শিল্প মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রায়ত্ত ৫৫টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে বর্তমানে মাত্র পাঁচটি লাভজনক অবস্থায় রয়েছে। অন্যদিকে, দেশজুড়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ৩৮১টি কারখানা রুগ্ণ বা বন্ধ রয়েছে।
সংসদে এসব তথ্য জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী জানান, বিসিকের দেশব্যাপী ৮৪টি শিল্পনগরীতে ১১ হাজার ৭৪৮টি শিল্পপ্লটে বেসরকারি উদ্যোক্তারা ৬ হাজার ৩৪৪টি কারখানা স্থাপন করেছেন। এর মধ্যে ৩৮১টি কারখানা রুগ্ণ বা বন্ধ রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত ২২টি কারখানা পুনরায় চালু করা হয়েছে।
ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শ্যামপুর শিল্পাঞ্চলের বিসিক শিল্পনগরীর বাইরের কারখানাগুলোর তথ্য বিসিকের কাছে নেই। তবে সেখানে শিল্প মন্ত্রণালয়ের মালিকানাধীন বিসিআইসিসংশ্লিষ্ট দুটি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। দুটি প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে।
অন্যদিকে, যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলীর প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর লোকসান কমিয়ে উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীন প্রতিষ্ঠানগুলোর উৎপাদিত পণ্য সরকারি দপ্তর ও সংস্থার মাধ্যমে ডিপিএম পদ্ধতিতে কেনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইলেকট্রিক মোটরসাইকেল ও স্কুটার বাজারজাতকরণ এবং বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ বিনিয়োগে কারখানা পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ন্যাশনাল টিউবস লিমিটেডে ৬০০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং ইস্টার্ন কেবলস লিমিটেডে এক্সএলপিই কেবল উৎপাদনের নতুন লাইন স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
মন্ত্রী জানান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের লোকসানি ও বন্ধ প্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বাড়াতে আর্থিক ব্যবস্থাপনা, ব্যয় নিয়ন্ত্রণ, নিয়মিত বাজেট প্রণয়ন ও নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। চিনিকলগুলোর আধুনিকায়নে পর্যায়ক্রমে বিএমআর কর্মসূচি বাস্তবায়ন, ডিজিটাল পদ্ধতিতে আখ কেনা এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চিনিকলভিত্তিক ডিস্টিলারি, জৈব সার ও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমিতে নতুন শিল্পকারখানা স্থাপনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের (এএফসিসিএল) অব্যবহৃত ১৯৭ একর জমিতে যৌথ উদ্যোগে প্রিমিয়াম ফ্লোট গ্লাস, সোলার গ্লাস ও সোলার প্যানেল কারখানা স্থাপনের প্রস্তাব রয়েছে। এ প্রকল্পের প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে।
একই প্রতিষ্ঠানের জমিতে বার্ষিক আট লাখ মেট্রিক টন উৎপাদনক্ষমতার এমওপি সার এবং ১৫ হাজার মেট্রিক টন উৎপাদনক্ষমতার কীটনাশক ও জৈব কীটনাশক কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। বন্ধ উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির জায়গায় পরিবেশবান্ধব প্রযুক্তিতে গ্লাস বা কনটেইনার গ্লাস কারখানা স্থাপনের প্রস্তাব করা হয়েছে। এ প্রকল্পের প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষাও সম্পন্ন হয়েছে।
এ ছাড়া টিএসপি কমপ্লেক্স লিমিটেডের অব্যবহৃত ১৫ একর জমিতে বছরে চার লাখ মেট্রিক টন উৎপাদনক্ষমতার নতুন টিএসপি সার কারখানা স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা চলছে বলেও জানান মন্ত্রী। ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসির অব্যবহৃত জমিতে ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ এবং পরিবেশবান্ধব প্রযুক্তিতে ডব্লিউপিপি ব্যাগ কারখানা স্থাপনের প্রস্তাব রয়েছে।
রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর লোকসান কমানো, উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো এবং অব্যবহৃত সম্পদের অর্থনৈতিক ব্যবহার নিশ্চিত করতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান শিল্পমন্ত্রী।