Image description

ঢাকার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে শতাধিক তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় তাহারাত কম্পোজিট লিমিটেড কারখানায় বহিরাগত আন্দোলনকারীরা জোর করে ছুটি ঘোষণার চাপ সৃষ্টি করেন। এ সময় কারখানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় এক শ্রমিক আহত হয়েছেন। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শুক্রবার ছুটির দিন হওয়ায় বৃহস্পতিবার দুপুরে খাবার বিরতির পর শ্রমিকরা কাজে যোগ দেননি। এ কারণে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। বৃহিস্পতিবার বিকেল পর্যন্ত সব মিলিয়ে শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।’