Image description

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের ওই বাড়িতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অনেক পুরনো হওয়ায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পুতিবার সংসদ অধিবেশনে তিনি বলেছেন, ‘পরিত্যক্ত ওই বাড়িতে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি।’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। একই সঙ্গে হামলার ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম বলেছেন, ‘বাচ্চাসহ ৬/৭ জন মানুষ, একাধিক গবাদিপশুর বসবাসসহ একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পেট্রোলের পোড়া গন্ধে ভরা একটা ধ্বংসস্তূপকে বলে দিলেন শর্ট সার্কিটের ফলাফল।’

 

‘আসলে কয়েক কোটির রাজকীয় ফ্ল্যাট না থাকলে আর কারও বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতেই পারে। সবাই তো আর দেশান্তরে থেকেও কয়েকগুণ সম্পত্তি বাড়িয়ে ফেলতে পারে না’, ফেসবুক পোস্টে লিখেছেন এ সংসদ সদস্য।

 

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কোনো জবাব প্রত্যাশা না করলেও বিএনপির সমর্থকদের উদ্দেশে প্রশ্ন তুলেছেন নুসরাত তাবাসসুম। বলেছেন, ‘যাই হোক, এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না। কিন্তু আমার লিস্টের সম্মানিত বিএনপি সমর্থক সহনাগরিকগণ, আপনাদের কাছে জানতে চাই, আমার বিশ্বাস এই হামলা লীগের কুকুররা করেছে। সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন?’

নিজের বাড়িকে পরিত্যক্ত বলার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, ‘৭ জন মানুষ ঘুমিয়ে থাকা বাড়ি যদি পরিত্যক্ত হয়, তাহলে ঢাবি এফবিএস, ফার্মগেটের বাস কিংবা কমলাপুর রেলস্টেশনও কি পরিত্যক্ত?’

 

 

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনা নিয়ে বক্তব্য দেন।

মন্ত্রী জানান, সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে অবস্থিত বাড়িটির একটি টিনশেড আধাপাকা ঘরে আগুন লাগে। ঘরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও জনশূন্য ছিল। এর প্রায় ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে নুসরাত তাবাসসুমের বাবা-মা বসবাস করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর বলেছেন, ‘ওই টিনশেড ঘরে (নুসরাত তাবাসসুমের) কেউ বসবাস করতেন না। সেখানে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম, কাপড়চোপড় ও দুটি ছাগল ছিল। আগুনে ছাগল দুটি মারা যায়।’

ঘটনার পর প্রশাসনের নেওয়া পদক্ষেপের বিবরণ দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস স্টেশন থেকে গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবির একটি দল। এ ছাড়া বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপারকেও ঘটনাস্থলে পাঠানো হয়।’

 

সংসদে বিজিবির প্রাথমিক প্রতিবেদন তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঘটনাস্থলের আলামত, স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে পেট্রোল বোমা ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সেখানে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি। বাড়ির দেয়ালেও পেট্রোল বোমার চিহ্ন মেলেনি। এমনকি কোনো প্রত্যক্ষদর্শীও এ ধরনের তথ্য দেননি।’

 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ‘ঘটনাস্থলের দেয়ালসহ বিভিন্ন স্থানের ছবি এবং অডিও-ভিডিও সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া আলামত পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরনো হওয়ায় এর বৈদ্যুতিক সংযোগ দুর্বল ছিল। এ কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এটি প্রাথমিক ধারণা, চূড়ান্ত তদন্তের আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।’

‘এখানে যদি আগুন লাগানোর ঘটনা ঘটে থাকে, তাহল সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। তবে যদি আগুন লেগে থাকে, তার জন্য সরকারকে দোষারোপ করা সমীচীন নয়’, যোগ করেন তিনি।

তদন্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বললেন, ‘এখানে যদি ফ্যাসিবাদী কেউ জড়িত থেকে থাকে, সেটাও তদন্তে বেরিয়ে আসবে। আমরা আগের আমলের মতো কাউকে দোষারোপ করতে চাই না। আইনের শাসন যদি আমরা মানি, তদন্ত শেষ হলেই আমরা কথা বলতে পারব।’