Image description

কাজের জন্য মালয়েশিয়া যেতে সরকারি অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এই তথ্য জানান।

 

তিনি বলেন, ‘অভিবাসন সংশ্লিষ্টদের পক্ষ থেকে সর্বোচ্চ ২ থেকে ৩ লাখ টাকা ব্যয়ের কথা বলা হচ্ছে। তবে সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে এক কর্মীর খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। নির্ধারিত সীমার মধ্যে খরচ থাকলে কর্মীদের ভোগান্তিতে পড়তে হতো না।’

 

এছাড়া সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এই উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ কর্মী নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে প্রতিষ্ঠানটি।

 

এছাড়া মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ কর্মী নিয়োগের আনুষ্ঠানিক চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।