দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে আবারও ছোট পর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল’। নতুন মৌসুম নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে ‘মীরাক্কেল ১১’-এর প্রচারঝলক। নতুন সিজনে প্রতিযোগী বাছাই থেকে শুরু করে অনুষ্ঠান আয়োজনেও থাকছে কিছু পরিবর্তন।
নতুন মৌসুমে অংশ নিতে আগ্রহীদের জন্য শুরু হচ্ছে অডিশন প্রক্রিয়া। পাঁচ বছর বয়সের বেশি যে কেউ নিজের বলা কৌতুকের ভিডিও ধারণ করে পাঠাতে পারবেন। ভিডিও জমা পড়ার পর সেখান থেকে প্রাথমিকভাবে প্রতিযোগী বাছাই করা হবে। নির্বাচিতদের নিয়েই শুরু হবে মূল পর্বের প্রতিযোগিতা।
ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে সম্প্রচার শুরু হতে পারে ‘মীরাক্কেল ১১’-এর। এর আগে জানুয়ারির শেষ দিকে শুটিং শুরুর সম্ভাবনা রয়েছে। তবে প্রতিযোগী নির্বাচনের প্রক্রিয়া এবং অন্যান্য প্রস্তুতির ওপর নির্ভর করছে চূড়ান্ত সময়সূচি।
নতুন মৌসুমে উপস্থাপনায় থাকছেন মীর আফসার আলী। অনুষ্ঠানটির পরিচালনায় রয়েছেন শুভঙ্কর চট্টোপাধ্যায়। তবে বিচারকের আসনে কাদের দেখা যাবে, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। আগের মৌসুমের পরিচিত বিচারক শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত ও পরাণ বন্দ্যোপাধ্যায় ফিরছেন কি না, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো বিচারক প্যানেলকে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন অনেক দর্শক।
২০২১ সালে সর্বশেষ প্রচারিত হয়েছিল ‘মীরাক্কেল’-এর দশম মৌসুম। এরপর দীর্ঘ বিরতিতে অনুষ্ঠানটির নতুন কোনো পর্ব আর দেখা যায়নি। একসময় মীরের সঞ্চালনা, প্রতিযোগীদের কৌতুক এবং বিচারকদের খুনসুটিতে জমে উঠত অনুষ্ঠানটি। ফলে এর প্রত্যাবর্তনের খবরে পুরোনো দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
তবে এবারের মৌসুমের সামনে কিছু চ্যালেঞ্জও রয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতীয় টেলিভিশন ও বিনোদন অনুষ্ঠান ঘিরে সেন্সরশিপ এবং সম্প্রচারবিধির নানা বিধিনিষেধ নিয়ে আলোচনা চলছে। কৌতুকনির্ভর অনুষ্ঠান হিসেবে নতুন মৌসুমে এসব বিষয় মাথায় রেখেই এগোতে হবে আয়োজকদের।
সব মিলিয়ে নতুন প্রতিযোগী, নতুন আয়োজন আর পুরোনো পরিচিত মুখদের ফেরার সম্ভাবনা- সবকিছু মিলিয়ে ‘মীরাক্কেল ১১’ নিয়ে দর্শকদের অপেক্ষা এখন থেকেই শুরু হয়েছে।