বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।
পরে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ তাকে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালত তাকে জামিনে মুক্তি দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিপন আহমদ আসামি রফিকুল ইসলাম সুন্দরের জামিন মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, রফিকুল ইসলাম ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ছাত্র সমন্বয়ক আবু হাসানের দায়েরকৃত মামলা ও সাম্প্রতিক একটি মারামারি মামলার আসামি। বুধবার (১১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে পাখিয়ালাস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম সুন্দরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে।