একই কলেজে পড়াশোনার সুবাদে ঘনিষ্ঠতা, সেখান থেকে বন্ধুত্ব। একসঙ্গে লেখাপড়ার পাশাপাশি পরিবারের সচ্ছলতার জন্য চাকরি খুঁজছিলেন তারা। চাকরির জন্য আবেদনও করেছিলেন একসঙ্গে। লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অবশেষে চূড়ান্তভাবে মনোনীত হওয়ার বার্তা পেয়েছেন চার বন্ধু।
তারা হলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রায়পুর গ্রামের আর্শাদ মিয়ার ছেলে আকাশ মিয়া ও একই গ্রামের মিল্লাদ মিয়ার ছেলে জয় মিয়া। অন্য দুজন হলেন সেলবরষ ইউনিয়নের সলপ গ্রামের রমজান আলীর ছেলে মিনহাজ আলী এবং একই ইউনিয়নের বীর উত্তর গ্রামের নূরুল হকের ছেলে হিরু মিয়া।
দীর্ঘদিন একসঙ্গে লেখাপড়া, চলাফেরা ও স্বপ্ন দেখার পর এবার বাংলাদেশ আনসার বাহিনীতে চাকরি পেয়েছেন চার বন্ধু। তাদের এ সাফল্যে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
জানা যায়, বাংলাদেশ আনসার বাহিনীতে যোগদানের জন্য গত ২৭ অক্টোবর কুমিল্লার শহীদ ধীরেন্দ্র দত্ত স্টেডিয়ামে চার বন্ধু বিভিন্ন পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার ফলাফল পরবর্তী সময়ে জানানো হবে বলে তাদের জানানো হয়েছিল। অবশেষে বুধবার (১১ নভেম্বর) রাতে চার বন্ধু চূড়ান্তভাবে মনোনীত হওয়ার বার্তা পান। আগামী ১৪ নভেম্বর গাজীপুরে প্রশিক্ষণে যোগ দেবেন তারা।
জানা যায়, চার বন্ধু ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে আকাশ মিয়া ও মিনহাজ আলী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অন্য দুজন একটি করে বিষয়ে অকৃতকার্য হয়েছেন। দুই বন্ধু স্নাতক পর্যায়ে ভর্তি না হয়ে এবং অন্য দুই বন্ধু অকৃতকার্য হওয়া বিষয়ে পুনরায় পরীক্ষা না দিয়েই একসঙ্গে আনসার বাহিনীতে যোগ দিতে যাচ্ছেন।
রায়পুর গ্রামের আকাশ মিয়া বলেন, আমরা কৃষিজীবী পরিবারের সন্তান। চার বন্ধু একসঙ্গে লেখাপড়ার পাশাপাশি পরিবারের সচ্ছলতার জন্য কিছু করার স্বপ্ন দেখতাম। আনসার পদে যোগদানের জন্য সব পরীক্ষায় অংশ নিয়ে আমরা উত্তীর্ণ হয়েছি। গত বুধবার রাতে আমাদের চারজনেরই যোগদানের বার্তা এসেছে। আগামী ১৪ তারিখ আমরা প্রশিক্ষণে যাব। আমরা সবার দোয়া প্রার্থী।
বীর উত্তর গ্রামের হিরু মিয়া বলেন, আমি পরিবারের সবার ছোট। আমার পরিবারের সবাই কৃষিকাজের সঙ্গে জড়িত। লেখাপড়ার শুরু থেকেই স্বপ্ন ছিল একটি চাকরি করে পরিবারের পাশে দাঁড়াব। আনসারে যোগদানের জন্য সব পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছি। তিন বন্ধুর সঙ্গে আগামী ১৪ তারিখ গাজীপুরে প্রশিক্ষণে যোগ দেব। পরে সুযোগ থাকলে লেখাপড়া করব। চার বন্ধু একসঙ্গে আনসার বাহিনীতে যোগ দিতে পারায় আমরা সবাই খুশি।