কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। এ ঘটনায় ইতোমধ্যে যৌথ তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, একজন সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়া সবার জন্যই উদ্বেগের বিষয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদে ঘটনার বিবরণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৃহস্পতিবার রাত ১২টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। বাড়িটি সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে অবস্থিত।
যে টিনশেড আধাপাকা ঘরটিতে আগুন লাগে, সেটি থেকে প্রায় ২০ মিটার দূরে তিনতলা বাড়িতে থাকেন নুসরাতের বাবা-মা। টিনশেড ঘরটিতে কেউ বসবাস করতেন না। সেখানে দুটি ছাগল ও কিছু আসবাবপত্র ছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই পাশের থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ সুপার (এসপি) এবং বিজিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তদন্তের প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, স্থানীয় ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলা এবং ঘটনাস্থলের আলামত পর্যালোচনায় পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দের তথ্য পাওয়া যায়নি। দেয়ালেও পেট্রোল বোমা ব্যবহারের কোনো চিহ্ন মেলেনি। কোনো প্রত্যক্ষদর্শীও এ ধরনের তথ্য দেননি।
তিনি আরও বলেন, ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুরোনো বাড়িটির বৈদ্যুতিক তারের সংযোগ দুর্বল থাকায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিত্যক্ত বা কম ব্যবহৃত ওই ঘরে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় ছিল। আগুনে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া দুটি ছাগল মারা গেছে।
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জিডির ভিত্তিতে তদন্ত চালিয়ে যাচ্ছে। অগ্নিকাণ্ডের পেছনে কারও নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা পাওয়া গেলে এবং অধিকতর তদন্তে তা প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।