তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) ফাঁকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, নিরাপদ অভিবাসন এবং দুদেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের মতো বিষয়গুলো প্রাধান্য পায়।
বৈঠকে প্রধানমন্ত্রী মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে যুক্তরাজ্যের আরও জোরাল ও সক্রিয় কূটনৈতিক ভূমিকার আহ্বান জানান। এ দীর্ঘস্থায়ী সংকটের একটি টেকসই সমাধান বের করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কূটনৈতিক প্রচেষ্টা আরও বেগবান করার তাগিদ দেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ এমনিতেই একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ। গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি, সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও পরিবেশের ওপর মারাত্মক চাপ তৈরি হয়েছে। দ্রুত এ সংকটের সমাধান না হলে স্থানীয়দের কর্মসংস্থান ও জীবিকা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি পুরো অঞ্চলের নিরাপত্তাই চরম হুমকির মুখে পড়তে পারে বলে তিনি সতর্ক করেন।
এ ছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার ঐতিহাসিক ও বিদ্যমান সুসম্পর্কের কথা উল্লেখ করে বৈঠকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অর্থায়ন ও সহযোগিতা বৃদ্ধি, মানবিক সংকট নিরসন, অভিবাসন প্রক্রিয়া এবং দুদেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।