Image description
সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ব্যক্তিদের নিরাপত্তা দিতে সরকারের সক্ষমতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে সরকারের কাছে স্পষ্ট জবাব দাবি করেছেন নাহিদ।
 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।
 
সংসদে নাহিদ ইসলাম অভিযোগ করেন, বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে এনসিপি ও ১১ দলীয় ঐক্য মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। এতে বাড়িতে থাকা গবাদিপশু আগুনে পুড়ে মারা গেছে বলেও জানান তিনি।
 
ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ বলেন, রাত থেকেই তারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছেন। তিনি নিজেও কুষ্টিয়ার পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন। কিন্তু বৃহস্পতিবার সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি।
 
এ নিয়ে প্রশ্ন তুলে নাহিদ বলেন, ঘটনাস্থলে কোনো ফরেনসিক দল না যাওয়া এবং ফরেনসিক পরীক্ষা ছাড়াই ওসি কীভাবে পেট্রোল বোমা ব্যবহারের বিষয়টি নাকচ করলেন, তা তার বোধগম্য নয়।
 
দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি সারা দেশে নৈরাজ্য ও নাশকতা চালাচ্ছে। এসব ঘটনার প্রধান লক্ষ্য কারা, তা এখন স্পষ্ট। এর আগে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
 
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে উল্লেখ করে নাহিদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ককটেল বিস্ফোরণ হয়েছে।
 
স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে—এমনটা বলা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগের দিনও তিনি পরিসংখ্যান তুলে ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বলেছেন।
 
সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, সংসদ সদস্য থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। সরকার তাদের নিরাপত্তা দিতে না পারলে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
 
 
নাহিদ বলেন, ‘আমাদের মানবাধিকার না থাকলে এবং শত্রুর মানবাধিকার নিয়ে সরকারের বেশি উদ্বেগ থাকলে আমাদের নিজেদের পথ নিজেদেরই দেখে নিতে হবে।’
 
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তির প্রথম লক্ষ্যবস্তু তারা হলেও পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারেন সরকারে থাকা ব্যক্তিরা। তাদের পরিবারের সদস্যরা আক্রান্ত হলে মন্ত্রী-এমপিদের পরিবারও নিরাপদ থাকবে না বলে সতর্ক করেন তিনি। আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট শক্তির বিচারের প্রশ্নে সরকারের আপসকামী মনোভাবের অভিযোগ তুলে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যাও দাবি করেন এনসিপির আহ্বায়ক।
 
নাহিদ ইসলামের বক্তব্যের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রুলিংয়ে তিনি বলেন, বিরোধীদলীয় চিফ হুইপ যে বিষয়টি তুলেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা গুরুতর। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার।