা নিয়ে আসামিদের অনৈতিক সুবিধা দিচ্ছেন—এমন অভিযোগও আছে। হাজতখানা বা প্রিজন ভ্যান থেকে স্বজনদের সঙ্গে কথা বলা বা মুঠোফোনে কথা বলার সুযোগ দেওয়ার উদাহরণ হরহামেশাই দেখা যায়।