রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পরবর্তী তফসিল ঘোষণা ও সিনেটের কার্যক্রম সচলের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চার দিনের আল্টিমেটাম দিয়েছে রাবি সংস্কার আন্দোলন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন সংগঠনটির সহ-মুখপাত্র জান্নাতুল ফেরদৌস।
লিখিত বক্তব্যে জান্নাতুল ফেরদৌস বলেন, রাকসু নির্বাচন ও সিনেট কার্যকরের দাবিতে গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছিল রাবি সংস্কার আন্দোলন। এতে ১০ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের আল্টিমেটাম দেওয়া হয়েছিল।
তিনি বলেন, নির্ধারিত সময় পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। এ অবস্থায় প্রশাসনকে আগামী চার দিনের চূড়ান্ত সময়সীমা দেওয়া হচ্ছে।
জান্নাতুল ফেরদৌস বলেন, আগামী ১৬ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের পরবর্তী তফসিল ঘোষণা করতে হবে। একই সঙ্গে নির্বাচিত সিনেট প্রতিনিধিদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করে সিনেট অধিবেশন আহ্বান ও কার্যক্রম সচল করতে হবে। এ সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ না নিলে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে রাকসুর সাবেক জিএস সালাউদ্দিন আম্মার বলেন, রাকসু নির্বাচন আয়োজনে এখন আর কোনো বাধা নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্যের সিন্ডিকেটের অনুমোদন নিয়ে একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে। এরপর কমিশন স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে এখন এমন কোনো অস্থিতিশীল পরিস্থিতি নেই, যার কারণে নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। ডাকসু নির্বাচনের মতো পরিস্থিতিও এখানে নেই। বর্তমানে ক্যাম্পাসে শান্ত ও স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। এ পরিবেশ বজায় থাকতেই ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। কোনো ধরনের ‘যদি-কিন্তু’ ছাড়াই রাকসু নির্বাচন দিতে হবে।
সংবাদ সম্মেলনে রাবি সংস্কার আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা রাকসু নির্বাচন আদায়ে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে এগিয়ে আসার আহ্বান জানান।